পদ্মায় মিলল বিলুপ্তপ্রায় ঢাই মাছ, বিক্রি ২১ হাজার টাকা!
মৎস্য
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে সাত কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাই মাছ ধরা পড়েছে। কেজি দুই হাজার ৮০০ টাকা মাছটি বিক্রি করা হয়েছে ২১ হাজার টাকায়। নদীতে বিলুপ্ত হওয়া এতবড় ঢাই মাছ এক নজর দেখার জন্য উৎসুক জনতা ফেরিঘাটে ভিড় করেন।
আজ বৃহস্পতিবার(৩ জুন) ভোরে জেলে নুরুল হালদারের জালে ওই ঢাই মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশের আড়তে মাছটি আনা হলে জেলে নুরুল হালদারের কাছ থেকে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট সাজাহান।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট সাজাহান বলেন, ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনলেও বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে দুই হাজার ৯০০ টাকা কেজি দরে মোবাইল ফোনে বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল যুগান্তরকে জানান, পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। তবে বিলুপ্তপ্রায় এত বড় ঢাই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না ।












