৩:৫৯ পূর্বাহ্ন

রবিবার, ৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : এপ্রিল ৩, ২০২১ ৬:৪৮ অপরাহ্ন
বাকৃবি‘র গবেষণা: আমন-বোরোর মাঝে শিম জাতীয় ফসল চাষে লাভবান হবে কৃষক
কৃষি গবেষনা

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রচলিত দ্বি-ফসলি আমন-বোরোকে তিন ফসলি করা ও আবাদকৃত জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

শনিবার (৩এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে গবেষকগণ এসব জানান।

গবেষকদল তিন বছরের গবেষণায় দেখেছেন, স্বল্পকালীন আগাম রোপা আমন (যেমন বিনাধান-৭) এবং নাবী বোরো ধান (যেমন বিনাধান-১৪) চাষ করে আমন-বোরোর মাঝের পতিত সময়কাল বাড়িয়ে ৭০-১০০ দিন করা সম্ভব। এই সময়ে সবজি হিসেবে খাওয়া যায় এমন শিম জাতীয় ফসল যেমন মটরশুটি, লিগনোসাস শিম, ঝাড় শিম, ফেলন, সয়াবিন এবং মুগ আবাদ করা সম্ভব। এতে করে দ্বি-ফসলি জমি থেকে তিন ফসল পাওয়া যায়।

সম্মেলনে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষণা কার্যক্রমের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান গবেষক অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির এবং সহযোগী গবেষক ড. মো. নেছার উদ্দীন।

এসময় গবেষকেরা বলেন, বাংলাদেশে প্রচলিত ফসলগুলোর মধ্যে দ্বি-ফসলি আমন-বোরো অন্যতম। দেশের মোট আবাদযোগ্য জমির শতকরা প্রায় ২২ ভাগ আসে এখান থেকে। আমন ও বোরোর মধ্যবর্তী সময় কম। যার ব্যাপ্তি ৬০ দিনেরও কম। আমন ও বোরোর মধ্যবর্তী স্বল্প সময়ে প্রচলিত অন্য কোনো ফসল চাষের জন্য যথেষ্ট নয়। এসময় কৃষকরা জমি পতিত রাখেন। কিন্তু স্বল্পকালীন আগাম রোপা আমন এবং নাবী বোরো ধান চাষ করে দ্বি-ফসলি জমি থেকে তিন ফসল পাওয়া সম্ভব।

শিম জাতীয় গাছগুলো থেকে বীজ সংগ্রহ করে গাছগুলোর অবশিষ্ট অংশ জমিতে সবুজ সার হিসেবে ব্যবহার করা যায়। এতে জমির জৈব উপাদান ও পুষ্টিগুন বেড়ে যায়। ফলে জমিতে রাসায়নিক সারের প্রয়োজন কম হবে। পাশাপাশি দুই ফসলের জায়গায় তিন ফসল পেয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। এই উৎপাদন ব্যবস্থায় শিম পরবর্তী বোরো ধানের উৎপাদন শতকরা ১৫-২০ ভাগ পর্যন্ত বেশি পাওয়া গেছে।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ১, ২০২১ ১০:০৬ পূর্বাহ্ন
বছরব্যাপী সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের
কৃষি গবেষনা

সবজি একসময় ছিলো কেবল মৌসুমি চাষের অন্তর্ভুক্ত। এখন আর এটি কোন মৌসুমি ফসল না। এখন কৃষকরা সারাবছর এর উৎপাদনের দিকে ছুটছেন। ​সে কারণে বাণিজ্যিকভাবে শাকসবজি চাষে শামিল হচ্ছেন গ্রামের শিক্ষিত যুবকরাও। ফলে চট্টগ্রামসহ দেশব্যাপী শাকসবজির উৎপাদন যেমন বাড়ছে তেমনি বাড়ছে চাষের পরিধিও।

আর এ কারণে চলতি মৌসুমে দেশজুড়ে শুধু শীতকালীন সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা এক কোটি ৩৭ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতর।

জানা যায়, কৃষি গবেষণা ইনস্টিটিউট শীতকালীন (রবি মৌসুম), গ্রীষ্ম বা বর্ষা (খরিপ-১ মৌসুম) ও শরৎকালের (খরিপ-২ মৌসুম) জন্য বিভিন্ন উন্নত জাতের শাকসবজির বীজ উদ্ভাবন করায় স্থানীয়ভাবে চাষিদের বছরব্যাপী সবজি চাষে বেগ পেতে হচ্ছে না।

তা ছাড়া উপজেলা পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি মাঠে চাষিদের পরামর্শ দেয়ায় বছরব্যাপী সবজি চাষ বাড়ছে। চলতি ২০২০-২১ মৌসুমে দেশে পাঁচ লাখ ৮২ হাজার ৯৬২ হেক্টর জমিতে (হেক্টর-প্রতি গড়ে ২৩.৪৪ মেট্রিক টন) সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৭০৩ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ছয় লাখ মেট্রিক টন বেশি।

​গত বছর দেশব্যাপী পাঁচ লাখ ৭৬ হাজার ৮৫৪ হেক্টর জমিতে (হেক্টর-প্রতি গড়ে ২২.৬৫ মেট্রিক টন হিসাবে) উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এক কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৭৪৩ মেট্রিক টন। সেখানে শুধু চট্টগ্রাম জেলাতেই গত বছর উৎপাদন হয়েছে ২৭ হাজার ৭৬ হেক্টরে (প্রতি হেক্টরে গড়ে ২৪ মেট্রিক টন হিসাবে) ছয় লাখ ৪৯ হাজার ৮২৪ মেট্রিক টন সবজি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, গত মৌসুমে চট্টগ্রাম অঞ্চলে (পাঁচ জেলায়) ৫০ হাজার ৮০৯ হেক্টর জমিতে (হেক্টর-প্রতি ২২.৬০ মেট্রিক টন হিসাবে) ১২ লাখ ১৬ হাজার ১১০ মেট্রিক টন হরেক রকম সবজি উৎপাদন হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এম মনিরুল আলম।

কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম জেলার উপপরিচালক আকতারুজ্জামান জানান, গত বছর জেলায় প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। এ বছর সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় লাখ ৪৯ হাজার ৮২৪ মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। তিনি বলেন, শীতকালীন শাকসবজির মধ্যে এখনো শুধু সবজি তুলছে চাষিরা।

এ দিকে গত বছর দক্ষিণ চট্টগ্রামসহ জেলাজুড়ে গ্রীষ্মকালেও শীতকালীন শাকসবজিতে ভরপুর ছিল বাজার। যে কারণে মহামারী করোনাভাইরাসকে ছাপিয়ে রমজানে এসে ২০ টাকার বেগুন এক লাফে ৮০ টাকার উপরে উঠেছিল। একই সময়ের সাত টাকার টমেটো ২০ টাকায় এবং ২০ টাকার মুলা ৪০ টাকায় বিক্রি হয়।

এ কারণে বছরজুড়ে শাকসবজির চাহিদা বেশি থাকায় উৎপাদিত শাকসবজির দামে খুশি ছিল চাষিরা। এ বছর মার্চের শেষ প্রান্তে সবজির দাম কিছুটা কম থাকলেও একই সবজি রমজান শুরুর আগে গত বছরের মতো দাম বাড়বে এমন প্রত্যাশা এ অঞ্চলের সব চাষি ও পাইকারি-খুচরা সবজি ব্যবসায়ীদের।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৩১, ২০২১ ১২:০৮ অপরাহ্ন
আমেরিকার “ফাইটোপ্যাথলজি নিউজ ইভেন্ট” এ উদ্ভিদ রোগতত্ত্ব নিয়ে গবেষণার স্বীকৃতি পেলেন খুবির শিক্ষক
কৃষি গবেষনা

উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ক গবেষণা প্রকাশের জন্য বিখ্যাত আমেরিকার প্রকাশনা সংস্থা ” আমেরিকান ফাইটোফ্যাথলজি এসোসিয়েশন” তাদের ২০২০-২০২১ সেশনের “ফাইটোপ্যাথলজি নিউজ ইভেন্ট ” এ স্টুডেন্ট ক্যাটাগরি থেকে উদ্ভিদ
রােগতত্ত্বের উপরে গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযােগী অধ্যাপক ড. শিমুল দাস-কে মনােনয়ন করে তার গবেষণালব্ধ আবিষ্কার নিয়ে ফিচার করেছে। তিনি তার পিএইচডি
গবেষণায় শীম জাতীয় সবজির সবচেয়ে
বিধ্বংসী রােগ বিন কমন মােজাইক ভাইরাস’ ও ‘কাউপি মাইল্ড মটল ভাইরাস রােগের সম্পূর্ণ জেনেটিক মেকআপ এক্সপ্লোরসহ তাদের প্রত্যেকটি জীনের “NT” ও “AA” ম্যাপিং করেছেন যা বাংলাদেশ ও আমেরিকার কৃষির জন্য এক যুগান্তকারী আবিষ্কার। তার এ গবেষণার মাধ্যমে উপরােক্ত দুটি ভাইরাসের লােকাল ও সিস্টেমিক মুভমেন্টসহ তাদের জেনেটিক লেভেলে প্রতিরােধ করার দ্বার উন্মুক্ত হয়েছে।

তিনি তার অন্য একটি গবেষণায় লেনটিল জাতীয় ডালের জার্মপ্লাজমের জেনােম ওয়াইড অ্যাসােসিয়েশন এনালাইসিসের (GWAS) মাধ্যমে Insect Vector এপিড বাহিত ভাইরাস রােগ বিন লিফ রােল ভাইরাস’ ও ‘পি এনেশন মােজাইক ভাইরাস এর বিপরীতে ১৩টি সিগিনিফিক্যান্ট
SNPs এবং ১৭টি ক্যান্ডিডেট জীন ডিসকভার করেছেন যা আমেরিকা ও বাংলাদেশের লেনটিল ক্রপ ইমপ্রুভমেন্ট গবেষণার জন্য একটি মাইলফলক। আর তার এই গবেষণালব্ধ কাজের স্বীকৃতিস্বরূপ বিগত বছরের ন্যায় এ বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা
প্রতিষ্ঠানের মধ্য থেকে উদ্ভিদ রােগতত্ত্ব বিষয়ে উদীয়মান ও প্রমিসিং সাইনটিস্টের স্বীকৃতিস্বরূপ ড. শিমুল দাসকে তাদের ম্যাগাজিনে হাইলাইট করেছেন।

সূত্র : খুলনা বিশ্ববিদ্যালয় ফেইসবুক পেজ

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৯, ২০২১ ৪:৩৭ অপরাহ্ন
বরিশালে মিষ্টি কুমড়া চাষের ওপর মাঠদিবস অনুষ্ঠিত
কৃষি গবেষনা

নাহিদ বিন রফিক (বরিশাল): আন্তঃফসল হিসেবে মাল্টা ও ড্রাগন বাগানে বারি হাইব্রিড মিষ্টি কুমড়া-১’র উৎপাদনশীলতা শীর্ষক কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ মার্চ বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) এটি অনুষ্ঠিত হয়।

আরএআরএস’র আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন।

তিনি বলেন, জমিতে যত বেশি ফসল ফলানো যাবে, কৃষকরা তত লাভবান হবেন। এর অংশ হিসেবে আন্তঃফসল অনন্য উদহারণ। এতে শস্যঝুঁকি হ্রাস পায়। এর মাধ্যমে এক ফসলের ক্ষতি অন্য ফসল দিয়ে পুষিয়ে নেয়া সম্ভব। তাই ফসল উৎপাদনে ক্ষতির আশঙ্কা কম থাকে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের মাসুদ। আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাসমান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরএআরএস’র ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ারুল মোনিম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও শর্মীলা দাস সেতু, স্মৃতি হাসনা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সদর, বাবুগঞ্জ এবং উজিরপুরের ১০০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৭, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ন
স্বাধীনতার ৫০ বছরে কৃষিতেও বিপ্লব
কৃষি গবেষনা

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের কৃষিতেও ঘটেছে বিপ্লব। রেকর্ড হয়েছে অল্প জমিতে বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের। এই সময়ে কৃষিতে সংযুক্ত হয়েছে পরিবেশসহিষ্ণু উচ্চফলনশীল শস্যের জাত। এক-ফসলি জমিতেও সারা দেশে আবাদ হয়েছে গড়ে দুটি ফসল। এলাকাভেদে এ চাষাবাদ গড়িয়েছে তিন থেকে চার ফসলেও।

কৃষিতে বাংলাদেশের সাফল্যকে বিশ্বের জন্য উদাহরণ হিসেবে প্রচার করছে জাতিসংঘ। প্রধান খাদ্যশস্য ধান উৎপাদনে বিশ্বে এখন তৃতীয় থেকে চতুর্থ অবস্থানে ওঠানামা করছে বাংলাদেশ। স্বাধীনতার আগে বেশি পরিমাণ জমি চাষাবাদে ফসল মিলত কম। এতে তখনকার সাড়ে ৭ কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠেরই তিন বেলা দুই মুঠো খাবার জোটানো কষ্টকর হতো। এখন সময় বদলেছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, বিশ্বজুড়ে প্রতি হেক্টরে শস্যের গড় উৎপাদনহার যেখানে প্রায় তিন টন, সেখানে বাংলাদেশে তা সোয়া চার টনে উন্নীত হয়েছে। ৫০ বছরে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে তিন গুণেরও বেশি। গমের উৎপাদন দ্বিগুণ হয়েছে। সবজি উৎপাদন বেড়েছে পাঁচ গুণ। ভুট্টার উৎপাদন বেড়েছে ১০ গুণ।

১৯৭১ সালে দেশে যেখানে মোট দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ১৮ লাখ টন, সেখানে ২০২০ সালে খাদ্যশস্য উৎপাদন হয়েছে প্রায় সোয়া ৪ কোটি টন। ২০১৯ সালে উৎপাদন হয়েছে সাড়ে চার লাখ টন খাদ্যশস্য। তবে দেশে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড হয় ২০১৭ সালে। তখন দেশে খাদ্যশস্যের উৎপাদন হয় ৫ কোটি ৪২ লাখ ৬২ হাজার টন।

শুধু দানাদার খাদ্যশস্য উৎপাদনেই নয়, কৃষির আরেক উপখাত মৎস্য ও প্রাণিসম্পদেও সমৃদ্ধির স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার জরিপ বলছে, সবজি ও মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। বিশ্বে ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশই হয় এ দেশে।

পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তবে পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশই প্রথম। ছাগল উৎপাদনেও অবস্থান চতুর্থ। আর ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। আলু ও আম উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। চা উৎপাদনে অবস্থান নবমে। সার্বিক ফল উৎপাদনে রয়েছে দশম অবস্থানে। গবাদিপশু পালনে বাংলাদেশ এখন বিশ্বে দ্বাদশ অবস্থানে রয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য বলছে, যে বছর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সে বছর দেশে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২ কোটি ১৭ লাখ হেক্টর। এসব জমিতে গড়ে ফসল ফলত একটি। ফলে খাদ্য চাহিদা মেটাতে অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি বিদেশি অনুদান ও খাদ্য সহায়তার ওপর দেশকে নির্ভর করতে হতো।

৫০ বছর পর আবাদযোগ্য ৬০ শতাংশ জমি কমে যাওয়া সত্তেও আগের চেয়ে সোয়া দুই গুণ জনসংখ্যার চাপ নিয়েও নিজস্ব উৎপাদন দিয়ে পুরো খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে বাংলাদেশ।

কৃষির এই বিপ্লবের স্বীকৃতি এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে। সংস্থাটির বৈশ্বিক খাদ্য উৎপাদন পরিস্থিতি সংক্রান্ত এক প্রতিবেদনে শীর্ষ খাদ্য উৎপাদনকারী ১১ দেশের কাতারে বাংলাদেশকে গণ্য করা হয়েছে।

অর্থনীতি বিশ্লেষকেরা বলছেন, মূলত কৃষিতে পাওয়া ঈর্ষণীয় সাফল্যকে পুঁজি করেই বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়েছে। একসময়ের দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ এখন দেশীয় চাহিদা মিটিয়ে নিরাপদ স্তরে আপৎকালীন মজুদ রেখেও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে উদ্বৃত্ত খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য।

আর কৃষি অর্থনীতিবিদরা দাবি করছেন, বর্তমান সরকারের কৃষিতে যুগোপযোগী পরিকল্পনা, উন্নত প্রযুক্তি, বীজ ও সারের ব্যবহার, কৃষিবিজ্ঞানীদের উচ্চফলনশীল নতুন জাত উদ্ভাবন বাংলাদেশের এই অর্জনের নেপথ্যে ভূমিকা রেখেছে।

খাদ্য মন্ত্রণালয় বলছে, গত ১৬ মার্চ পর্যন্ত সময়ে দেশে ৫ লাখ ৯৩ হাজার টন খাদ্যশস্য (চাল ও গম) আপৎকালীন হিসেবে মজুদ রয়েছে।

এ প্রসঙ্গে খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘দেশে প্রধান খাদ্যশস্যের মধ্যে রয়েছে চাল, গম ও ভুট্টা। করোনা পরিস্থিতির আগে দেশে চাহিদা মেটানোর পরও অভ্যন্তরীণ উৎপাদন ও সংগ্রহের মাধ্যমে শুধু সরকারি গুদামেই চালের মজুদ স্তর ছিল ১১ লাখ টনের কাছাকাছি।

‘ধান উৎপাদনে আমরা বিশ্বে চতুর্থ। উৎপাদিত ধান থেকে পাওয়া চাল আমরা রপ্তানি করারও নজির তৈরি করেছি। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে আমরা গম ও ভুট্টা আমদানি করলেও প্রতি বছর এসব খাদ্যশস্যের অভ্যন্তরীণ উৎপাদন, সংগ্রহ ও মজুদ বাড়ছে এবং আমদানি কমছে। এটা বাংলাদেশের সক্ষমতার প্রতীক।’

এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. খলীকুজ্জামান আহমদ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। বীজে নতুন নতুন উদ্ভাবনী জাত সংযুক্ত হয়েছে। চাষাবাদে প্রযুক্তির ছোঁয়া লেগেছে।

‘পারিবারিক পর্যায়ের উৎপাদন বৃত্ত থেকে বেরিয়ে কৃষি এখন বাণিজ্যিকীকরণ খামারে পরিণত হয়েছে। সেখানে প্রতি মৌসুমেই উৎপাদন উৎকর্ষতার শীর্ষে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব কিছুর সুফলই হলো দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।’

এ অর্থনীতিবিদ বলেন, ‘দেশে আজ দারিদ্র্য দূর করায় যে সফলতা এসেছে, তার নেপথ্যেও ভূমিকা রেখেছে কৃষি খাত। এ কারণে গ্রামীণ কর্মসংস্থান বেড়েছে। এটি মানুষের উপার্জনে প্রভাব ফেলেছে এবং পারিবারিক খাদ্য সংকট দূর করতে সক্ষম হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের হেক্টরপ্রতি শস্যের গড় উৎপাদন সোয়া চার টনের মতো হলেও আমাদের উপরে থাকা যুক্তরাষ্ট্রের গড় উৎপাদন ১০ টনের উপরে। উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ শিখরে আমাদের যেতে হবে। এ সম্ভাবনা কাজে লাগাতে হলে শুধু খামারভিত্তিক নয়, প্রান্তিক পর্যায়ের চাষাবাদকেও আধুনিকায়নের আওতায় আনতে হবে।

‘গবেষণার ক্ষেত্র আরও বাড়াতে হবে। কৃষকের সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। পাশাপাশি দেশে কৃষিভিত্তিক শিল্পায়নে বিনিয়োগ বাড়াতে হবে। কৃষিপণ্যের ন্যায্য দামও নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে আরও কম জমিতে আমরা বর্তমানের চেয়েও বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে সক্ষম হব।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন বলেন, ‘আগামীর লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে কৃষিজ উৎপাদনশীলতা দ্বিগুণে উন্নীত করা। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রতিকূলতাসহিষ্ণু নতুন নতুন জাত চাষাবাদের আওতায় আনতে হবে।

‘চরাঞ্চল ও পাহাড়ে চাষাবাদকে টেকসই করা জরুরি। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চল ও হাওরাঞ্চলে ভাসমান সবজি চাষ বাড়াতে হবে।’-নিউজ বাংলা

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৩, ২০২১ ৭:৩৫ অপরাহ্ন
বিস্ময়কর উদ্ভাবন; এক গাছেই উপরে বেগুন, নিচে আলুু!
কৃষি গবেষনা

গাছ একটাই, কিন্তু উপরের অংশে ফলবে বেগুন আর মাটির নিচের অংশে আলু। এমন উদ্ভাবনের ফল রীতিমতো বিস্ময়ের খোরাক জাগাচ্ছে সবার মনে। একইগাছে একসাথে বেগুন ও আলু ধরে বিধায়, গবেষক এক্ষেত্রে বেগুনের ইংরেজি পরিভাষা ‘ব্রিঞ্জাল’ আর ‘আলু’ একত্রে নিয়ে গাছটির নাম দিয়েছেন ‘ব্রিঞ্জালু বা বেগুন-আলু।’

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল্লাহ মোহাম্মদ ফারুক ব্রিঞ্জালু’র উদ্ভাবক। গত বছরের নভেম্বর মাসে শুরু করা এ গবেষণা চলতি মাসে সফলতার মুখ দেখেছে। ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসের গবেষণা মাঠে গবেষণাটি সম্পন্ন হয়েছে।

গবেষক ড. ফারুক জানান, ‘এখানে জোড় কলমের মাধ্যমে আলু ও বেগুন গাছের কলম সৃষ্টি  করে একটি স্বতন্ত্রধর্মী গাছে রূপ দেওয়া হয়েছে। গাছটির উপরের অংশে বেগুন ধরবে আর নিচের অংশে আলু।’ বিএডিসি’র সহকারি পরিচালক ফাহাদ উল হক ও আইইউবিএটি শিক্ষার্থী মাহাদী হাসান সংশ্লিষ্ট এ গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন।

 

ব্রিঞ্জালু নিয়ে গবেষকের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে গবেষক ড. ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বছর দুয়েক আগে একইগাছে টমেটো ও আলু ধরিয়ে টমালু উদ্ভাবন করেছিলাম। টমালু এ বছরই বগুরার কিছু চাষী বাণিজ্যিকভাবে চাষাবাদ করছে। নিশ্চয়ই আনন্দের বিষয় এটি। সেই আলোকে ব্রিঞ্জালুকেও বাণিজ্যিকীকরণের উদ্দেশে মাঠপর্যায়ে ছড়িয়ে দেবার সর্বাত্ম চেষ্টা থাকবে। এক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কোন সংস্থার পৃৃষ্ঠপোষকতা গবেষণার সার্বিক দিককে তরান্বিত করবে।

আরও পড়ুনঃ তাল ও ডিম বেগুনের লাভজনক সংযোজন

সূত্রঃবিডি প্রতিদিন

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৩, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ন
সবজি উৎপাদন বৃদ্ধির এক অনন্য হাতিয়ার হাইব্রিড বীজ
কৃষি গবেষনা

সুস্থ-সবল জীবনের জন্য প্রতিদিন পরিমিত পরিমাণ বিভিন্ন ধরনের সবজি খাওয়া অপরিহার্য। কারণ জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন ও খনিজ লবণের অন্যতম উৎস হলো সবজি। বর্তমানে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার সবজির চাহিদা পূরণ করতে হলে ১১.২৪ মিলিয়ন টন সবজির প্রয়োজন। সবজি উৎপাদন হয় ৪.০৫ মিলিয়ন টন।

ক্রমহ্রাসমান আবাদি ভূমির চাপকে সমান রেখে সবজির উৎপাদন প্রায় তিনগুণ বাড়াতে হবে। এ পরিস্থিতিতে একমাত্র হাইব্রিড সবজির জাত ব্যবহার ও উন্নত চাষাবাদ প্রযুক্তির মাধ্যমেই এই বিশাল সবজির চাহিদা পূরণ করা সম্ভব।

বর্তমানে বাংলাদেশের কৃষকরা খুব অল্প পরিমাণে (৩০-৪০ শতাংশ) সবজির হাইব্রিড বীজ ব্যবহার করেন। কিন্তু বিশ্বের অনেক দেশেই শতভাগ পর্যন্ত সবজির হাইব্রিড জাত ব্যবহার হচ্ছে।

সংকর (হাইব্রিড) ও সংকরায়ন

সংকরায়ন হলো একটি উদ্ভিদ প্রজনন প্রদ্ধতি যার মাধ্যমে দুই বা ততোধিক ভিন্ন রকম জেনোটাইপ সম্পন্ন উদ্ভিদগুলোর যৌনমিলনের ফলে নতুন ধরনের জাত সৃষ্টি করা। এর ফলে যে নতুন জাত তৈরি হয় তা হলো সংকর বা হাইব্রিড, আর এ প্রক্রিয়াটি হলো সংকরায়ন (Hybridi“ation)।

সংকরায়নের উদ্দেশ্য

সংকরায়নের প্রধান উদ্দেশ্য হলো কৌলিক বিভিন্নতা সৃষ্টি করা।

সংকরায়নের মাধ্যমে কোনো একটি জাতে অন্যান্য জাত বা বন্য প্রজাতিগুলো থেকে এক বা একাধিক বৈশিষ্ট্য স্থানান্তরিত করা যায়।

সংকরায়নের অন্য একটি উদ্দেশ্য হলো প্রজনকদ্বয় অপেক্ষা উন্নতর বা অধিক ফলনশীল (১০-৫০ শতাংশ) পর্যন্ত জাত সৃষ্টি করা।

সংকরায়ন করার আগে নিম্নোক্ত তথ্যাবলি জানা একান্ত প্রয়োজন

পুং-প্রজনক (Male line) সম্পর্কে বিস্তারিত জ্ঞান।

স্ত্রী-প্রজনক (Female line) সম্পর্কে বিস্তারিত জ্ঞান।

গাছগুলো এক লিঙ্গ না উভয়লিঙ্গ।

ফুল প্রস্ফুটিত হওয়ার সময়।

ফুল স্বপরাগী (Self pollinated) বা পর-পরাগী (Cross pollinated)।

ফসল সংগ্রহের সময়।

যে কোনো ফসলের হাইব্রিড জাত তৈরি বা সংকরায়নের জন্য অনেকগুলো ধাপ আছে। প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে অতিক্রম করলেই শুধু সংকরায়নে কৃতকার্যতা আসতে পারে। ধাপগুলো নিম্নে বর্ণনা করা হলো :

প্রজনক নির্বাচন : সংকরায়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রজনক নির্বাচন। উদ্দেশ্যের ওপর নির্ভর করে প্রজনক নির্বাচন করতে হয়। যদি আমাদের উদ্দেশ্য হয় সবজির ফলন বৃদ্ধি, তাবে যে লাইনদ্বয়ের ফলন বেশি শুধু তাদেরই নির্বাচন করতে হবে। এক্ষেত্রে একটিকে পুরুষ লাইন হিসেবে নির্বাচন করতে হবে এবং অন্যটিকে স্ত্রী লাইন নির্বাচন করতে হবে। তবে উভয় লাইন অবশ্যই সমসত্ব (Homoyygous) হতে হবে। নিদিষ্ট লাইন দুটি যদি সমসত্ব (Homoyygous) না হয় তবে কখনোই সংকর বা হাইব্রিড জাত তৈরি করা যাবে না।

স্ত্রী ও পুরুষ ফুলকে সংকরায়নের জন্য উপযুক্তকরণ : নির্বাচিত স্ত্রী লাইন ও পুরুষ লাইনের নিজ নিজ ফুলকে সংকরায়নের জন্য উপযুক্ত করে নেওয়া সংকরায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এক্ষেত্রে ফুলের বৈশিষ্ট্যের জ্ঞান থাকা খুবই জরুরি। কোনো কোনো সবজিতে একই ফুলে পুরুষ (পুংকেশর) ও স্ত্রী (গর্ভমু-) অংগ বিদ্যমান (যেমন- টমেটো, বেগুন ইত্যাদি) আবার কোনো কোনো সবজিতে পুরুষ ফুল ও স্ত্রী ফুল একই গাছে আলাদা আলাদাভাবে থাকে (যেমন কুমড়া জাতীয় ফসল), আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষ ও স্ত্রী গাছেই আলাদা (যেমন পটোল, কাঁকরোল ইত্যাদি)। সবজির প্রকার ভেদ অনুযায়ী কাজের ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, টমেটো ও বেগুনের ক্ষেত্রে ফুল ফোটার আগের দিন স্ত্রী লাইনের ওই নিদিষ্ট ফুল থেকে পুরুষ অঙ্গ (পুংকেশর) চিমটার সাহায্যে অপসারণ করা হয়। এ কাজটিকে বলা হয় পুংহীনকরণ (Emasculation) এ পুংহীনকরণ কাজটি বিভিন্নভাবে করা যেতে পারে। তবে চিমটার সাহায্যে অপরিণত ফুল হতে পুরুষ অংগ (পুংকেশর) অপসারণ বেশ প্রচলিত।

কিন্তু কুমড়া জাতীয় সবজির ক্ষেত্রে এই কাজটি করা হয় ভিন্নভাবে। এক্ষেত্রে যে স্ত্রী ও পুরুষ ফুল পরের দিন ফোটার সম্ভাবনা আছে, এমন পুরুষ ও স্ত্রী ফুলকে এক বিশেষ ধরনের কাগজের ব্যাগ (Butter paper bag) দিয়ে ঢেকে দিতে হবে, যেন কোনোভাবেই প্রাকৃতিকভাবে পরাগায়ন না হতে পারে। কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে এই ধরনের কাগজের ব্যাগকে ব্যবহার করা হয়ে থাকে।

পরাগায়ন : প্রত্যেক সবজির পরাগায়নের সময় নিদিষ্ট এবং এই সময়কাল ২-৩ ঘণ্টা হয়ে থাকে। ওই নিদিষ্ট সময়ে মধ্যে পরাগায়ন না হলে ফল সেট হয় না। যেমন মিষ্টিকুমড়ার ক্ষেত্রে সকাল ৬টা থেকে সকাল ৯টা ৩০ পর্যন্ত সবচেয়ে উপযোগী সময়। এর আগে বা পরে পরাগধানী ও পরাগ রেণু কার্যকর অবস্থায় থাকে না। এই নিদিষ্ট সময়ের মধ্যে (টমেটো ও বেগুনের ক্ষেত্রে (সকাল ৮টা ৩০ থেকে ১০টা ৩০ পর্যন্ত) ফুটন্ত স্ত্রী ফুল যা আগে পুংহীন করা হয়েছে, তার গর্ভমু-ের ওপর কাক্সিক্ষত পুরুষ লাইনের গাছ থেকে পুংরেণু (চড়ষষবহ) সংগ্রহ করে তা ভালোভাবে লাগিয়ে দিতে হবে।

এরপর বেগুনের ক্ষেত্রে উক্ত স্ত্রী ফুলটিকে আগে উল্লেখিত বিশেষ ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে; কিন্তু টমেটোর ক্ষেত্রে তার প্রয়োজন হয় না। কুমড়াজাতীয় সবজির ক্ষেত্রে, পরাগায়নের আগের দিন ব্যাগ দিয়ে ঢেকে রাখা স্ত্রী ফুলটিকে নির্দিষ্ট সময়ে খুলে কাক্সিক্ষত পুরুষ লাইন থেকে পুরুষ ফুলটিকে ছিঁড়ে পাপড়িগুলোকে আলাদা করে স্ত্রী ফুলের গর্ভমু-ের ওপর ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং স্ত্রী ফুলটিকে পুনরায় ঢেকে দিতে হবে।

এক্ষেত্রে একটি পুরুষ ফুল দিয়ে ২-৩টি স্ত্রী ফুলকে পরাগায়ন করা যায়। ফুল ঢাকার ক্ষেত্রে একটি বিশেষ সতকর্তা অবলম্বন করতে হবে, তা হলো ফুল ঢাকার পর ফুলের ভেতর যেন কোনো পিঁপড়া বা অন্য কোনো পোকা প্রবেশ করতে না পারে। কাক্সিক্ষত সংকর (হাইব্রিড) ফল সেট হওয়ার ৩-৪ দিন পর ব্যাগ অপসারণ করে দিতে হবে। সংকরায়িত ফলে অবশ্যই বিভিন্ন তথ্য সংবলিত একটি ট্যাগ ঝুলিয়ে দিতে হবে। ট্যাগের মধ্যে পরাগায়নের তারিখ ও প্রজনকদ্বয়ের নাম অবশ্যই লিখে রাখতে হয়।

বীজ সংগ্রহ ও সংরক্ষণ : বীজ পরিপক্ব হলে প্রতি গাছের বীজ আলাদা আলাদা ব্যাগে ট্যাগ সহকারে সংগ্রহ করা হয়। বীজ শুকিয়ে যথাযথভাবে সংরক্ষণ করা হয়, যেন তা অন্যান্য বীজের সঙ্গে মিশে যেতে না পারে এবং পোকামাকড় কর্তৃক আক্রান্ত হতে না পারে।

হাইব্রিড বীজের ব্যবহার : উপরোক্তভাবে উৎপাদিত সংকর (হাইব্রিড) বীজকে শুধু একবারেই ব্যবহার করা যাবে। কোনোভাবেই পরবর্তী বছর তা থেকে বীজ রাখা যাবে না এবং খাবারের জন্য ব্যবহার করা উচিত নয়।

দিন দিন আমাদের দেশে হাইব্রিড সবজি চাষাবাদ বাড়ছে। আমাদের দেশকে ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবজি উৎপাদন কয়েকগুণ বাড়াতে হবে। আর এক্ষেত্রে অন্যতম হাতিয়ার হচ্ছে সবজিতে শতভাগ হাইব্রিড বীজের ব্যবহার। হাইব্রিড বীজকে কৃষকের মধ্যে জনপ্রিয় করতে হবে এবং সে সঙ্গে সঙ্গে হাইব্রিড সবজি বীজের প্রাপ্যতাও নিশ্চিত করতে হবে।

এক্ষেত্রে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে, হাইব্রিড সবজির স্বাদ দেশি সবজির মতো হয় না। এ ধারণা সঠিক নয়। হাইব্রিড সবজির স্বাদ নির্ভর করে প্রজনকদ্বয়ের স্বাদের ওপর এবং রাসায়নিক সারের ব্যবহারের ওপর। মাত্রাঅতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে সবজির স্বাদে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়।

বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের আওয়াতাধীন বিএডিসি ‘বিএডিসির সবজি বীজ বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে হাইব্রিড সবজি বীজ উৎপাদন প্রক্রিয়াজতকরণ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

আশা করা যায়, এই প্রকল্পের গবেষণা প্রান্তিক পর্যায়ে হাইব্রিড সবজি বীজের স্বল্পমূলে প্রাপ্যতা নিশ্চিত হবে এবং দেশে সবজি চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

ড. বাহাউদ্দিন আহমদ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২১, ২০২১ ৭:১৭ অপরাহ্ন
লবণ সহিষ্ণু তিনটি সরিষার জাত উদ্ভাবন করলো বাকৃবি
কৃষি গবেষনা

বাকৃবি প্রতিনিধি:লবণ সহিষ্ণু ও স্বল্প সময়ে উৎপাদনক্ষম উচ্চফলনশীল তিনটি সরিষার জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) গবেষকবৃন্দ। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের পিএইচডি প্রোগামের আওতায় বাকৃবি এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) যৌথভাবে জাতগুলো উদ্ভাবনে কাজ করেন। গবেষণায় বাকৃবির বর্তমান ভিসি এবং কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসানের তত্ত¡াবধানে প্রধান গবেষক হিসেবে ছিলেন বিএআরইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম। এছাড়াও সহকারী গবেষক হিসেবে ছিলেন বাকৃবির কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বিএআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোজিনা আফরোজ। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বাকৃবি ও বিএআরআইয়ের যৌথভাবে উদ্ভাবিত তিনটি সরিষার জাত হলো ‘বাউ সরিষা-১’, ‘বাউ সরিষা-২’ এবং ‘বাউ সরিষা-৩’। উদ্ভাবিত জাতগুলো ১২ ডেসিসিমেন্স পর্যন্ত লবণ সহনশীল।

রবিবার (২১ মার্চ) দুপুরে বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘স্বল্প মেয়াদে লবণ সহনশীল র‌্যাপসীড জাতের সরিষার বিকাশ’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফ আর রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ^াস, কৃষি অনুষদীয় ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সহ-সমন্বয়ক ড. মো. রফিকুল ইসলাম, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

গবেষকরা জানান, বাকৃবির উদ্ভাবিত এই তিনটি সরিষার জাত থেকে লবণাক্ত মাটিতে প্রতি হেক্টরে ২ দশমিক ৫ মেট্রিক টন এবং অন্যান্য মাটিতে প্রতি হেক্টরে ৩ মেট্রিক টন ফলন পাওয়া যাবে। এই জাতগুলো থেকে ৪০-৪১ শতাংশ তেল পাওয়া যাবে। উদ্ভাবিত জাতগুলো অলবণাক্ত ও লবণাক্ত উভয় এলাকায় চাষ করা যায় বলে দেশে সরিষা উৎপাদন বৃদ্ধি পাবে। উদ্ভাবিত তিনটি জাত ইতিমধ্যেই জাতীয় বীজ বোর্ড থেকে নিবন্ধিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় ৫১ দশমিক ২৭ লাখ মেট্রিক টন যার মধ্যে ৪৬ দশমিক ২১ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়। এর মূল্য প্রায় ২৩ দশমিক ২০ বিলিয়ন ডলার। বাংলাদেশে সরিষা, তিল ও সূর্যমুখী থেকেই সাধারণত ভোজ্য তেল তৈরী করা হয়। দেশের মানুষ গড়ে প্রতিদিন ২০ থেকে ২২ গ্রাম করে তেল খায়। দেশে মোট ৪ দশমিক ৪৪ লাখ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। নতুন উদ্ভাবিত সরিষার চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি পাবে।

 

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২১, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ন
বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদনের স্বপ্ন দেখছেন হালিম
কৃষি গবেষনা

পরিশ্রম আর আগ্রহের সমন্বয় ঘটাতে পারলে যেকোনো কাজেই মিলে প্রত্যাশিত সাফল্য। নার্সারি ব্যবসা দিয়ে শুরু করে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনেও সফলতার পথে হাঁটছেন। নিজের নার্সারিতে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহারের পাশাপাশি বাজারজাত শুরু করেছেন এমনই এক উদ্যোক্তা। বলছিলাম পাহাড়ি জেলা খাগড়াছড়ির সীমান্তঘেঁষা পানছড়ির স্বপ্নবাজ তরুণ আব্দুল হালিমের কথা।

পাহাড়ি জেলা খাগড়াছড়ির সীমান্তঘেঁষা পানছড়ির উপজেলা শহর ঘেঁষা টিএন্ডটি ভবন। টিএন্ডটি ভবনের পাশেই সরকারি পরিত্যাক্ত টিলাভূমিতে গড়ে তোলা হয়েছে গাউছিয়া নার্সারি। গাউছিয়া নার্সারিতেই একটি ছোট্ট টিনের ঘরে বিশেষভাবে তৈরি ট্যাঙ্কে ও দশটি রিংয়ে চালার ঘরে চলছে স্বপ্নবাজ আব্দুল হালিমের কেঁচো সার বা বার্মি কম্পোস্ট সার উৎপাদন প্রক্রিয়া।

সেখানেই জাগো নিউজকে নিজের বার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের গল্প শোনালেন তরুণ উদ্যোক্তা মো. আব্দুল হালিম। বললেন মাস ছয়েক আগে বান্দরবানে নার্সারির উপর প্রশিক্ষণে গিয়ে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির ধারণা লাভ করেন তিনি।

শুরুতেই কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় বান্দরবান থেকে সংগ্রহ করেন এপিজিক নামক তিন কেজি কেঁচো। এর পরপরই শুরু করেন কঁচো থেকে পরিবেশ বান্ধব জৈব সার তৈরির মতো কর্মযজ্ঞ। মা-বাবা আর ডিগ্রি পড়ুয়া ছোট ভাইকে সাথে নিয়ে গেল নভেম্বর মাসে পানছড়ির টিএন্ডটি ভবন লাগোয়া গাউছিয়া নার্সারিতে শুরু করেন বার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন প্রক্রিয়া।

বললেন পরিবারের অভাব-অনটনের কথা চিন্তা করে ২০০৪ সালে স্বল্প পরিসরে প্রতিষ্ঠা করেন গাউছিয়া নার্সারি। নিজের আন্তরিকতা আর ঐকান্তিক প্রচেষ্ঠায় গত ১৬ বছরে ডালপালা মেলেছে গাউছিয়া নার্সারি। ২০০৬ সালে এসএসসি পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি এ তরুণ।

পরিবারের অভাব-অনটনের কারণে আর পরীক্ষাও দেয়া হয়নি। ফলে সেখানেই থেমে গেছে তার শিক্ষাজীবন। আর্থিক অস্বচ্ছলতায় লেখাপড়া করতে না পারলেও আক্ষেপ নেই তার।

নার্সারি প্রতিষ্ঠার ১৬ বছরের মাথায় তার স্বপ্নে নতুন পালক হিসেবে যুক্ত হয়েছে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদান। বান্দরবান থেকে সংগ্রহ করা তিন কেজি এপিজিক কেঁচো আর চারটি ট্যাঙ্কে ও দশটি রিংয়ে দিয়েই তার পদযাত্রা।

মাত্র ছয় মাসে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদান করে সাফল্য পেয়েছেন পানছড়ির আব্দুল হালিম। বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদানের স্বপ্ন দেখছেন এ যুবক। এজন্য তিনি সরকারি ঋণ সহায়তা প্রদানেরও দাবি জানান।

পানছড়ির মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা গাউছিয়া নার্সারির মালিক মো. আব্দুল হালিম বার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন ও বিপণনে নিজের সংসারে সমৃদ্ধি এনেছেন। নিজের নার্সারিতে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করার পাশাপাশি প্রতি মাসে এক টনেরও বেশি জৈব সার বিক্রি করে বাড়তি আয় করছেন। স্থানীয় কৃষকদের পাশাপাশি পানছড়ি বাজারে সার বিক্রেতারাও নেন কেঁচো সার। বার্মি কম্পোস্ট সারের পাশাপাশি সার উৎপাদনকারি বিশেষ কেঁচোও বিক্রি করছেন তিনি। নিজের পাশাপাশি বাবা-মা আর ডিগ্রি পড়ুয়া ছোট ভাইয়ের ঘামঝরা পরিশ্রমে স্বপ্নের পথে হাঁটছেন আবদুল হালিম।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, বার্মি কম্পোস্ট বা কেঁচো সার একটি ফসল বা গাছের সুষম খাদ্যের যোগান দেয়। যেখানে রাসায়নিক সারে কেবল এক বা দুইটি খাদ্য উপাদান থাকে সেখানে বার্মি কম্পোস্টে রয়েছে সুষম খাদ্য উপাদান।

কেঁচো সার উৎপাদনে এপিজিক ও এন্ডিজিক নামক কেঁচো ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে মাটিতে অণুজীবের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মাটিতে বাতাসের চলাচলের পরিমাণ বৃদ্ধি পায়। সাধারণত রিং পদ্ধতিতে বার্মি কম্পোস্ট উৎপাদিত হয়।

কলার বাকলসহ বিভিন্ন ঘাস, লতার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিতে হয়। পরে রিংয়ের মধ্যে ২০০ গ্রাম এপিজিক ও এন্ডিজিক কেঁচো মিশিয়ে রাখতে হয়। এভাবেই তৈরি হয় বার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এ সার মাটির উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ও পরিবেশ বান্ধব।

কেঁচো সার উৎপাদনে তরুণ উদ্যোক্তা আব্দুল হালিমের সাফল্যে অনেকেই বার্মি কম্পোস্ট উৎপাদনে আগ্রহী হচ্ছেন জানিয়ে পানছড়ির উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণাঙ্কর চাকমা জানান, রাসায়নিক সারের ব্যবহার কমাতে কৃষকরা বার্মি কম্পোস্ট সার বেছে নিচ্ছেন। তিনি বলেন, সরকার রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছে।

সূত্রঃজাগো নিউজ

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৭, ২০২১ ৯:৩১ পূর্বাহ্ন
একই জমিতে ভূট্টা ও শাক চাষে সফল সিলেটের কৃষকরা
কৃষি গবেষনা

সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি ভুট্টার সাথে আন্তঃফসল হিসেবে স্বল্পমেয়াদী শাকসবজি যেমন লালশাক, ডাটাশাক, পালংশাক, লাইশাক, সরিষাশাক, খেসারিশাক, ধনিয়া ইত্যাদি চাষ করে সফলতার মুখ দেখেছেন ওখানকার কৃষকরা। সিলেট অঞ্চলে শাক-সবজির চাহিদা এমনিতেই বেশি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব ও হাওর বিভাগের নতুন গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

এদিকে অন্যান্য দানাদার শস্যের তুলনায় ভুট্টার উৎপাদন ক্ষমতাও তুলনামূলক বেশি বলে। ভুট্টা চাষে সার তুলনামূলক বেশি প্রয়োজন হয় এবং প্রাথমিক অবস্থায় দুই গাছের মধ্যবর্তী স্থানে অনেক ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গার সুযোগটা কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী শাকসবজি চাষ করা সম্ভব। অতিরিক্ত আকারে সার ছিটানোরও প্রয়োজন হয় না। এতে করে সমপরিমাণ জায়গায় অধিক পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব হয়।

গবেষণায় দেখা গেছে ভুট্টার সাথে আন্তঃফসল হিসেবে স্বল্পমেয়াদী শাকসবজি চাষকালে ভুট্টা কিংবা শাকসবজি কোনো ফসলের উৎপাদনই তেমন বাধাগ্রস্থ হয়নি। বরং খেসারি শাক ও ধনিয়ার সাথে ভুট্টার উৎপাদন তুলনামূলক ভালো হয়েছে। এতে করে অতিরিক্ত আকারে প্রতি হেক্টর জমিতে প্রায় ৬০,০০০-৮০,০০০ টাকা আয় করা সম্ভব।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেমের (সাউরেস) সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্প হাতে নিয়েছেন কৃষিতত্ত্ব ও হাওর বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হক। এই গবেষণায় আরো যুক্ত হয়েছেন মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী পলাশ দেব নাথ এবং নুর মোহাম্মদ।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop