হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বাংলাদেশের নদী ব্যবস্থায় অতি সূক্ষ্ম দূষণকারী পদার্থ” শীর্ষক সেমিনার
ক্যাম্পাস
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৭ নভেম্বর) একাডেমিক ভবন-১ এর কনফারেন্স রুমে কৃষি অনুষদ কর্তৃক আয়োজিত “বাংলাদেশের নদী ব্যবস্থায় অতি সূক্ষ্ম দূষণকারী পদার্থ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জার্কার বার্গলুন্ড ফিক এবং সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাউরেস এর পরিচালক, অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান। সেমিনারে প্রযুক্তিগত বিষয়ক বক্তব্য প্রদান করেন ড. আব্দুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের নদীসমূহের স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ মোকাবেলার চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করাই ছিল সেমিনারের মূল লক্ষ্য। উক্ত সেমিনারে বাংলাদেশের নদী ব্যবস্থার মধ্যে ক্ষুদ্র দূষণকারী পদার্থের উৎস, প্রভাব এবং ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে গভীরতর ধারণা তৈরি করতে এবং টেকসই ও স্থিতিস্থাপক কৃষি উন্নয়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারে বক্তারা বাংলাদেশের নদীগুলোতে বিদ্যমান মাইক্রোপ্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল বর্জ্য ও অন্যান্য ক্ষুদ্র দূষণকারী পদার্থের উৎস, প্রকৃতি এবং জীববৈচিত্রের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরেন। নদী দূষণের কারণে জলজ প্রাণী ও মানব স্বাস্থ্যের উপর কী ধরনের ক্ষতিসাধন হচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়। উক্ত সেমিনারে “বাংলাদেশের নদী ব্যবস্থায় অতি সূক্ষ্ম দূষণকারী পদার্থ” বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: শাকির আহম্মেদ।
সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে, বাংলাদেশের নদী ব্যবস্থায় অতি সূক্ষ্ম দূষণকারী পদার্থ মানবজীবনের জন্য অত্যন্ত ক্ষতিকারক যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরুপ। এছাড়াও তিনি নদী দূষণ রোধে গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং কৃষিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান বের করার জন্য গবেষকদের প্রতি আহবান জানান। সেমিনারে বক্তারা আরও বলেন, নদী দূষণ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ, আধুনিক বর্জ্য পরিশোধন প্রযুক্তির ব্যবহার এবং কৃষক ও শিল্প-উদ্যোক্তাদের প্রশিক্ষণ অপরিহার্য। সেমিনারে আয়োজক কমিটির সদস্য সচিব ও বহিরাঙ্গন বিভাগের ভারপ্রাপ্ত সহযোগী পরিচালক ড. মো: আবু বকর সিদ্দীক সকলকে ধন্যবাদ জানান এবং পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।












