৭:১১ পূর্বাহ্ন

বুধবার, ১৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : নভেম্বর ৩, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ন
কমতে শুরু করেছে আমদানিকৃত পেঁয়াজের দাম
কৃষি বিভাগ

বাজারে কমতে শুরু করেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে। কিছুদিন আগে এর দাম ঊর্ধ্বমুখী ছিল।

সেপ্টেম্বর মাস থেকে হিলিস্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে আমদানিকারকেরা বেশ বিপাকে পড়ে যায়।

কিন্তু বর্তমানে বাজার পরিদর্শন করে দেখা গেছে যে, পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী।

হিলিস্থল বন্দর

 

আমদানিকরকেরা বলেছেন, পেঁয়াজের ওপর শুল্ক প্রত্যাহারের প্রভাবে পেঁয়াজের দাম কমে আসছে।

দেশে বাজারে পেঁয়াজের চাহিদা বাড়লে, ভারত প্রায় প্রতি বছরই নানা অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ কারণে দেশের আমাদানিকরকেরা বার্মাসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে।

এদিকে, দেশে নতুন পেঁয়াজ ওঠতে শুরু করেছে। সেই সঙ্গে ভারতও পেঁয়াজের দাম কমিয়ে দিয়েছে। বর্তমানে বার্মার পেঁয়াজ পুরোপুরি বাজার দখল করে রেখেছে। এরই প্রভাব পড়েছে বাজারে পেঁয়াজের দামে। বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে হিলিস্থল বন্দরে পেঁয়াজ ক্রয় করার জন্য পাইকার ব্যবসায়ী প্রায় নেই বলা যায়।

পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে প্রতিদিন ১০ থেকে ২০ ট্রাক পেঁয়াজ কেনা হলেও বর্তমানে এক ট্রাক পেঁয়াজও কেনা হচ্ছে না।

যেহেতু পুরো দেশের বাজারে বার্মা ও অন্যান্য দেশের পেঁয়াজের দখলে রয়েছে। সে কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা নেই।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৩, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ন
বাগাতিপাড়ায় কম্বাইন্ড হারভেস্টর ও কৃষি প্রণোদনা প্রদান
কৃষি বিভাগ

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ৫৬০ জন কৃষককে রবি মৌসুমের দুইটি শস্য আবাদে কৃষি প্রণোদনা এবং ভর্তুকি মূল্যে একটি কম্বাইন্ড হারভেস্টর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার জিমনেশিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল সভা প্রধানের দায়িত্ব পালন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলী স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন মৌসুমের ফসল উৎপাদনে নিয়মিত প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার। সার ও সেচের জ্বালানির মূল্য কমানো হয়েছে, উন্নত বীজ সহজলভ্য করা হয়েছে, নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে, কৃষির যান্ত্রিকীকরণ করা হয়েছে। এসব কার্যক্রমের সুফল হিসেবে দেশ এখন বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ করে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে মোট ৫৬০জন নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তাদের এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনী সরিষা ও খেসারী ডাল বীজ, সার ও আবাদের জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া একজন আদর্শ কৃষককে পঞ্চাশ শতাংশ হ্রাসকৃত মূল্যে একটি কম্বাইন্ড হারভেস্টর প্রদান করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৩, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ন
মধু ও মৌমাছি বিষয়ক জাতীয় সম্মেলন:
কৃষি বিভাগ

সঠিক পদ্ধতিতে মধু আহরণ, সংগ্রহ ও বাজারতকরণ নিয়ে দ্বিতীয় জাতীয় সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ‘মৌমাছি ও মধু’ সংগঠন। শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস পোপাইস প্লাস কনভেনশন হলে দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

মধু বিষয়ক জাতীয় এ সম্মেলনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দেশের প্রথিতযশা মৌ গবেষক, লেখকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তাছাড়া মধু বিষয়ক গবেষণাধর্মী বিশেষায়িত ম্যাগাজিনের প্রথম সংখ্যার মোড়ক উম্মোচন করা হবে।

জাতীয় এ সম্মেলনে মধু সংশ্লিষ্ট চাষি, গবেষক, ব্যবসায়ী ও ভোক্তাদের আসল মধু চেনার উপায়, সঠিক পদ্ধতিতে মধু সংগ্রহ ও বাজারজাতকরণ সম্পর্কে আলোকপাত করা হবে। মানসম্পন্ন পণ্য বাজারজাত করে সরকারের রাজস্ব সংগ্রহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, ট্রেড মার্ক, বিএসটিআই, লাইসেন্স ও এর হালনাগাদ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।

মৌমাছি ও মধু সংক্রান্ত বিভিন্ন গবেষণা ও তথ্য তুলে ধরতে ২০১৯ সালে ‘মৌমাছি ও মধু’ সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রায় সাত হাজার সদস্যের এ গ্রুপটি অনলাইন প্লাটফর্মের পাশাপাশি অফলাইনেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মৌমাছি ও মধু বিষয়ক প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সবার মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে বিভিন্ন সভা, সেমিনার, ওয়েবিনার ও জাতীয় সম্মেলনের আয়োজন করে আসছে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২, ২০২১ ৫:২৩ অপরাহ্ন
চলনবিলে ধান কাটা শুরু
কৃষি বিভাগ

খাদ্যশস্যের ভাণ্ডারখ্যাত চলনবিলে আগাম জাতের বোনা ও রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে কমতে শুরু করেছে চালের দাম। ফলে নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে।

চলনবিলের প্রসিদ্ধ চাল ও ধানের হাট চাঁচকৈড়, মির্জাপুর, কাছিকাটা, সলঙ্গা, আসামগঞ্জ, নওগাঁ, গুল্টা, বিনসাড়া, নিমগাছি, চান্দাইকোনা, তালগাছি, রণবাঘা, ধামাইচ হাট, বোয়ালিয়াসহ অর্ধশত হাট ঘুরে দেখা গেছে, সব ধরনের ধান ও চালের দাম কমতে শুরু করেছে।

জানা গেছে, চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর; পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর; নাটোরের সিংড়া, গুরুদাসপুর এবং নওগাঁর আত্রাই উপজেলায় চলতি বছর প্রায় ৮০ হেক্টর জমিতে বোনা ও রোপা আমন ধান চাষ হয়েছে। আর চলনবিল এলাকায় বর্ষা মৌসুমে জমিতে প্রচুর পলি পড়ায় জমি উর্বর হয়। ফলে আমন ধানের বাম্পার ফলন হয়, এবারও তাই হয়েছে। এ অবস্থায় বিলপাড়ের মানুষের মধ্যে ধান কাটা উৎসবের আমেজ বিরাজ করছে।

তাড়াশের ধামাইচ হাটের ধানের আড়তদার কেরামত আলী জানান, রোববার পর্যন্ত চলনবিলে প্রতি মণ আব্দুল গুটি ধান এক হাজার ৪০০ থেকে এক হাজার ২০০, কাটারিভোগ ১৩০০ থেকে ১১০০, ব্রিআর-৫১ এক হাজার ১২৫ থেকে ৯৫০, ব্রিআর-২৯ এক হাজার ২৫০ থেকে এক হাজার ৫০ টাকায় নেমে এসেছে।

গুরুদাসপুরের চাঁচকৈড় হাটের চালের আড়তদার আয়নাল সরদার জানান, বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কেজিতে পাঁচ থেকে আট টাকা কমেছে। বর্তমানে প্রতি কেজি কাটারিভোগ চাল ৬০ টাকার স্থলে ৫২, ৫৮ টাকার মিনিকেট ৫২ টাকা, ব্রিআর-২৯ ধানের চাল ৪৭ টাকার স্থলে ৪১ টাকা, মোটা চাল ৪৫ টাকার স্থলে ৩৮ টাকা ও নতুন সব ধরনের আমন ধানের চাল ৪০ টাকা থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

তাড়াশ বাজারের চালের আড়তদার লাবু হোসেন জানান, চলনবিলের হাটবাজারে সব ধরনের চালের দাম কেজিপ্রতি পাঁচ থেকে আট টাকা কমেছে। এ ছাড়া চলনবিলের ধান কাটা শেষ হলে ধান ও চালের দাম আরও কমবে।

স্থানীয় হোসেন আলী, দুদু ফকির, ওমেলা খাতুন, আহাদ আলীসহ অনেক শ্রমজীবী মানুষ বলেন, ‘ধান ও চালের দাম কমে আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’ তাড়াশের ইউএনও মেজবাউল করিম বলেন, চলনবিল খাদ্যশস্যের অন্যতম বড় উৎস। এখানে ধান কাটা শুরু হলে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। এ ছাড়া চালের দাম কমাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২, ২০২১ ২:৪০ অপরাহ্ন
সাতক্ষীরায় আমন ধান চাষে বাম্পার ফলন
কৃষি বিভাগ

সাতক্ষীরায় আমন ধান চাষে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় আমন ধানের চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন জেলার বিভিন্ন এলাকার কৃষকরা। মাত্র ১১০ দিনের ব্যবধানে বিঘাপ্রতি ২৫ মন ধান পেয়ে বেশ খুশি সাতক্ষীরার চাষিরা। ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় আগামীতে আরও বেশি আমনের চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, আমন ধানের চাষ করতে আমাদের সময় লাগে ১৫০-১৬০ দিন। আর মাত্র ১১০ দিনে বিনা-১৭ জাতের ধান পেয়েও আমরা সরিষা ও মুগ, খেসারি আলু চাষের সময় ও সুযোগ পেয়েছি। এরপর একই জমিতে আউশ ধান লাগিয়ে আমরা লাভবান হয়েছি।

কৃষক জাহাঙ্গীর আলম বলেন, উচ্চ ফলনশীল এই জাতের ধান গাছের প্রতিটি ছড়ায় গড়ে ২৫০ থেকে ২৬০টি ধান থাকে এবং তা ঝরে যায় না। বিনা-১৭ জাতের ধান চাষে ৪০ শতাংশ পানি কম লাগে। একইভাবে ইউরিয়া সারও লাগে ৩০ শতাংশ কম। একইসঙ্গে ধানগাছ গুলো সব সময় খাড়া থাকে।

আরেক কৃষক সাঈদ জানান, এই জাতের ধান অন্যান্য জাতের ধানের তুলনায় বিনা-১৭ জাতে অনেক বেশি ফলন পেয়েছি। জলাবদ্ধতার শিকার সাতক্ষীরায় পাটচাষের পরই বিনা ধানসহ মোট চারটি ফসল ঘরে তুলবার সময় পেয়েছি আমরা। আগামীতে আরও বেশি জমিতে এই জাতের ধান চাষ করার ইচ্ছা আছে তার।

সাতক্ষীরার পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার বলেন, এবারের মৌসুমে সাতক্ষীরা জেলার ১৫০ জন চাষি বিনা ১৭ জাতের ধান চাষ করেছেন দেড় হাজার একর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কৃষকরা এই জাতের ধানের ভালো ফলন পেয়েছেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২, ২০২১ ২:২২ অপরাহ্ন
কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে ইউরোপ সফরে যাচ্ছেন কৃষিমন্ত্রী-শীর্ষ ব্যবসায়ীগণ
কৃষি বিভাগ

ইউরোপের বাজারে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে কৃষিমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য (ইউকে) ও নেদারল্যান্ড সফরে যাচ্ছে দেশের শীর্ষ ব্যবসায়ীসহ ১২ সদস্যের প্রতিনিধিদল।

মঙ্গলবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বরার্ট চ্যাটারসন ডিকশনের সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ ছিল। এখন আমাদের প্রধান খাদ্য ভাতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের শাক-সবজি ফলমূল, তেল-ডাল, পেঁয়াজ সব কিছুরই উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা এখন চিন্তা করছি কৃষকের আয় কিভাবে বাড়ানো যায়। সেটি করতে হলে আমাদের বাণিজ্যিক কৃষিতে যেতে হবে। বাণিজ্যিক কৃষিতে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় তুলনামূলকভাবে কম।’

মন্ত্রী বলেন, ‘আমাদের শাক-সবজি ও ফলমূলের উৎপাদন বেড়েছে তাই এগুলো রপ্তানির সুযোগ রয়েছে। আমরা কিছু কিছু রপ্তানি করি যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে, সেখানে বাঙালি যারা কাজ করে তাদের জন্য। আমরা চাচ্ছি ইউরোপীয় দেশে উন্নত দেশের মূল মার্কেটে যাওয়ার জন্য।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘এজন্য আমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেদারল্যান্ড ও যুক্তরাজ্যে (ইউকে) যাচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, ফ্রেস গ্রুপের মোস্তফা কামাল, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এফ এইচ আনসারী এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রতিনিধিদলে থাকছেন। লিডিং বিজনেস হাউজগুলোর প্রায় সবাই যাচ্ছেন।’

এছাড়া প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তারা থাকবেন বলে কৃষি মন্ত্রণালয় থেকে জানা গেছে।

১২ সদস্যের প্রতিনিধি দলটি আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দুটি দেশ সফর করবে বলেও জানান কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘এই সফরের বিষয়ে…ইউকেতে আমরা কোন ধরনের কর্মসূচি করবো, কাদের সঙ্গে দেখা করবো… আমরা চাচ্ছি বড় বড় কোম্পানির সিওদের সঙ্গে, পরিবেশ ও কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং তাদের সঙ্গে একটা লিংকেজ সৃষ্টি করতে। যাতে আমরা রপ্তানি বাড়াতে পারবো।’

‘এটা নিয়ে আলোচনা (রাষ্ট্রদূতের সঙ্গে) করেছি, উনি আমাদের সহযোগিতা করবেন। যাতে বাংলাদেশের কৃষিপণ্য যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি করতে পারি।’

মন্ত্রী বলেন, ‘আমরা যদি রপ্তানি বাড়াতে পারি, তবে আমাদের কৃষকদের আয়ও বাড়বে। স্থানীয় বাজারেও মানুষের কেনার ক্ষমতা বাড়বে।’

তিনি বলেন, ‘পোল্ট্রি বা দুধ একটু বেশি উপাদন হলেই আর বেচতে পারে না। ডিমেও এই রকম। মানুষের আয় বাড়া দরকার। এটা কোনভাবেই স্থানীয় মার্কেটে হবে না। ভিয়েতনাম, থাইল্যান্ড যেভাবে…ভিয়েতনাম ৪০ বিলিয়ন ডলার আয় করে শুধু কৃষিপণ্য রপ্তানি করে।’

‘মানের বিষয়েও আমরা যাচ্ছি। ইউরোপীয় স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কী কী রিকয়ারমেন্ট, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, অ্যাক্রেডিটেড ল্যাবের সার্টিফিকেট। মানুষের নিরাপদ খাদ্য খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমরা কিভাবে নিরাপদ খাদ্য দিতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’

বাংলাদেশ যুক্তরাজ্যের কারিগরি সহযোগিতা চায় জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা চাই। ফান্ডিং সাপোর্ট এখন চাচ্ছি না। ইনশাআল্লাহ আমাদের ফান্ড আছে। এগ্রো ইন্ডাস্ট্রিও আমরা সেটআপ করতে পারবো। কিন্তু কারিগরি সহযোগিতা দরকার। এই ব্যাপারেই সহযোগিতা চেয়েছি। সে আমাদের বলেছে, কারিগরি ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা তারা দেবেন।’

‘পূর্বাচলে একটি প্যাকেজিং প্রতিষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী ২ একর জমি দিয়েছেন। সেখানে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যাক্রেডিটেড ল্যাব করবো, যেখান থেকে আমাদের কৃষিপণ্য সার্টিফাইড করা হবে। সেখানে প্যাকেজিং করে বিভিন্ন পণ্যের জন্য আলাদা আলাদা কোল্ড স্টোরেজ থাকবে। সেখানে থেকে পণ্য এয়াপোর্টে চলে যাবে। এজন্য তাদের ল্যাবগুলো দেখার জন্য যাচ্ছি এবং লিংকেজ করা, আমরাও কিভাবে করতে পারি।’

জলবায়ু সম্মেলন নিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী গতকাল তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সেগুলো নিয়েও কিছু বলেছেন যে, বাংলাদেশের একটি বিরাট ভূমিকা রয়েছে। ৪৯টি দেশের লিডার হিসেবে বাংলাদেশ কাজ করছে। আমরা প্রশংসা করি, এখন পর্যন্ত যুক্তরাজ্য যেভাবে কপ২৬ আয়োজন করেছে। গ্লোবাল লেভেল পার্টিসিপেশন ভালো। ভালো আলোচনা হচ্ছে। আমরা আশা করি, একটা ভালো ফলাফল  পাবো।’

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২, ২০২১ ৭:৪৫ পূর্বাহ্ন
সবজি চাষে ব্যস্ত সুনামগঞ্জের কৃষকরা
কৃষি বিভাগ

সুনামগঞ্জের সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন দুই উপজেলার কৃষকরা।

এরই মধ্যে কৃষকরা লাল শাক, লাউ, বেগুন, শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও শসাসহ বিভিন্ন সবজির চাষাবাদ শুরু করেছেন। আর তিন থেকে চার সপ্তাহ পর এসব সবজি বাজারজাত করবেন এমনটাই আশা এখানকার কৃষকদের।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষেত থেকে উঠবে শীতকালীন শাক-সবজি। বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমনটাই স্বপ্ন কৃষকদের।

জেলা কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি বছরে সুনামগঞ্জে ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে সকল ধরনের সবজি চাষ করছেন কৃষকরা।

এছাড়াও সুনামগঞ্জে সবজি এলাকা হিসেবে বিখ্যাত দুটি উপজেলায় বেশি সবজি চাষ করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃষ্ণনগর, বাঘমাড়া, কুনারগাঁও, নলুয়া, বেরীগাঁও, ঝরঝরিয়া, মঙ্গলকাটা ও বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ, পলাশ, জিনারপুর, মাজাইগাও গ্রামে বেশি শীতকালীন সবজি আবাদ করা হয়।

বিশ্বম্ভরপুর উপজেলার মাজাইরগাঁও গ্রামের কৃষক শাহ আলম জানান, আমি প্রতি বছর শীতকালীন শসা, টমেটো সবজি চাষ করি এবং বাজারে ভালো দামে বিক্রি করতে পারি। এই বছর ৮ একর জমিতে শসা ও টমেটোর ক্ষেত করেছি যদি ফলন ভালো হয় তাহলে আশা করি গত বছরের তুলনায় এই বছর বেশি লাভবান হবো।

বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক আলাউর মিয়া জাগো নিউজকে বলেন, পাঁচ হাজার টাকা খরচ করে লাউ শাক চাষ করেছি। শাকের ফলন খুব ভালো হয়েছে। কিছুদিন পর এই লাউ শাক বিক্রি করে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হবে।

সুনামগঞ্জ সদর উপজেলর কৃষ্ণনগর গ্রামের কৃষক হেলাল মিয়া জাগো নিউজকে বলেন, শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে তুলতে পারলে দাম ভালো পাওয়া যায়। পাশাপাশি বাজারে চাহিদা থাকার কারণে তিনি এবছর শীতকালীন সবজি হিসেবে লাউ, শিম ও বেগুনের চাষ করেছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহরে মধ্যে এসব আগাম সবজি বাজারে বিক্রি করতে পারবেন।

সুনামগঞ্জ সদর উপজেলার বাঘমাড়া গ্রামের কৃষক আলী হোসেন জাগো নিউজকে বলেন, প্রতি বছর শীতের শুরুতে বাজারে নতুন সবজি তুলে আমি বিক্রি করি। এই বছর বেগুন আর শিম চাষ করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে।

আবহাওয়া অনুকূলে ও বাজারে সবজির চাহিদা থাকলে আশা করি এই সবজি থেকে প্রায় লক্ষাধিক টাকা লাভ হবে।

সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান  বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজির বাম্পার ফলন হবে। পাশাপাশি শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে এলে কৃষকরা ভালো দাম ভালো পাবেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১, ২০২১ ৭:৩১ অপরাহ্ন
বরিশালে অমৌসুমি ফলের আধুনিক উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কৃষি বিভাগ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে অমৌসুমি ফলের আধুনিক উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রহমতপুরে আরএআরএস’র হলরুমে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার।

আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইকবাল ফারুক, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, এসএসও ড. মো. কফিল উদ্দিন, এসএসও ড. মো. আনওয়ারুল মোনিম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও অঞ্জন কুমার দাস, এসও মো. মাহবুবুর রহমান, এসও স্মৃতি হাসনা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশে প্রায় ৫২ লাখ টন ফল উৎপন্ন হয়। এর শতকরা ৫৪ ভাগ বছরের ৪ মাসে এবং বাকি ৪৬ ভাগ আবাদ হয় বাকি ৮ মাসে। এই উৎপাদিত ফল আমাদের চাহিদা পূরণে সক্ষম নয়। তাই বিদেশী ফল রফতানি করতে হচ্ছে। অথচ মৌসুমি ফলের পাশাপাশি অমৌসুমি ফলের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণ সম্ভব। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১, ২০২১ ১:০৭ অপরাহ্ন
ভোলায় ১২ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ
কৃষি বিভাগ

ভোলা জেলায় চলতি মৌসুমে ১২ হাজার ১৪৫ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ হচ্ছে। চলতি মাসের ১৫ অক্টোবর থেকে আবাদ শুরু হয়ে আগামী বছরের মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে। ইতোমধ্যে ৩ হাজার হেক্টরের অধিক জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। নির্ধারিত জমি থেকে ২ লাখ ৫৫ হাজার ৪৫ মেট্রিকটন শাক-সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে।

এছাড়া নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে ভার্মি কম্পোস্ট ও জৈব সার ব্যবহারের জন্য বলা হচ্ছে কৃষকদের। ফলে রাসয়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে সবজি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির জানান, গতছর শীতকালীন শাক-সবজির হেক্টরপ্রতি উৎপাদন হয়েছে ১৮ মেট্রিকটন করে। আর এবছর ধরা হয়েছে হেক্টর প্রতি ২১ মেট্রিকটন করে। অনেক কৃষক আগাম শাক-সবজি চাষ করছেন, যা ইতোমধ্যে ফলন চলে এসেছে। কেউ কেউ বাজারে বিক্রিও করছেন। প্রথম দিকের সবজি হওয়াতে দামও ভালো পাচ্ছেন তারা।

এসব সবজির মধ্যে লাল শাক, টমেটো, মূলা, ক্যাপসিক্যাম, ফুল কপি, বাঁধা কপি, বেগুন, লাউ, শিম, ধনে পাতা, পালং শাক ইত্যাদি রয়েছে। বিশেষ করে জেলার বিচ্ছিন্ন বিভিন্ন চরাঞ্চলে প্রতিবছরই প্রচুর সবজি উৎপাদন হয়ে আসছে। এসব চরে ক্যাপসিক্যম, স্টবেরি, করলা, রেখা চিচিঙ্গার আবাদ বেশি হচ্ছে।

উপজেলা সদরের শীবপুর ইউনিয়নের চালতাতুলী এলাকার কৃষক মনিরুল ইসলাম, জোবায়ের হাসান ও ফজলে করিম বলেন, তারা ৪ একর জমিতে লাউ, করলা, ফুল কপি ও লাল শাকের চাষ করছেন। মাঠে ফসলের অবস্থা বেশ ভালো। পোকা মাকড়ের তেমন উপদ্রব নেই। স্থানীয় কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ পাচ্ছেন বলে জানান তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ বলেন, এ জেলায় প্রতিবছরই ব্যাপক পরিমান জমিতে শীতকালীন শাক-সবজির চাষ করা হয়। যা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় পাঠানো হয়। এর মধ্যে গত কয়েকবছর ধরে ক্যাপসিক্যাম চাষ ব্যাপক সাড়া ফেলেছে। এবছর বিভিন্ন প্রর্দশনীর আওতায় এক বিঘা জমির অনুকূলে ২ শাতাধিক প্রর্দশনীর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আমরা কৃষকদের বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি সব ধরনের পরামর্শ সেবা প্রদান অব্যাহত রখেছি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুক’লে থাকলে এখানে সবজির বাম্পার ফলনের আশা প্রকাশ করেন জেলার কৃষি বিভাগের প্রধান এ কর্মকর্তা।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১, ২০২১ ৯:২৪ পূর্বাহ্ন
সুপারী উৎপাদনে উপযোগী লক্ষ্মীপুর
কৃষি বিভাগ

সুপারী উৎপাদনের উপযোগী ভূমি উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। জেলার প্রতিটি গৃহস্থ বাড়িতে বিস্তৃত ভূমি জুড়ে রয়েছে সুপারী বাগান।

প্রতি মৌসুমে সুপারী বিক্রীর আয়ে এখানকার এক একটি পরিবার ব্যাপক লাভবান হয়ে থাকে। পরিবারের বাৎসরিক খরচের উল্লেখযোগ্য অংশের যোগান আসে সুপারী বিক্রীর টাকায়। তিন রকমভাবে এখানে সুপারী বেচা-বিক্রী হয়ে থাকে।

মৌসুমের শুরুতে গাছের লাল সুপারী প্রথমবার রাঙিয়ে তোলে গৃহস্থের মন। রঙিন সুপারীতে একরকম দাম পাওয়া যায়। এরপর জাগ দিয়ে ভেজানো সুপারী মৌসুম শেষে আরেকটু চড়া দামে বিক্রী করা যায়।

এছাড়া সুপারী শুকিয়ে মজুদ রেখে কয়েকমাস পরে ছোবড়া ছিলেও বিক্রী করা হয়। বলতে গেলে এক মৌসুমের সুপারী ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতিতে সারাবছরই সুযোগমতো বিক্রী করে বাগান মালিকরা বাড়তি উপার্জন করে থাকে।

এ জেলার মানুষ পান এর সাথে সুপারী খেয়ে থাকে। পান ছাড়া আর কোন ভাবে সুপারীর ব্যবহার হয়না এখানে। পরিবারগুলোতে বছরজুড়ে পানের রসদ হিসেবে সুপারী আন্দাজমত মজুদ রেখে উৎপাদিত আর সব সুপারী বিক্রী করে নগদ টাকা আয় করে থাকে। সুপারীতে ভাল আয় থাকায় বাগানের উপযুক্ত পরিচর্যাও করে থাকে বাগান মালিকরা।

স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসেব অনুযায়ী জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে চাষের বিপরীতে চলতি বছর সুপারি উৎপাদন হবে ১৭ হাজার মেট্রিকটন। যার বাজার মূল্য প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা।

এখানকার উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদেশে যাবার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও যাচ্ছে। করোনার এই ক্রান্তিকালে সুপারির বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে হাসি ফুটেছে সুপারির বাগান মালিকদের মুখে।

সুপারীর উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা নেয়া গেলে আগামীতে ফলন আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop