১১:৩০ অপরাহ্ন

বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : ডিসেম্বর ৬, ২০২১ ১২:৪২ অপরাহ্ন
ধানের খড়ের মূল্য বৃদ্ধি, বিপাকে গরু খামারিরা
প্রাণিসম্পদ

লক্ষ্মীপুর সদর ও রায়পুরে চড়া মূল্যে বিক্রি হচ্ছে ধানের খড়। এতে কৃষকের মুখে হাসি ফুটলেও বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি গরুর খামারিরা।

সারা বছরের গো-খাদ্যের জোগান দিতে সাধারণত এই সময়ে গরু খামারিরা শুকনো খড় সংগ্রহ করে থাকেন। কিন্তু গত য়েক বছরে খড়ের মূল্য বেড়েই চলছে বলে জানান স্থানীয় খামারিরা।

রায়পুরের উদমারা, হায়দরগঞ্জ, খাসেরহাট ও চরমান্দারি ও হামছাদিসহ-বিভিন্ন ইউনিয়ন ও প্রান্তিক গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি গন্ডা (৮ শতাংশ) জমির খড় ক্ষেতেই বিক্রি হচ্ছে ১ হাজার টাকা করে। শুকিয়ে বাড়ি ও খামারে নিতে খরচ পড়ে প্রায় ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত। এ ছাড়া ট্রাক ও ট্রলি ভর্তি করে দূরদূরান্তে যারা খড় নিচ্ছেন, তাদের আরও বেশি খরচ হচ্ছে।

সদর উপজেলার চররুহিতা গ্রামের একজন ক্ষুদ্র খামারি জানান,  ৭/৮টা গরু পালন করি। গরুর খাদ্যের দাম বেশি হওয়ায় আমাদের সারা বছরের একমাত্র ভরসা খড়। কিন্তু এ বছর যেভাবে খড়ের দাম বেড়েছে আগামীতে গরু পালন করা সম্ভব হবে কিনা দুশ্চিন্তায় রয়েছি। ধানের চেয়ে খড়ের দাম বেশি মনে হচ্ছে।

রায়পুরের চরআবাবিল ইউপির কৃষক সুজল মাঝি জানান, বর্তমানে ধান চাষে খরচ অনেক বেশি হয়। কীটনাশকসহ দিনমজুরের খরচ সবকিছুই বেড়েছে। সে কারণেই খড়ের দামও বেশি। এখন ধানের দাম ঠিকমতো পাওয়া যায় না। খড়ের দাম বাড়াতে আমরা কিছুটা পুষিয়ে নিতে পারছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আইয়ূব মিঞা বলেন, খড়ের দাম বাড়াতে কৃষকের মুখে হাসি ফুটলেও হতাশ গরু খামারিরা। গরুর মাংস ও দুধের দামে প্রভাব পড়তে পারে। আমরা খামাীরদের সার্বিকভাবে সহযোগিতার চেষ্টা করছি।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ১:১১ অপরাহ্ন
গরুর পরিচর্যায় এবার পুলিশ সদস্যরা
প্রাণিসম্পদ

রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি উদ্ধার হওয়া ৪টি গরু গত চার দিন ধরে পরিচর্যা করছেন পুলিশ সদস্যরা। চারটি গরুর মধ্যে কালো রংয়ের গরুটি দুধ দেওয়া গাভী এবং একটি আইড়া বাছুর ও একটি বকনা বাছুর রয়েছে।

পরিচর্যার পাশাপাশি মালিকবিহীন গরুগুলোর প্রকৃত মালিকের খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চর কর্ণেশনা কলাবাগান এলাকা থেকে ৪টি গরু উদ্ধার করা হয়। সেই সঙ্গে স্থানীয় মৃত সালাম শেখের দুই ছেলে জামাল শেখ (৩০) ও হারুন শেখকে ওই গরুগুলো চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

সেই সঙ্গে চোর চক্রের মূলহোতা একই এলাকার গাজি কসাই ও চুন্নু কসাইকে ধরতে মাঠে নামে পুলিশ।

সরেজমিন শনিবার গোয়ালন্দ ঘাট থানা প্রাঙ্গণে দেখা যায়, পুলিশ কনস্টেবল নুরুজ্জামান মিয়া পুলিশের গ্যারেজ থেকে গরুগুলো বাইরে আনছেন। অন্যদিকে গরুর খাবার প্রস্তুত করছেন পুলিশের আরেক সদস্য রকিবুল ইসলাম। শীত-কুয়াশায় খোলা আকাশের নিচে গরুগুলো যাতে অসুস্থ না হয় সেজন্য থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর গরুগুলোকে গাড়ি রাখার গ্যারেজে রাখার নির্দেশ দিয়েছেন। তবে দিনের বেলায় থানা প্রাঙ্গণে খোলা আকাশের নিচে রেখে পরিচর্যা করা হচ্ছে। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

গরু লালন-পালন করা পুলিশ সদস্য মো. নুরুজ্জামান বলেন, আমি গ্রামের ছেলে। গ্রাম থেকে এসে পুলিশের চাকরি করছি। গত চার দিন ধরে স্যারের নির্দেশে গরুগুলোকে লালন-পালন করছি। পুলিশি সেবার বাইরে গরুগুলো লালন-পালন করতে সত্যি ভালো লাগছে। এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না।

গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, আমরা গরুগুলোকে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে চাই। সেই তৎপরতা অব্যাহত রয়েছে। যেহেতু গরুগুলো জব্দ করা রয়েছে। সেক্ষেত্রে আদালতের নির্দেশনা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না।

রোববার আদালতে গরুর ব্যাপারে নির্দেশনা চাওয়ার পাশাপাশি গ্রেফতারকৃত দুই চোরের সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, গরুগুলোকে সুস্থ ও স্বাভাবিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে। গরুগুলো উদ্ধারের মাধ্যমে পুলিশ যে জনগণের জানমালের অতন্দ্র প্রহরী সেটি আরও একবার প্রমাণ করেছে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৪, ২০২১ ১০:৫৬ অপরাহ্ন
১০ হাজার মুরগির খামার জয়পুরহাটে
প্রাণিসম্পদ

পোলট্রিশিল্পে সারা দেশের মধ্যে জয়পুরহাট দ্বিতীয় আর সোনালি মুরগি উৎপাদনের দিক থেকে প্রথম। সোনালি জাতের এই মুরগির উদ্ভাবনও জয়পুরহাটে। পোলট্রি ভিলেজ বলে পরিচিতি পেয়েছে আক্কেলপুরের জামালগঞ্জ এলাকা। সবজির জন্য পরিচিত জয়পুরহাটে পোলট্রিশিল্পের বিপ্লব ঘটে প্রায় দুই যুগ আগে। জেলাজুড়ে ছোট-বড় মিলিয়ে ১০ হাজারের বেশি মুরগির খামার আছে।

পোলট্রিশিল্পকে ঘিরে ফিড মিলও গড়ে উঠেছে। জেলার আড়াই লাখ মানুষ এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পোলট্রিশিল্পের সঙ্গে জড়িত।

জেলায় পোলট্রিশিল্পে প্রতিদিন চার থেকে সাড়ে চার কোটি টাকার লেনদেন হয়। এই শিল্পে সারা দেশের মধ্যে জয়পুরহাট দ্বিতীয় আর সোনালি মুরগি উৎপাদনের দিক থেকে প্রথম। সোনালি জাতের এই মুরগির উদ্ভাবনও জয়পুরহাটে।

জেলায় পোলট্রিবিপ্লবের পেছনে রয়েছে ‘সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার’। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জে অবস্থিত। ব্রিটিশ আমলে অর্থাৎ, ১৯৩৭ সালে ৩০ বিঘা জমিতে সরকারি এ খামারটি নির্মিত হয়।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও মুরগির খামার মালিকরা জানায়, জামালগঞ্জে অবস্থিত এই খামারের প্রথম নাম ছিল সরকারি হাঁস-মুরগির খামার। এখন হাঁস বাদ দিয়ে নামকরণ হয়েছে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। ২০০০ সালের পর মূলত জেলায় পোলট্রিবিপ্লব ঘটে। তৎকালীন সরকারি হাঁস-মুরগি খামারের সহকারী পরিচালক মো. শাহ জামাল সোনালি জাতের মুরগি উদ্ভাবন করেন। প্রথমে শাহাপুর গ্রামের ১০টি মুরগির খামারে নতুন জাতের এই সোনালি মুরগি পরীক্ষামূলকভাবে লালনপালন শুরু হয়। নতুন উদ্ভাবিত সোনালি জাতের এই মুরগি দেখতে অনেকটা দেশি মুরগির মতো, মাংসের স্বাদও একইরকম।

২০১০ সালের দিকে দেশব্যাপী নতুন জাতের এই সোনালি মুরগির বিস্তৃত লাভ করে। জয়পুরহাট জেলাসহ আশপাশের জেলাগুলোতে একের পর এক বাণিজ্যিকভাবে সোনালি মুরগির খামার গড়ে ওঠে। আগে যে জমিতে ধান-সবজি চাষ হতো, এখন সেখানে উঠেছে পাঁচ থেকে সাততলার মুরগির খামার। এই শিল্পকে ঘিরে ১১ হাজার ৫৭০ জন উদ্যোক্তা তৈরি হয়েছে। জেলায় ১১টি পোলট্রি ফিড কারখানা ও ৫৫টি হ্যাচারি গড়ে উঠেছে। প্রতিদিন গড়ে চার লাখ ডিম, তিন লাখ এক দিনের সোনালি মুরগির বাচ্চা উৎপাদন হচ্ছে। পোলট্রিশিল্পকে ঘিরে ভেটেরিনারিও সমৃদ্ধি লাভ করেছে। জেলায় পোলট্রিশিল্পের ওষুধ খাতে বছরে ২২ থেকে ২৪ কোটি টাকার বিনিয়োগ হয়।

জয়পুরহাট পদ্মা ফিড অ্যান্ড চিকেন ব্যবস্থাপনার পরিচালক আনোয়ারুল হক বলেন, এ শিল্পকে আরও সমৃদ্ধ করার জন্য জেলায় একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন জরুরি। এ ছাড়া মানসম্পন্ন ফিড উৎপাদন নিশ্চিতের জন্য কারখানাগুলোতেও নজরদারি বৃদ্ধি করতে হবে।

জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর খামারিদের প্রশিক্ষণ, নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও কারিগরি সহায়তায় নিবিড় তদারকি করছে। এ শিল্পের প্রসারে আরও কাজ করা হবে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৩, ২০২১ ২:২৪ অপরাহ্ন
আশুলিয়ায় খামারে বিষ প্রয়োগে ২৫০টি হাঁস হত্যা
প্রাণিসম্পদ

সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে দেশি ও বিদেশি প্রজাতির প্রায় ২৫০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই হাসগুলোকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ খামারির। মারধর করা হয়েছে খামারের ম্যানেজারকেও। এতে তার চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার দরগারপাড় এলাকায় রাশেদ ভূইয়ার খামারে এ ঘটনা ঘটে।

খামারের মালিক রাশেদ ভূইয়া জানান, তার চাচাতো ভাইয়ের লিজ নেয়া জায়গায় এক বছর আগে শখ করে হাঁসের খামার গড়ে তুলেন তিনি। দেশের বিভিন্ন এলাকা থেকে বিদেশি প্রজাতির ১০০টি বেলজিয়াম ও ১৫০টি খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁসের বাচ্চা সংগ্রহ করে খামার করেন। হাসগুলো দেখাশুনা করার জন্য একজন ম্যানেজারও রাখেন।

বৃহস্পতিবার দুপুরে ম্যানেজার তাকে ফোন করে জানায় জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ অজ্ঞাতনামা দুই তিনজন মিলে তার কাছে শেডের চাবি চায়। চাবি না দিলে তাকে মারধর করার একপর্যায়ে জীবন রক্ষার্থে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে এসে দেখেন হাঁসগুলো লাফিয়ে লাফিয়ে মারা যাচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরেই জাহাঙ্গীরের সাথে জমি নিয়ে তার বিরোধ চলে আসছে। গতকালকেও জাহাঙ্গীর খামারে দুইটা লোক পাঠিয়ে ১০টা হাস চেয়েছিল খাওয়ার জন্য। এতে রাজি না হওয়ায় হুমকি দিয়ে যায়। আমি জিডিও করেছিলাম। এরই জেরে তার হাসগুলো মেরে ফেলা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, রাশেদ ভূইয়া নামে এক ব্যক্তি তাকে হুমকি দেয়ার ঘটনায় জিডি করেছেন। তবে হাঁস মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাভার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করার পর বিষয়টি আমরা দেখবো। পরে পুলিশের মাধ্যমে মরে যাওয়া হাঁস ফরেনসিতে পাঠানো হবে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২, ২০২১ ৯:১৩ অপরাহ্ন
রাজশাহীর পদ্মা নদীতে ঘড়িয়াল অবমুক্ত
প্রাণিসম্পদ

রাজশাহীর পদ্মা নদীতে একটি ঘড়িয়াল অবমুক্ত করা হয়েছে। রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঘড়িয়ালটি অবমুক্ত করে। তারা খুলনা বন বিভাগের কাছ থেকে ঘড়িয়ালটি পেয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে পদ্মা নদীর রেলবাজার এলাকায় এটি অবমুক্ত করা হয়।

জানা যায়, পুরুষ জাতের ঘড়িয়ালটির ওজন দুই কেজি। এর দৈর্ঘ্য ২৮ ইঞ্চি। ধরা পড়ার পর এটি খুলনা বিভাগের রেসকিউ সেন্টারে ছিল। আজ সকালে হস্তান্তর করা হয়েছে।

ঘড়িয়ালটি অবমুক্ত করার সময় রাজশাহী বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড রেঞ্জার হেলিম রায়হান, ফরেস্টার মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবির জানান, গত ২৮ নভেম্বর ঘড়িয়ালটি নড়াইল জেলার কালিয়া উপজেলার নদীতে নওয়া গ্রামের জেলেদের জালে আটকা পড়ে। পরে খুলনা বন বিভাগ জেলেদের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করে রাজশাহী বন বিভাগের কাছে পাঠায়।

তিনি আরও জানান, নববঙা একটি ছোট নদী। সে জন্য সেখানে অবমুক্ত করা হয়নি। বংশবিস্তারের সুবিধার্থে রাজশাহীর পদ্মা নদীতে ছাড়া হয়েছে। এখানে আরও ঘড়িয়াল রয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২, ২০২১ ২:৫৯ অপরাহ্ন
শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়েছে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

মোঃ ইফতেখার হোসেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে দেশের ক্রীড়াবিদরা। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করা হবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, অসামান্য গৌরব বয়ে আনবে”।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু ৫ম আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি এবং প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ (অব.), বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল মোঃ. নজরুল ইসলাম (অব.), ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদগণ এ সময় উপস্থিত ছিলেন।

 এ সময় মন্ত্রী আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নারীর ক্ষমতায়ন। তিনি চান নারীরা সামনের দিকে এগিয়ে যাক। প্রশাসন থেকে শুরু করে ক্রীড়াঙ্গনে সর্বত্র নারীদের প্রতিষ্ঠিত করার জন্য তাঁর নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সন্তানরা, বিশেষ করে নারী ক্রীড়াবিদরা দেশে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চমৎকার সাফল্য দেখাচ্ছে। এটা দেশের জন্য অত্যন্ত সম্মানজনক”।

এর আগে মন্ত্রী ভারোত্তোলনের বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ক্রীড়াবিদদের পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২, ২০২১ ১:৩৮ অপরাহ্ন
গরু মোটাতাজা করতে খামারিরা যা করবেন
প্রাণিসম্পদ

গরু পালন লাভজনক হওয়াতে এখন আমাদের দেশের অনেকেই গরুর খামার করার প্রতি ঝুঁকছেন। তবে, এই গরু যদি হয় আরেকটু মোটাতাজা তাহলে আর কথা ই নাই। আর এর জন্য দরকার গরুর সুষম খাদ্য। আর সুষম খাদ্য প্রয়োগে আপনি আরো লাভবান হতে পারেন গরু পালনে।

খামারে গরু মোটাতাজাকরণে যেসকল আমিষ খাবার আপনার গরুকে খাওয়াবেন:

শুকনা খড়: ২ বছর বয়সের গরুর জন্য দৈহিক ওজনের শতকরা ৩ ভাগ এবং এর অধিক বয়সের গরুর জন্য শতকরা ২ ভাগ শুকনা খড় ২ থেকে ৩ ইঞ্চি করে কেটে এক রাত লালীগুড়-চিটাগুড় মিশ্রিত পানিতে ভিজিয়ে সরবরাহ করতে হবে।

কাঁচা ঘাস: গরুকে প্রতিদিন ৬ থেকে ৮ কেজি কাঁচা ঘাস বা শস্য জাতীয় তাজা উদ্ভিদের উপজাত দ্রব্য যেমন- নেপিয়ার, পারা, জার্মান, দেশজ মাটি কলাই, খেসারি, দুর্বা ইত্যাদি খাওয়াতে হবে।

দানাদার খাদ্য: গরুকে প্রত্যেক দিন কমপক্ষে ১ থেকে ২ কেজি দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। নিচে ১০০ কেজি দানাদার খাদ্যের তালিকা দেয়া হলো- গম ভাঙা-গমের ভুসি ৪০ কেজি চালের কুঁড়া ২৩.৫ কেজি খেসারি বা যে কোনো ডালের ভুসি ১৫ কেজি তিলের খৈল-সরিষার খৈল ২০ কেজি লবণ ১.৫ কেজি। উল্লিখিত তালিকা ছাড়াও বাজারে প্রাপ্ত ভিটামিন মিনারেল মিশ্রণ ১% হারে খাওয়াতে হবে।

১৫০ কেজি ওজনের গবাদিপশুর খাদ্য তালিকা: খড় = ৩ কেজি কাঁচা ঘাস = ৫-৬ কেজি দানাদার খাদ্যের মিশ্রন = ১.৫-২ কেজি চিটাগুড় = ৫০০ গ্রাম ইউরিয়া = ৪৫ গ্রাম (নিয়মানুয়ায়ী) লবন = ৩৫ গ্রাম।

১০০ কেজি দৈহিক ওজনের গবাদিপশুর খাদ্য তালিকা: ধানের খড় = ২ কেজি সবুজ ঘাস = ২ কেজি (ঘাস না থাকলে খড় ব্যবহার করতে হবে দানদার খাদ্যে মিশ্রন = ১.২-২.৫ কেজি ইউরিয়া = ৩৫ গ্রাম (নিয়মানুযায়ী) চিটাগুড়া = ২০০-৪০০ গ্রাম লবণ = ২৫ গ্রাম দানাদার খাদ্যের সাথে লবন, ইউরিয়া, চিটাগুড় এক সাথে মিশিয়ে দিনে ২ বার দিতে হবে। ধানের খড় এবং কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে এক সঙ্গে মিশিয়ে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়।

কৃমিমুক্তকরণ ও টিকা প্রদান: গরুকে ডাক্তারের নির্দেশনা মত কৃমির ওষুধ খাওয়াতে হবে। নতুন গরু সংগ্রহের পর পরই পালের সব গরুকে একসঙ্গে কৃমিমুক্ত করা উচিত। এক্ষেত্রে প্রতি ৭৫ কেজি দৈহিক ওজনের জন্য ১ টি করে এনডেক্স বা এন্টিওয়ার্ম ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে।

পূর্ব থেকে টিকা না দেয়া থাকলে খামারে আনার পর পরই সব গরুকে তড়কা, বাদলা ও ক্ষুরা রোগের টিকা দিতে হবে। এ ব্যাপারে নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করতে হবে।

ঘর তৈরি ও আবাসন ব্যবস্থাপনা: আমদের দেশের অধিকাংশ খামারী ২/৩ টি পশু মোটাতাজা করে থাকে, যার জন্য সাধারণত আধুনিক শেড করার প্রয়োজন পড়ে না। তবে যে ধরনের ঘরেই গরু রাখা হোক, ঘরের মধ্যে পর্যন্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ঘরের মল- মূত্র ও অন্যান্য আবর্জনা যাতে সহজেই পরিষ্কার করা যায়, সে দিকে খেয়াল রেখে ঘরে তৈরি করতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ন
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
প্রাণিসম্পদ

মোঃ ইফতেখার হোসেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী বলেন, “একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কার জয়ী নজরুল গবেষক রফিকুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তার মৃত্যু এ দেশের জন্য অপূরণীয় ক্ষতি”।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৩০, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ন
ভেড়া পালন ও সবজি চাষে পাল্টে গেছে ধরলার চরের জীবন
প্রাণিসম্পদ

ববিতা বেগম। কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের ধরলার চর সরদার পাড়া গ্রামের বাসিন্দা। বিগত বছরের বন্যাগুলোতে সর্বশান্ত হয়ে পড়েছেন। ভেসে গেছে বসতবাড়ি। সেসময় সরকারি-বেসরকারি সহযোগিতা পেলেও কষ্টের জীবন কাটেনি। গত বন্যার পরে খাদ্য সহায়তার সঙ্গে পেয়েছেন ১টি ভেড়া ও শাক-সবজির বীজ। এক বছরেই তার ঘরে এখন ৪টি ভেড়া। বিক্রি করছেন বাড়ির উঠোনের শাক-সবজি। সংসারে এসেছে সচ্ছলতা।

কুড়িগ্রামের ভোগডাঙ্গা, পাঁচগাছি ও যাত্রাপুর ইউনিয়নে সরেজমিন ঘুরে দেখা গেছে, এমন মানবিক সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে ধরলা ও ব্রহ্মপুত্রের ৮টি গ্রামের ২৪০ পরিবার। এমন সহযোগিতা করেছে বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপের ট্রানজিশন ফান্ড (এএসডি) প্রকল্প।

ববিতা বেগম জানান, তিনি ফ্রেন্ডশিপের ট্রানজিশন ফান্ড (এএসডি) প্রকল্প থেকে ৩ হাজার ৬০০ টাকা মূল্যের একটি ভেড়া পেয়েছেন। এখন তার ৪টি ভেড়া; যার বাজারমূল্য ১৬ হাজার টাকা। আধুনিক পদ্ধতিতে শাক-সবজি উৎপাদনের প্রশিক্ষণ পাওয়ার পর তার বসতবাড়িতে উৎপাদিত সবজি এ বছর ৮ হাজার টাকা বিক্রি করেছেন। তার সাংসারিক ব্যয়ভার বহনে সহায়ক হচ্ছে। একটি সেলাই মেশিনও কিনেছেন।

একই গ্রামের আহাদ আলী, সুমি বেগম, সাজিনা খাতুনসহ আরও অনেকে বলেন, আগে হাট থেকে সার কিনে আনতাম। এখন আমরা কম্পোস্ট সার তৈরি করে ব্যবহার করি। ফেরোমন ফাঁদ দিয়ে পোকা মারছি। সরকারি সুযোগ-সুবিধা পেতে বিভিন্ন অফিসে যোগাযোগ করছি। সঙ্গে গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

‘ফ্রেন্ডশিপ’-এর ট্রানজিশন ফান্ড (এএসডি) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক বলেন, ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় গ্রামের মানুষের সচ্ছলতা আসে। তাদের আয়-রোজগার নিয়মিত হয়। এতে তারা অর্থনৈতিক মুক্তি পায়। সমাজে সুশাসন; যেমন বাল্যবিবাহ রোধ, পারিবারিক নির্যাতন বন্ধ, জাতীয় সংসদ ও সংবিধান সম্পর্কে ধারণা, জিডি করার কৌশল ইত্যাদি শিক্ষামূলক প্রশিক্ষণ পায় তারা। পাশাপাশি তাদের মধ্যে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। রৌমারী উপজেলার মোট ২৪টি চরের ৭২১ পরিবারকে সহায়তা করা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রাম সদর উপজেলায় ফ্রেন্ডশিপের ট্রানজিশন ফান্ড প্রকল্পের মাধ্যমে ২৪০টি পরিবারকে ভেড়া প্রদান এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে পরিবারগুলোর ভেড়া পালনের মাধ্যমে স্বল্প সময়ে অধিক আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি ভেড়াকে টিকা এবং কৃমিনাশক বিনামূল্যে দেওয়া হয়েছে। চর এলাকা ভেড়া পালনের উপযুক্ত, তাই এ অঞ্চলের মানুষ স্বাবলম্বী হবে বলে আশাবাদী।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৯, ২০২১ ২:৫৩ অপরাহ্ন
তিন পা নিয়ে জন্ম নেয়া বাছুরটির দাম ৩ লাখ টাকা
প্রাণিসম্পদ

দিনাজপুরের বিরল উপজেলায় তিন পাবিশিষ্ট অদ্ভুত এক বাছুরের দাম তিন লাখ টাকা হাঁকানো হয়েছে। প্রাকৃতিকভাবে বাছুরটির তিন পা নিয়ে জন্ম হয়। বাছুরটির বয়স সাত মাস।

নীবিড় পরিচর্যার মাধ্যমে লালন-পালন করছেন কৃষক মো. নুর ইসলাম। তিনি দিনাজপুরের বিরল পৌর শহরের ৬নং ওয়ার্ডের শাকধোয়া এলাকার বাসিন্দা ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও. মো. মনসুর আলীর ছেলে।

এদিকে বাছুরটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন ওই কৃষকের বাড়িতে।

কৃষক মো. নুর ইসলাম জানান, সাত মাস আগে তিন পা নিয়েই বাছুরটির জন্ম হয়। অদ্ভুতভাবে বাছুরটি তিন পা নিয়েই দাঁড়িয়ে থাকতে পারে। ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিন পা নিয়েই অন্যান্য গরুর মতোই চলাফেরা করছে বাছুরটি। এর তিনটি পা স্বাভাবিক থাকলেও পেছনের বাম পা শরীর ভেদ করে সামান্য একটু বের হয়ে আছে। এখানে দুটি নোখও রয়েছে।

বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে। স্বাভাবিক অবস্থায় বাছুরটি নিয়মিত খাওয়া-দাওয়া এবং বিশ্রাম করে।

তিনি আরও জানান, বিভিন্ন পর্যটনকেন্দ্র ও রিসোর্ট থেকে ও বাছুরটি ক্রয়ের জন্য প্রস্তাব আসে। তবে তিন লাখ টাকা মূল্য পেলে এ ষাঁড় বাছুরটি বিক্রি কবেন বলে জানান মো. নুর ইসলাম।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop