১০:১৭ পূর্বাহ্ন

মঙ্গলবার, ২৩ জুন , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অক্টোবর ২৯, ২০২১ ৮:৩৩ অপরাহ্ন
দেশবিদেশের বড় চাকরি ছেড়ে গ্রামে গড়েছেন এন্টিবায়োটিকমুক্ত মুরগির খামার
পোলট্রি

বুয়েট থেকে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা করে বড় বড় মাল্টিমিডিয়া, টেলিকমিউনিকেশন কোম্পানির চাকরি আর ইউরোপের চাকচিক্যের জীবন ছেড়ে, দেশে এসে মুরগির খামার করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরইতলী গ্রামের প্রকৌশলী ইমরুল হাসান। নিজ গ্রামেই প্রতিষ্ঠা করেছেন ভিন্ন এক মুরগির খামার, যার নাম ‘অর্গানিক চিকেন’। বর্তমানে ইমরুলের ফার্মে প্রায় দেড় হাজারের মুরগি রয়েছে। ক্রেতাদের ঘরে ঘরে এন্টিবায়োটিকমুক্ত মুরগি পৌঁছে দেয়ার জন্য ইমরুলের রয়েছে নিজস্ব ফ্রিজিং ভ্যান।

জানা যায়, ইমরুল ২০০৩ সালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা শেষ করে যোগ দেন শিক্ষকতায়। অল্প কিছুদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর যুক্ত হন টেলিকমিউনিকেশন সেক্টরে। দেশে তিন বছর কাজ করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে কিছুদিন কাজ করে আবার মিসর, ফিলিপাইন, আবুধাবি প্রভৃতি দেশে ছয় বছর কাজ করেন; পেয়েছেন যুক্তরাজ্যে নাগরিকত্বও। কিন্তু সেই মোহ ইমরুলকে আটকাতে পারেনি। নাড়ির টানে ফিরে আসেন পৈতৃক বাড়িতে।

কিছুদিন আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ইমরুল জানিয়েছেন আভিজাত্য চাকরি আর নাগরিকত্বের হাতছানি ছেড়ে তার দেশে ফিরে আসার কারণ।

ইমরুল বলেন, ‘দু’টি কারণে দেশে ফেরার তাগিদ অনুভব করলাম। আমার বড় ভাই ডাক্তার। তাঁর পক্ষে বাবা-মা’কে দেখাশোনা করা সম্ভব হচ্ছিলো না, তাই বৃদ্ধ বাবা-মার পাশে থাকা প্রয়োজন তাঁদের দেখাশোনার। অন্যদিকে আমার মেয়েটা ক্লাস টু-তে পড়ে। এই সময়ে তাকে ছয়বার স্কুল পাল্টাতে হয়েছে। তাই সেসব চিন্তা করে ২০১৪ সালের অক্টোবরে দেশে ফিরলাম।’

দেশে ফিরে টেলিকমিউনিকেশন সেক্টরে ভালোই চলছিল ইমরুলের দিনকাল। কিন্তু এরমধ্যে সারা পৃথিবীব্যাপি হানা দিল করোনা ভাইরাস। সেসময় ইমরুল ভিন্ন কিছু করার চিন্তা করেন।

যে চিন্তা সেই কাজ— গাজীপুরের কালিয়াকৈরে নিজের গ্রামের বাড়িতেই শুরু করে দিলেন গরু-ছাগলের ফার্ম। কীভাবে ফার্মের গরু-ছাগলদের মান ভাল রাখা যায়, সেটার জন্য রীতিমত রিসার্চ করে বের করলেন সব ফন্দি; নিজেই যেহেতু প্রকৌশলী তাই তাকে এর জন্য বেশি বেগ পোহাতে হয়নি। কিন্তু এরমাঝে করোনায় আক্রান্ত হন তিনি। হাসপাতালে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন কোনোমতে। তারপর আবার পুরোদমে শুরু করলেন ‘অর্গানিক চিকেন’ খামার নামে মুরগির ব্যতিক্রমি এক খামার। তবে তা গৎবাঁধা কোন খামার নয়, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয়ে স্মার্ট ফার্মিং। খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে আলো-বাতাসের পর্যাপ্ততা নির্ণয়, পানি ব্যবস্থাপনা, সবই নিয়ন্ত্রণ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ইমরুলের নিজের হাতে তৈরি এসব প্রযুক্তি।

অর্গানিক চিকেন এমন ফার্ম তৈরির চিন্তার ব্যাপারে ইমরুল হাসান জানান, ‘গতবছর আমি করোনায় আক্রান্ত হলাম। হাসপাতালে ভর্তি হতে হলো। ভয়াবহ অবস্থা। হাসপাতালে শুয়েই চিন্তা করছিলাম আমাদের ইমিউন সিস্টেম নিয়ে। অর্থাৎ আমাদের খাবার আমাদের স্বাস্থ্যের সুরক্ষা দিচ্ছে না। খাদ্যের ভেজাল আমাদের সর্বনাশ করে দিচ্ছে। তখনই চিন্তা করলাম বেঁচে থাকলে অর্গানিক খাদ্য উৎপাদন করব। আল্লাহর অশেষ রহমতে এ যাত্রায় বেঁচে গেলাম। বেঁচে ফিরে চিন্তা করতে থাকলাম কীভাবে শুরু করা যায়। এবার পড়াশোনা শুরু করলাম অর্গানিক উপায়ে মুরগি উৎপাদনের।

বর্তমানে ইমরুলের ‘অর্গানিক চিকেন’ ফার্মের বয়স বছরখানেক হয়েছে, এর মাঝেই তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে সচরাচর বাজারে পাওয়া ফার্মের মুরগির চাইতে দরে কিছুটা বেশি শিমুলের অর্গানিক চিকেন খামারের মুগির দাম। দামে কিছুটা বেশি রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা অর্গানিক মুরগি কেজি দরে ২৫০ টাকা করে বিক্রি করছি। যদিও বাজারের ফার্মের মুরগি ১৬০-১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছু টাকা বেশি নিচ্ছি, কারণ আমরা অ্যান্টিবায়োটিকমুক্ত ও প্রাকৃতিকভাবে মুরগি বড় করছি বলে খরচ অন্যদের চেয়ে বেশি।

মুরগিকে অ্যান্টিবায়োটিক না দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ রাখতে চাইলে স্বাস্থ্যকর খাবার দিতে হয়। অর্গানিক গাইডলাইন মেনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে খরচটা বেশি হয়। এর সাথে যোগ হয় বিদ্যুৎ খরচ। তবে আমরা চেষ্টা করছি খরচটা আরও কীভাবে কমিয়ে আনা যায়।’

কোনোরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ফলে বিভিন্ন ঋতু পরিবর্তনে মুরগি বাঁচিয়ে রাখা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তারপরও ইমরুল কোনোরকমের কৃত্রিম অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না। ফলে লোকসানের মুখেও পড়তে হয়েছে। একবার পুরো খামারের প্রায় ৪০ শতাংশ মুরগি মারা পড়ল। সে যাত্রায় লোকসান হলো ৬ লাখ টাকা। আরেকবার মারা গেল ৬০ শতাংশ মুরগি। তবে সেগুলো ছোট হওয়ায় লোকসান কিছুটা কম ছিল। ইমরুল বলেন, ‘এখনো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এগোচ্ছি। লাভ-লোকসানের ঝুঁকির মধ্য দিয়েই এগিয়ে যেতে হচ্ছে। ব্যবসা এমনি।’

বর্তমানে ইমরুলের ফার্মে প্রায় দেড় হাজারের মুরগি রয়েছে। ক্রেতাদের ঘরে ঘরে এন্টিবায়োটিকমুক্ত মুরগি পৌঁছে দেয়ার জন্য ইমরুলের রয়েছে নিজস্ব ফ্রিজিং ভ্যান। অর্ডার করলেই সেই ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি মুরগি পৌঁছে দেন। ইমরুল স্বপ্ন দেখেন, একদিন শিক্ষিত যুবকেরা চাকরির পেছনে না ঘুরে নিজেরাই হয়ে উঠবেন উদ্যোক্তা।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৮, ২০২১ ৯:৩২ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এর আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি ১৯৬৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে যথাক্রমে ১৯৮৫ এবং ১৯৮৬ সালে অনার্স এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। মোহাম্মদ ইয়ামিন চৌধুরী একই বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে আরেকটি স্নাতকোত্তর (এমপিএ) ডিগ্রি অর্জন করেছেন। ড. চৌধুরী প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে Ph. D অর্জন করেন।
শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৭, ২০২১ ৬:৩১ অপরাহ্ন
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
প্রাণিসম্পদ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী জানান, “আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। আইন অঙ্গনে ৫০ বছরেরও অধিক সময় তার দৃপ্ত পদচারণা ছিলো। তিনি ছিলেন আইনজীবীদের জনপ্রিয় নেতা। আইনজীবীদের কল্যাণ ট্রাস্ট গঠনসহ তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। দেশে আইনর শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে”।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৭, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ন
পশু খাদ্যের দাম বাড়ায় বিপাকে প্রান্তিক খামারিরা
প্রাণিসম্পদ

পশু খাদ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক খামারিরা। বেড়েছে খামার রক্ষণাবেক্ষণের খরচও। এসব কারণে লোকসান বেড়ে যাওয়ায় শ্রীপুরের গরুর খামারিরা বিপাকে পড়েছেন। পশুখাদ্যের দাম না কমালে আরও বেশ কিছু খামার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিছুদিন আগেও চালের খুদ কেজি প্রতি বিক্রি হত ২০ টাকা এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। একইভাবে ২৪ টাকার ভুট্টা ৩২ টাকা, ৩৮ টাকার অ্যাংকর ডাল ৬৫ টাকা, ৩১ টাকার মসুর ডালের গুঁড়া ৫২ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া এক বস্তা (৫০ কেজি) ফিডের দাম আগে ৭৫০ টাকা থাকলেও এখন ১ হাজার ১০০ টাকা হয়ে গেছে। তাছাড়া আইকন ভুষি আগে ১০৫০ টাকা থাকলেও এখন ১৫০০ হয়ে গেছে।

শ্রীপুর উপজেলা পানিসম্পদ অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলায় ছোট–বড় মিলে প্রায় ৭৬০ টি গরুর খামার রয়েছে। এ ছাড়া গৃহপালিত প্রায় ৩৭ হাজার ৪ শ ৫টি গরু কৃষকদের ঘরে আছে। সব মিলিয়ে মোট গরুর সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২শ ২০টি। এসব গরুকে খড়ের পাশাপাশি গমের ভুসি, ফিড ও বুটের খোসা খাওয়ানো হয়। কিন্তু গত ১০ দিনের ব্যবধানে ফিড, ভুসি ও বুটের খোসায় বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা দাম বাড়ায় বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা।

তেলিহাটি ইউনিয়নের গরুর খামারি হিরন সরকার জানান, করোনাকালে পশুখাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। গত বছরের শুরুতে এ অঞ্চলের খামারগুলোতে দেখা দেয় লাম্পিং রোগ। এ সময় বেশ কিছু গরু মারা যায়। এর ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে পশুখাদ্যের দাম। পশুখাদ্যের দাম বাড়ায় লোকসানের মুখে অনেকেই খামার বন্ধ করে দিচ্ছেন।

এমসি বাজারে অবস্থিত ভাই ভাই ডেইরি এন্ড এগ্রো র্ফামের মালিক আবু সাইদ জানান, ‘আমার খামারে প্রাকৃতিক উপায়ে গরু হৃষ্টপুষ্ট করা হয়। খামারে সব সময় ১০০ থেকে ১৫০টি গরু থাকে। কিন্তু পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় আর কুলাতে পারছি না। ফলে কমিয়ে দিয়েছি পশুপালন।

শ্রীপুর উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুকুনুজ্জামান জানান, খাদ্য উপাদানের দাম বৃদ্ধি পাওয়ায় পশুখাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পাওয়ায় খামারিরা পশু পালন করতে হিমশিম খাচ্ছে। করোনাকালে খামারিদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৫, ২০২১ ৩:৫৯ অপরাহ্ন
দু‘জোড়া কবুতর দিয়ে এখন ২২০ জোড়া কবুতরের মালিক তিনি!
প্রাণিসম্পদ

মাঝেমধ্যে সব কটি খোপ খুলে দিলে আকাশে উড়াল দেয় ৪৪০টি কবুতর। মাথার ওপর চক্কর দেয়, ডিগবাজি খায়। এ দৃশ্য দেখে তাঁর প্রাণ ভরে যায় ইব্রাহীমের। এই কবুতরপ্রেমীর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামে। তিনি শমসের ফকির ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক।

প্রায় ২৬ বছর আগে কবুতর পালন শুরু করেন ইব্রাহীম। তখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। নানার কাছ থেকে টাকা নিয়ে হাট থেকে চার জোড়া কবুতর কিনেছিলেন। আস্তে আস্তে কবুতরের সংখ্যা বাড়ে। কিন্তু পরে শিয়াল ও গুইসাপের আক্রমণে তাঁর স্বপ্ন ভেঙে যায়। তবে ২০১৪ সালে নতুন করে নিজের বাড়ির পাশে খোলা জায়গায় ঢেউটিনের ছাউনি দিয়ে শুরু করেন খামার। মাত্র দুই জোড়া কবুতরে যাত্রা শুরু। এখন তাঁর আছে ২২০ জোড়া কবুতর।

ইব্রাহীম জানান, ‘ছোটবেলা থেকেই কবুতর পোষার স্বপ্ন ছিল। উড়ন্ত কবুতর দেখতে আমার খুব ভালো লাগত। তাই প্রাণিবিদ্যায় পড়াশোনা করেছি; যাতে সঠিকভাবে পশুপাখি লালন-পালন করতে পারি। পড়াশোনা শেষ করে এই খামার গড়ে তুলেছি। কোনো কারণে কবুতর মারা গেলে চোখে পানি এসে যায়। মনে হয় যেন আমার একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি কখনো খামার থেকে ডিম বা কবুতর নিই না। ওরা ওদের মতো ভালো থাকুক, সুস্থ থাকুক এটাই আমার প্রত্যাশা।’

শুরুতে দুই হাজার টাকা বিনিয়োগ করলেও, এখন তাঁর খামারের মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে সাত থেকে আট লাখ টাকা। ইব্রাহীমের মতে, কেউ চাইলে বাণিজ্যিকভাবে কবুতরের খামার করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে পারেন।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৪, ২০২১ ৮:৪৯ অপরাহ্ন
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইলিশের স্বাদ পৌঁছে দিতে চাই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

ইলিশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইলিশের স্বাদ পৌঁছে দিতে চান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রবিবার (২৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ বাস্তবায়ন সংক্রান্ত মূল্যায়ন এবং ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা জানান।

এ সময় তিনি বলেন “আমাদের সবচেয়ে সুস্বাদু ও ভালো মাছ হচ্ছে ইলিশ। ইলিশ মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, এর নিরাপদ আশ্রয় ও নিরাপদ প্রজননের জন্য সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। মা ইলিশ রক্ষা, ইলিশের অভয়াশ্রম সৃষ্টি করা, ইলিশ গবেষণা, জাটকা সংরক্ষণসহ বিভিন্ন ভাবে আমরা কাজ করছি। ইলিশের পরিসর বৃদ্ধির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার আগ্রহ রয়েছে, পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তারা সকলে মিলে ভূমিকা পালন করতে হবে”।

মন্ত্রী আরো যোগ করেন, “সম্মিলিত প্রচেষ্টায় অন্যান্য বছরের চেয়ে এবার ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা চাইব আগামীতে ইলিশ উৎপাদন আরো বৃদ্ধি পাবে। ইলিশের উৎপাদন এমন একটা জায়গায় আসুক যাতে গ্রাম-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলের সব মানুষ সুস্বাদু ইলিশের স্বাদ নিতে পারেন। পরিপূর্ণতার সাথে পরিবার-পরিজন নিয়ে ইলিশ খেতে পারেন”।

এ সময় মন্ত্রী বলেন, “সারা বিশ্বে সবচেয়ে সুস্বাদু ও সর্বোচ্চ ইলিশ মাছ আহরণে আমাদের স্বত্বাধিকার রয়েছে। সে জন্য ইলিশ রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ে আমরা কর্মসূচি গ্রহণ করি। বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকহারে যাতে ইলিশ রপ্তানি না হয় সে পদক্ষেপও আমরা নিয়েছি”।

“সাম্প্রতিক সময়ে কিছু প্রতিকূলতা লক্ষ্য করেছি। কিছু দুষ্ট লোক তাদের অসাধু পরিকল্পনা ও চিন্তা-চেতনা বাস্তবায়ন করার জন্য দরিদ্র-অসহায় জেলেদের নিষেধাজ্ঞার সময় নদীতে নামাচ্ছে। যারা নিষেধাজ্ঞার সময় মৎস্য আহরণে যায় তাদের বিশাল অংশ অন্যের দ্বারা ব্যবহৃত হয়”-যোগ করেন মন্ত্রী।

মন্ত্রী আরো যোগ করেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে নতুন নতুন সৃজনশীল কর্মপন্থা নির্ধারণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের ভূমিকা আরো বেশি কিভাবে রাখা যায়, সেজন্য নীতি নির্ধারণ করতে হবে। মা ইলিশ সংরক্ষণে এবারের অভিযানের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে আরো ভালোভাবে ভবিষ্যতে অভিযান পরিচালনা করতে হবে”।

মা ইলিশ সংরক্ষণ অভিযানে এবছর যারা ভূমিকা রেখেছেন তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সময় ধন্যবাদ জানান মন্ত্রী।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মোঃ তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় দেশের ৮ বিভাগের বিভাগীয় মৎস্য দপ্তরের উপপরিচালকগণ সংশ্লিষ্ট বিভাগের মা ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রম তুলে ধরেন। কর্মশালায় জানানো হয় এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৮৯২টি মোবাইল কোর্ট ও ১৫ হাজার ৩৮৮টি অভিযান পরিচালনা করা হয় এবং প্রায় ৮৮৪ লাখ মিটার অবৈধ জাল আটক করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৪, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ন
মুরগি পালনে যা জানা থাকা জরুরী
পোলট্রি

বর্তমান সময়ে মুরগি পালন বেশ লাভজনক পেশা হিসেবে পরিচিতি পেয়েছে। খামারে মুরগি পালনে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়। মুরগি পালনে যে ব্যবস্থাগুলো অবশ্যই থাকতে হবে সেগুলো খামারিদের জেনে রাখতে হবে।

মুরগি পালনে যে ব্যবস্থাগুলো অবশ্যই জানা থাকতে হবে:
মুরগির খামারে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। খামারে বিশুদ্ধ পানি না থাকলে মুরগিগুলো অসুস্থ হতে পারে। সেজন্য মুরগির খামারে লাভবান হওয়ার জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে। মুরগির খামার অবশ্যই উঁচু স্থানে হতে হবে। তা না হলে বন্যার পানি উঠে খামারের মুরগি মারাও যেতে পারে। এছাড়াও খামার স্যাঁতস্যাঁতে কিংবা খামারে বিভিন্ন ধরণের রোগ দেখা দিতে পারে।

মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। খামারের চারদিকে খোলামেলা পরিবেশ হতে হবে। খামারে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করতে না পারলে মুরগিতে বিভিন্ন রোগ-জীবাণু আক্রমণ হতে পারে। যা খামারের জন্য বেশ ক্ষতিকর। মুরগির খামার যে জায়গায় স্থাপন করতে হবে সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে খামারে মুরগি পালন সহজতর হবে এবং নানা জটিলতা কাটিয়ে ওঠা যায়।

মুরগির খামারে যাতায়াতের সুবিধা হয় এমন স্থানে খামার স্থাপন করতে হবে। এতে মুরগির খাদ্য পরিবহণ ও মুরগি বাজারজাত করা সুবিধাজনক হবে। এছাড়াও খামারে কোন সমস্যায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৩, ২০২১ ৫:৫৩ অপরাহ্ন
যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) মিলনায়তনে ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০২১-২২ শীর্ষক কর্মশালার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক নাগরিকের সাংবিধানিকভাবে সমঅধিকার রয়েছে। এই সমঅধিকারের রাম-রহিমের বাংলাদেশকে যারা বিভাজনের অপচেষ্টা করে, তারা জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু। এ দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয়নি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ অভিহিত করে যারা আমাদের স্বাধীনতাকে ঠেকানোর চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে যারা আবার পূর্ব-পাকিস্তান কায়েম করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। আবার নতুন করে যদি কেউ দেশের শান্তিপূর্ণ পরিবেশ আর উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদেরকে সরকার কঠোর হাতে দমন করবে”।

এ সময় মন্ত্রী বলেন, “রাষ্ট্র গবেষণায় অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। বিএফআরআই সংশ্লিষ্টরা তাদের গবেষণার মাধ্যমে সর্বোচ্চ যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। গবেষণায় নতুন নতুন বিষয় ও তথ্য-উপাত্ত সংযোজন করতে হবে। আর শুধু গবেষণা করলেই হবে না, সে গবেষণার ক্ষেত্রকে সম্প্রসারণ করতে হবে। গবেষণালব্ধ সবকিছু ব্যবহারের ক্ষেত্র উন্মুক্ত করতে হবে”।

এ সময় বিএফআরআই-এর গবেষণার পরিসর ও কাজের গতি আরও ব্যাপক আকারে বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।

মন্ত্রী আরো যোগ করেন, “গবেষণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে উৎসাহিত করতে চান, পৃষ্ঠপোষকতা দিতে চান, প্রণোদনা দিতে চান। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন গতানুগতিকতার মধ্য দিয়ে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব নয়। আবিষ্কার করতে হলে গবেষণা দরকার। গবেষণার জন্য যে তথ্য দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, অবকাঠামো সাপোর্ট দরকার সবকিছুই সরকার প্রদান করবে”।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তারা অধিকাংশই মেধাবী উল্লেখ করে মন্ত্রী রোগ করেন, “রাষ্ট্র বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে জাতির জন্য মেধাবী সন্তান তৈরি করে। তারাই গবেষক হয়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। সে মানুষগুলোকে দেশ ও জাতির জন্য অবদান রাখতে হবে। সে অবদান রাখতে হবে তাদের গবেষণার মাধ্যমে”।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও এস এম ফেরদৌস আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএফআরআই এর প্রাক্তন মহাপরিচালক ড. এম এ মজিদ, বিএফআরআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীগণ, স্থানীয় মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপস্থাপিত মোট ৬৫টি গবেষণা প্রস্তাবের মধ্যে তিনজন সেরা গবেষণা প্রস্তাব উপস্থাপনকারী বৈজ্ঞানিক কর্মকর্তাকে সমাপন অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২২, ২০২১ ৫:২১ অপরাহ্ন
মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের দেশের অ্যাম্বাসেডর হতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি অডিটোরিয়ামে একাডেমির প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদের নামে একাডেমির অডিটোরিয়ামের নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, “স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠিত। এ একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও ক্যাডেটদের মনে রাখতে হবে, স্বাধীন বাংলাদেশে এ ধরনের প্রতিষ্ঠান প্রথম বঙ্গবন্ধু তৈরি করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিষ্ঠানের ক্যাডেটদের বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে তৈরি হতে হবে। তাদের আচরণ, গুণগত মান, উৎকর্ষ, কর্তব্য, দায়িত্বশীলতা, সততা, সৃজনশীলতা দেশে ও দেশের বাইরে যেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে, সে লক্ষ্যে কাজ করতে হবে। বিদেশের একটা জাহাজে একজন ক্যাডেট যখন কাজ করবেন, তার আচরণ, প্রজ্ঞা, কর্মদক্ষতা দিয়ে পরিস্ফুট হবে যে, এই হচ্ছে বাংলাদেশ। ক্যাডেটদের প্রত্যেককে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশ সরকার এটা প্রত্যাশা করে”।

একাডেমির ক্যাডেটদের উদ্দেশে মন্ত্রী আরও যোগ করেন, “দায়িত্বের প্রতি সবসময় পবিত্রতার সাথে মনোযোগী থাকবেন। দায়িত্বের কোন সীমারেখা টানবেন না। কাজের মধ্যে যেন নিষ্ঠা থাকে, ঐকান্তিক ইচ্ছা থাকে। দায়িত্বকে নিজের মধ্যে ধারণ করতে হবে। তা নাহলে নিজের মেধার বিকাশ ও উৎকর্ষ সাধন করা সম্ভব হবে না। আপনারা অধ্যাবসায়ী হবেন, যাতে জীবনে ব্যর্থতা গ্রাস করতে না পারে”।

মেরিন ফিশারিজ একাডেমির উন্নয়নে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা একাডেমির প্রাক্তন অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদের অবদানের কথা এ সময় স্মরণ করেন মন্ত্রী।

মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, যুগ্মসচিব ড. মো. মশিউর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চট্টগ্রামের বিভাগীয় ও জেলা মৎস্য দপ্তর ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাগণ, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, মেরিন ফিশারিজ একাডেমির কর্মকর্তাগণ এবং প্রাক্তন ও বর্তমান ক্যাডেটগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে ‘ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটোরিয়াম’ নামে মেরিন ফিশারিজ একাডেমির অডিটোরিয়ামের নামকরণের ফলক উন্মোচন এবং ফিতা কেটে নতুন নামকরণকৃত অডিটোরিয়ামের উদ্বোধন করেন মন্ত্রী।

 

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২২, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ন
মাংসের বাজারে মিলবে উটপাখিও!
পোলট্রি

গরু, খাসি ও মুরগির মাংসের মতো এবার বাজারে মিলবে উটপাখির মাংসও। এ বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ)। প্রাণিবিজ্ঞানীরা বলছেন, গবেষণার মাধ্যমে বাণিজ্যিক খামারে উটপাখি পালনে সম্ভাবনাময় ও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এখন মাঠ পর্যায়ে উটপাখি পালন সম্প্রসারণের অপেক্ষা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও হালাল উটপাখির মাংস। এ কারণে আমিষের চাহিদা পূরণে এ পাখি পালন সারা দেশে ছড়িয়ে দিতে চান তারা।

ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, বছরখানেক আগে দক্ষিণ আফ্রিকা থেকে কিছু উটপাখি আনে বিএলআরআইএ। পরে এখানে প্রাথমিকভাবে পালন শুরু হয়।

তারা বলছেন, উটপাখির অবাধ প্রজনন, ডিম ফোটানো থেকে শুরু করে খাবার, লালন-পালন এবং এর মাংসের গুণাগুণ নিয়ে সবই ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। পাখিগুলো দেশের বিভিন্ন খামারিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা।

বিএলআরআইয়ের এ প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক ড. মো. সাজেদুল করিম সরকারজানান, এ পাখির মাংস বেশ সুস্বাদু। স্বাদ অনেকটা মুরগির মাংসের মতোই। তবে মুরগির মাংসের চেয়ে উটপাখির মাংসে কোলেস্টেরলের পরিমাণ অনেক কম। তাই এর মাংসের কদরও বেশ।এতদিন অনেকেই সৌন্দর্যবর্ধন ও শখে উটপাখি পালন করেছেন। তবে অনেকে জানতেনই না যে উটপাখির মাংস শতভাগ হালাল। এর লালন-পালন সহজলভ্য এবং এর মাংসকে জনপ্রিয় করার জন্য আমরা কাজ করছি। গুণাগুণ বিচারে উটপাখির মাংসের তুলনা হয় না।

পাখিদের মধ্যে সবচেয়ে বড় উটপাখি। তবে এরা উড়তে পারে না। এদের উচ্চতা হয় সাত থেকে আট ফুট পর্যন্ত। ওজন ১৫০ থেকে ১৮০ কেজি পর্যন্ত হতে পারে। উচ্চতার মতোই বড় উটপাখির ডিমও। একেকটি ডিমের গড় ওজন প্রায় দেড় কেজি।

বছরে একেকটি পাখি ডিম দেয় প্রায় ১০০টির মতো। মরুভূমির এ পাখি তৃণভোজী অর্থাৎ শুধু ঘাস ও লতাপাতা খেয়ে বেঁচে থাকে। ফলে চাষির পকেটের জন্যও হুমকি হবে না এ পাখি।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. আব্দুল জলিল জানান, বাংলাদেশে উটপাখির মাংসের চাহিদা রয়েছে। একটা সময় মানুষ ব্রয়লার মুরগি খেতে চাইতো না। এখন ব্রয়লার মুরগি দিয়েই আমিষের চাহিদা পূরণ হচ্ছে। তেমনিভাবে অদূর ভবিষ্যতে দেশে আমিষের চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখবে উটপাখির মাংস।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop