৫:৪৫ পূর্বাহ্ন

রবিবার, ২৬ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অগাস্ট ২৯, ২০২২ ৬:৫৭ অপরাহ্ন
শেখ হাসিনার হাতেই বাংলাদেশে মানবাধিকারের সুরক্ষা: প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু পরবর্তী সরকারে মানবাধিকারের সুরক্ষা একমাত্র শেখ হাসিনাই করেছেন। সাংবিধানিকভাবে যার যে আইনের অধিকার সেটা তিনি নিশ্চিত করেছেন। অন্যরা মানবাধিকারের লঙ্ঘন যারা করেছে তার বিচার করা যাবে না এই আইন করেছে। বঙ্গবন্ধুর পরবর্তী বাংলাদেশে মানবাধিকারের সুরক্ষা একমাত্র শেখ হাসিনার সময়ে হয়েছে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের মানবাধিকারের সুরক্ষা।

আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত আগস্ট ও মায়ের কান্না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মানবাধিকারের ফেরিওয়ালা মাঠে নেমেছেন। তারা বলেন মানবাধিকার সাংঘাতিকভাবে লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল ১৯৭১ সালে। ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম নেয়া, জোর করে ধর্মান্তরিত করা, দেশ ত্যাগে বাধ্য করা সেখানে ছিল মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন। সেই লঙ্ঘনকারীদের বিচারের জন্য ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইন করেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সময়ে দালাল আইনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কিছু বিচার হয়েছিল। সে সময় কারও সাজা হয়েছিল, কারও বিচার চলছিল এবং কারও তদন্ত চলছিল। এরপর সবচেয়ে বড় মানবাধিকারের লঙ্ঘন হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার মাধ্যমে।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় বিচার শেখ হাসিনার হাতে হয়েছে উল্লেখ করে শ ম রেজাউল করিম আরও যোগ করেন, ১৯৭১ সালে যারা মানবাধিকার লঙ্ঘন করে জঘন্য অপরাধ করেছে তাদের বিচার শেখ হাসিনা করেছেন। দেশের রাষ্ট্রপতি, তার স্ত্রী, শিশু পুত্র ও অন্তঃসত্ত্বা নারীসহ অন্যান্যদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে দ্বিতীয়বার মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। সে সময় যে মৌলিক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, সেটার বিচার শেখ হাসিনার হাতে হয়েছে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার বিচার শেখ হাসিনার হাতে হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার শেখ হাসিনার হাতে হয়েছে। দেশে যত বড় বড় রাজনৈতিক অপরাধের ঘটনা ঘটেছে, তার বিচার শেখ হাসিনার হতে হয়েছে। শেখ হাসিনা বিচার করেছেন, তাঁর বাবা আইন করে দিয়ে গেছেন। আর যারা অপারেশন ক্লিন হার্টের নামে ৫৮ জন মানুষকে হত্যা করেছিল, তাদের দায়মুক্তি দেয়ার জন্য আইন করেছিলেন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না এ আইন করেছিল জিয়াউর রহমান, আর ৫৮ জন মানুষকে হত্যার দায়মুক্তি আইন করেছিল খালেদা জিয়া। এটা পাশাপাশি বিচার করতে হবে।

১৯৭৯ সালে যেদিন পার্লামেন্টে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না এই আইন পাস করা হয়েছিল সেদিন মানবাধিকারের ফেরিওয়ালাদের ভূমিকা কি ছিল? শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না যেদিন এই সিদ্ধান্ত সরকার নিয়েছিল সেদিন এদেশে মানবাধিকারের কথিত ফেরিওয়ালাদের ভূমিকা কি ছিল? যখন এদেশে সংবিধান পরিপন্থী কাজ হয়েছিল তখন অনেকেই কেন অর্পিত দায়িত্ব পালন করেনি?- প্রশ্ন রাখেন মন্ত্রী।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সত্য উদঘাটনের ধারাবাহিক যোগসূত্রে দেখা যায় জিয়াউর রহমান পূর্বাপর সবকিছুর সাথে জড়িত। বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারিও তিনি। তিনি বঙ্গবন্ধুর খুনিদের দেশের বাইরে ১২টি হাইকমিশনে চাকরি দিয়েছেন। খুনিদের নিরাপত্তা দেওয়ার জন্য ইনডেমনেটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছেন। এভাবে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করার আইন করেছিলেন জিয়াউর রহমান।

মন্ত্রী আরও বলেন, ‘৭১ সালে যারা পরাজিত হয়েছিল, তারা প্রতিশোধ নিতে দেশে ও দেশের বাইরে একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। এটা বিপদগামী কয়েকজন সেনা সদস্যের দ্বারা সৃষ্ট কোন ঘটনা নয়। এই ঘটনার কুশীলবদের সবার বিচার হয়নি। এই ঘটনার যারা বেনিফিশিয়ারি তাদের বিচার হয়নি। বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে সেদিন যারা ছিল তাদের বিচার করা হয়নি। তাই বঙ্গবন্ধু হত্যাকান্ডের পূর্ণাঙ্গ বিচার হয়নি। ফৌজদারী কার্যবিধি অনুযায়ী এখনও চার্জশিট হতে পারে অথবা একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন করে তাদের স্বরূপ উন্মোচন করতে হবে।

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, লেখক, গবেষক ও সাংবাদিক স্বদেশ রায়, লেখক ও গবেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. নবী নেওয়াজ, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির এবং লেখক ও গবেষক নিঝুম মজুমদার।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২২ ৪:৩৬ অপরাহ্ন
প্রাণিসম্পদ খাতকে ভালোভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর
প্রাণিসম্পদ

প্রাণিসম্পদ খাতকে গণমাধ্যমে ভালোভাবে তুলে ধরলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ সেক্টর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর। এই সেক্টরকে ভালোভাবে তুলে ধরে, এই সেক্টরের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে সংশোধন হওয়ার সুযোগ দেওয়ার ভেতর থেকে সাংবাদিকরা শুধু প্রাণিসম্পদ খাতেরই উপকার করছেন না, দেশের উপকার করছেন। এতে গোটা জাতি উপকৃত হবে।

শ ম রেজাউল করিম আরও বলেন, যদি মূল পেশার উৎকর্ষ সাধন করা যায়, মেধার পরিচর্যা করা যায়, আত্মশক্তিকে যদি জাগ্রত করা যায়, সুপ্ত জ্ঞানের যদি পরিপূর্ণভাবে বিকাশ করা যায়, তাহলে নিজের যোগ্যতা দৃশ্যমান হয়। সাংবাদিকদের ফেলোশিপ দিয়ে তাদের কর্মদক্ষতার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে পারস্পরিকভাবে উন্নয়ন করা যায়। ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রাণিসম্পদ খাত সমৃদ্ধ হতে পারে। আবার এ খাতে যে সাংবাদিকরা কাজ করবেন তাদেরও জ্ঞানের পরিসর বাড়তে পারে।

মন্ত্রী আরও বলেন, মেধার পরিচর্যা ও সৃজনশীলতা বাড়াতে যে পুষ্টি ও আমিষের চাহিদা রয়েছে, তার সাথে প্রাণিসম্পদ খাত জড়িত। এ খাতের বিকাশে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করতে চাই।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে ও পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৭, ২০২২ ৭:৫০ অপরাহ্ন
বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন:  প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেটা কমিশন আকারেই হোক অথবা ফৌজদারী কার্যবিধি অনুযায়ী হোক। বঙ্গবন্ধু হত্যায় জড়িত সবার স্বরূপ উন্মোচন করা না হলে নতুন প্রজন্মের কাছে ইতিহাসের কাঠগড়ায় অপরাধী হয়ে থাকতে হবে। ইতিহাসের এ অধ্যায় বিস্মৃত হয়ে জোড়াতালি দিয়ে চললে রাজনীতি অসম্পূর্ণ থেকে যাবে।

আজ শনিবার (২৭ আগস্ট) শনিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদ স্মরণে পিরোজপুর জেলা সমিতি, ঢাকা আয়োজিত আলোচন সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যার খন্ডিত বিচার হয়েছে উল্লেখ করে শ ম রেজাউল করিম এ সময় আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জড়িতদের নাম মামলার চার্জশিটে আসেনি। বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে যারা ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীদেরও বিচার করা হয়নি। ‘৭৫ এর ১৫ আগস্টের প্রেক্ষাপটে যারা সঠিক দায়িত্ব পালন করেনি তারা এখনও মুখোশ পরে বিচরণ করছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করা। বঙ্গবন্ধুকে হত্যা পরিকল্পনার অন্যতম কারণ ছিল একাত্তর সালের পরাজয়ের প্রতিশোধ নেয়া। বঙ্গবন্ধুকে হত্যার অন্যতম কারণ ছিল বাংলাদেশকে একটি বিপন্ন জনপদ হিসেবে রাখা যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। যার চূড়ান্ত লক্ষ্য ছিল একাত্তরের পরাজিতদের ক্ষমতায় নিয়ে আসা।

বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিক ষড়যন্ত্র তুলে ধরে মন্ত্রী এ সময় জানান, জিয়াউর রহমান ‘গো অ্যাহেড’ বলে বঙ্গবন্ধুর খুনিদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের রাজনীতি ও মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যার সব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বে বিদেশী মিশনে বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দেয়া হয়েছিল, খুনিদের সামাজিক ও রাজনৈতিকভাবে পুনর্বাসন করা হয়েছিল। পরবর্তীতে এরশাদ খুনিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। খালেদা জিয়া তাদের সংসদে নিয়ে এসেছে। এভাবে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের লালন করেছে।

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের জীবনের এক বিস্ময়কর অধ্যায়। ব্যক্তি বঙ্গবন্ধু পরিণত হয়েছিলেন একটি আদর্শে, একটি বিশ্বাসে, একটি দর্শনে। বাঙালি জাতিসহ বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত ও নিপীড়িত মানুষের পথ চলার পাথেয় হিসেবে বঙ্গবন্ধু একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। সে কারণে বঙ্গবন্ধুর শারীরিক প্রস্থান মানে সবকিছু শেষ নয়। বঙ্গবন্ধুর রেখে যাওয়া ইতিহাস, ঐতিহ্য ও কর্মময় জীবন এখন আমাদের পথ চলার পথেয়।

তিনি বলেন, সাড়ে তিন বছরের সরকার আমলে সাড়ে তিনশোর ওপর আইন বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। এমন কোন জায়গা নেই যে জায়গায় বঙ্গবন্ধুকে খুঁজে পাওয়া যাবে না। সমুদ্র বিজয়ের ভিত্তিমূল সমুদ্রসীমা আইন বঙ্গবন্ধু তৈরি করে গিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আইন বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। স্থলসীমার বিরোধ নিষ্পত্তির সূচনা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। সেই সূচনার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা চমৎকারভাবে সম্পন্ন করেছেন। বঙ্গবন্ধুর অভীষ্ট ছিল সবুজ বিপ্লব-কৃষি বিপ্লব। সেই বিপ্লবের সার্থকতা ও পরিপূর্ণতা এসেছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধুকে বলা হত শোষিতের কণ্ঠস্বর আর শেখ হাসিনাকে আজ বলা হয় দুর্গতদের কণ্ঠস্বর।

শ ম রেজাউল করিম আরও বলেন, যারা বাংলাদেশের জন্ম হওয়া পছন্দ করেনি তাদের অনেকে শ্রীলংকার ঘটনা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এক সময় বলেছে বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে। এ জাতীয় কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবী ও দুষ্কর্মের সাথে সম্পৃক্ত থাকা রাজনৈতিক ব্যক্তিরা দেশের উন্নয়ন অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রতিষ্ঠিত অবস্থা ভালোভাবে নিতে পারে না। তারা একাত্তরের পাকিস্তানের পক্ষের চেতনা লালন করে। তারা চায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন টিকে না থাকে।

পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

পরে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যোগদান করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৬, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ন
পটিয়ায় খামার ভেঙে গরু লুট করার অভিযোগ
প্রাণিসম্পদ

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া রশিদপুর গ্রামের একটি খামার ভেঙে গরু লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খামারির স্ত্রী বাদি হয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। শুনানি শেষে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)বিচারক বিশ্বশ্বর সিংহ নির্দেশ দেন।

এর আগে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরুপায় হয়ে খামারির স্ত্রী খদিজা বেগম বাদি হয়ে আদালতে এ মামলাটি করেন।

জানা গেছে, উপজেলার আশিয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে শেখ তাহেরের একটি গরুর খামার রয়েছে। ওই খামার নিয়ে একই এলাকার মো. এনামসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে প্রতিপক্ষরা প্রায় সময় রাতের আঁধারে গরুর খামার ও তাদের বাড়িতে ইট-পাটকেল মারতো।

গত ৮ আগস্ট রাত ৯টার দিকে লোহার রড ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় প্রতিবাদ করতে গেলে খদিজা বেগম ও তার মেয়ে মারজিনা তানজিম মীমকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এক পর্যায়ে লোহার রড দিয়ে তাদের পেটানো হয়। ঘটনার পর সিসিটিভি ক্যামরা, বৈদ্যুতিক মিটার ও এলইডি টিভি ভাঙচুর করে খামার থেকে একটি গরু লুট করে নিয়ে যায়। এতে তাদের ১ লাখ ৮০ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন খদিজা বেগম।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৬, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ন
ডোমারে এক রাতে কৃষকের পাঁচ গরু চুরি!
প্রাণিসম্পদ

নীলফামারীর ডোমারে রনজিৎ রায় নামে এক কৃষকের বাড়ী থেকে একই রাতে ৫টি অস্টেলিয়ান জাতের বিদেশী গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরু গুলোর মধ্যে ৩টি বকনা বাছুর, একটি একমাস বয়সী বাছুর ও একটি দুধ দেওয়া গাভী ছিলো। রনজিৎ রায় উপজেলার মটুকপুর বাবুপাড়া এলাকার মৃত অমুল্য চন্দ্র রায়ের ছেলে।

বুধবার দিনগত রাতে উপজেলার মটুকপুর ইউনিয়নের বাবুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। চোরেরা রনজিৎ রায়ের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে গরুগুলো চুরি করে নিয়ে যায়।

রনজিৎ চন্দ্র রায় জানান, রাত আনুমানিক সাড়ে তিনটায় আমার প্রতিবেশী ও আত্মীয় যাদব রায় গাড়ীর শব্দ শুনতে পায়। গাড়ীর শব্দে তার ঘুম ভাঙ্গলে বিছানা থেকে উঠে ঘরের বাইরে বের হন এবং নিজ গোয়াল ঘরের দিকে লক্ষ্য দেয়। এতে তিনি দেখতে পায় আমার বাড়ীর মূল গেটটি খোলা ছিলো। তখন তিনি আমাদেরকে ডাকাডাকি করেন। আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমার গোয়াল ঘরের দরজা খোলা ও গরুগুলো নেই। গোয়াল ঘরের দরজার তালাটাও চোরেরা নিয়ে গেছে।

তিনি আরো বলেন নিজেকে স্বাবলম্বী করার জন্যে বিদেশী জাতের গরুগুলো কিনেছিলাম। কিন্তু চোরেরা আমার সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিলো। বর্তমান গরুগুলোর বাজার মূল্যে ৫ লক্ষাধিক টাকার বেশি হবে বলে জানিয়ে বলেন গরুগুলো উদ্ধার না হলে পরিবার নিয়ে আমাকে পথে বসতে হবে। আমার যতটুকু সম্বল ছিল সেই অর্থ দিয়ে আমি গরুগুলো কিনেছি। ঘটনায় তিনি থানায় বিষয়টি জানিয়েছেন বলে জানান।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, গরু চুরির বিষয়টি সত্য, চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৫, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ন
শরণখোলায় হরিণের গোশত ও চিংড়িসহ নৌকা উদ্ধার
প্রাণ ও প্রকৃতি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে ৭ কেজি হরিণের গোশত ও ২০ কেজি চিংড়িসহ একটি নৌকা উদ্ধার করেছে।

বুধবার শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন সুন্দরবনের রায় বাঘীনি খাল এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির এলাকার রায়বাঘীনি খালে অবরোধ অমান্য করে জেলেরা মাছ ধরছে- এমন গোপন সংবাদে ভোলা টহল ফাঁড়ি ইনচার্জ সামানুল কাদিরের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায় ও একটি নৌকা দেখে সিগনাল দিলে চোরা শিকারী ও জেলেরা নৌকাটি ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা নৌকায় তল্লাশী চালিয়ে প্রায় ৭ কেজি হরিণের গোশত ও ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করে। পরে নৌকা, গোশত ও চিংড়ি মাছ শরণখোলা স্টেশনে নিয়ে আসে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো: আছাদুজ্জাজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবরোধ চলাকালীন সময় নিয়মিত টহল চলছে। তার মধ্যেও চোরা শিকারী ও জেলেরা গোপনে সুন্দরবনে প্রবেশ করে এ অঘটন ঘটাচ্ছে। টহল আরো জোরদার করা হবে।

 

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৪, ২০২২ ৬:০৯ অপরাহ্ন
অসাম্প্রদায়িকতার প্রতিভূ বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ লালন করতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অসাম্প্রদায়িকতার প্রতিভূ বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ লালন করতে হবে। স্বাধীনতাবিরোধী ও জঙ্গিদের পৃষ্ঠপোষক জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়ার ধারাবাহিকতায় যারা ছিল তাদের উত্তরসূরিরা দুষ্ট। সে দুষ্টদের দমন করতে হবে। আর এ দেশে শিষ্ট হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতিভু বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ এবং তা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত শেখ হাসিনা। তাদের লালন করতে হবে। তাহলেই দুষ্টের দমন ও শিষ্টের লালন হবে।

আজ বুধবার (২৪ আগস্ট) পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, পিরোজপুর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পিরোজপুর জেলা প্রশাসন এ আয়োজনে সহযোগিতা করেছে।

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ‘৭১ এর অসুর শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জিয়াউর রহমান-এরশাদ-খালেদা জিয়া ধারাবাহিকভাবে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা করেছে। তারা স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার পৃষ্ঠপোষক। তারা যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

শ ম রেজাউল করিম আরও বলেন, কোন ধর্মের মৌলিক কথা খারাপ না। সব ধর্মের মৌলিক কথা শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, কল্যাণের পক্ষে। আমরা মনুষ্যত্বের বিস্তার ঘটাতে চাই, ভালোবাসার বিস্তার ঘটাতে চাই। হিন্দু-মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করতে চাই।

এ সময় তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী কেউ সংখ্যালঘু না। দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠা করেছেন সব ধর্মের মানুষ রাষ্ট্রের সমান সুবিধা পাবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান। পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসুসহ পিরোজপুরের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৩, ২০২২ ৭:২০ অপরাহ্ন
পোলট্রি শিল্পকে রক্ষায় ডিমের দাম বেধে দেয়ার দাবি খামারিদের
পোলট্রি

একটি চক্র সিন্ডিকেট করে ডিমের দাম বাড়িয়েছে। অথচ প্রান্তিক খামারিরা ডিমের ন্যায্যমূল্য পান না। তারা বছরের পর বছর লোকসান দেন দাবি খামারিদের। তাদের দাবি,সিন্ডিকেটের হাত থেকে পোলট্রি শিল্পকে রক্ষায় ডিমের দাম বেধে দিতে হবে।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পোলট্রি শিল্পের বর্তমান সংকট শীর্ষক আলোচনাসভায় তারা এসব কথা বলেন। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

খামারিরা বলেন, ডিমের দাম বাড়ার কারণে প্রান্তিক খামারিদের জরিমানা করা হচ্ছে। অথচ আগের দিন বাজারে ডিমের ডজন ১২০ টাকা হলে পরের দিনই কীভাবে ১৪০ থেকে ১৫০ টাকা হয়? প্রশ্ন প্রান্তিক খামারিদের।

পরিষদের ঢাকা বিভাগের সভাপতি কামালউদ্দিন নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোসাদ্দেক হোসেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারি আব্দুর রহিম গাজী, শহিদুল হক, এমরান হোসেন, মাহবুব আলম, ফয়েজ আহমেদসহ আরও অনেক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারন সম্পাদক খন্দকার মো. মোহসিন।

ডা. মোসাদ্দেক হোসেন বলেন, প্রান্তিক খামারিরা অসহায়। বর্তমানে পোলট্রি খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। একটি ডিমের উৎপাদন খরচ পড়ছে সাড়ে ৯ টাকার বেশি। কিন্তু একজন প্রান্তিক খামারি কত টাকায় তার ডিম বিক্রি করছেন। এ খবর কয় জন রাখেন?

বরিশাল থেকে আসা প্রবীণ খামারি আব্দুর রহিম গাজী বলেন, ডিমের দাম বাড়ার কারণে প্রান্তিক খামারিদের জরিমানা করা হচ্ছে। কিন্তু আমরা তো দাম বাড়ানোর সঙ্গে জড়িত না। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে, আমরা পরিবারের কাছে কোনো সম্মান পাচ্ছি না।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৯, ২০২২ ৮:২১ পূর্বাহ্ন
গরুর খাদ্য প্রস্তুত করার আগে যে বিষয়গুলো জানা জরুরি
প্রাণিসম্পদ

আমাদের দেশে এখন অনেকেই বাণিজ্যিকভাবে গরু পালন করছে। গরু পালনের জন্য এর খাবারে প্রতি যত্নবান হতে হবে। গরুকে প্রতিদিন ভালো খাবার না দিলে খামার থেকে বেশি লাভবান হওয়া যাবে না।

গরুর জন্য যেসব খাদ্য উপকরণ স্থানীয় বাজারে সহজে ও সস্তায় পাওয়া যায়, খাদ্য তৈরির সময় সে সকল উপকরণ ব্যবহার করা উচিত। খাদ্য অবশ্যই সুস্বাদু ও সহজ পাচ্য হতে হবে। খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক মাত্রায় থাকতে হবে। অর্থাৎ খাদ্য সুষম হতে হবে। ময়লা, ছাতাপড়া, দুর্গন্ধ, ধুলাবালি ও ভেজাল ইত্যাদি মুক্ত হতে হবে। ভেজাল মুক্ত বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে খাদ্য তৈরি করতে হবে। খাদ্য উপকরণ হঠাৎ করেই পরিবর্তন করা উচিত নয়, পরিবর্তন করা প্রয়োজন হলে দিনে দিনে অল্প অল্প করে পরিবর্তন করতে হবে।

দুগ্ধবতী গাভীর খাদ্যে পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ থাকতে হবে, খনিজ পদার্থের অভাবে দুধ উৎপাদন হ্রাস পাবে এবং দুধ দেওয়া শেষে গাভী অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। খাদ্য প্রস্তুতের সময় খেয়াল রাখতে হবে যেন পশুর পেট ভরা না থেকে।

খাদ্য অবশ্যই স ঠিকভাবে তৈরি করতে হবে। যেমন, ছোলা, খেসারি, মাসকালাই, ভুট্টা, গম, খৈল ইত্যাদি মিশ্রণের আগে ভেঙে (আধা ভাঙা) নিতে হবে। আস্ত শস্য দানা অনেক ক্ষেত্রেই পশু হজম করতে পারেন না।

ছোবড়া জাতীয় খাদ্য যেমন, খড়, কাঁচা ঘাস, ইত্যাদি আস্ত না দিয়ে কেটে কেটে ছোট করে খাওয়াতে হবে। এতে যেমন অপচয় কম হবে তেমনি পশুর সুবিধা হবে এবং হজমে সহায়ক হবে। শুকনা খড় কেটে ভিজিয়ে খেতে দিলে গরুর হজম সহজ ও বৃদ্ধি পায়।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৮, ২০২২ ১০:০৬ অপরাহ্ন
সোনারগাঁওয়ে কবুতর পালনে স্বাবলম্বী হচ্ছে বেকার যুবকরা
প্রাণিসম্পদ

কবুতর একটি সৌখিন পেশা হলে ‍এখন এটি পালনে বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছেন অনেকে। বিশেষ করে দেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কবুতর পালনে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। স্থানীয়ভাবে কবুতরের মাংসের ব্যাপক চাহিদা ও দাম ভাল থাকায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কবুতর পালনকারীর সংখ্যা।

জানা যায়,নারায়ণগঞ্জে প্রায় পাঁচ শতাধিক স্থানে ছোট বড় কবুতরের খামার রয়েছে। গিরিবাজ, ফ্লাই, রেইসিং, প্যান্সি, ফিজিউনসহ বিভিন্ন জাতের কবুতরই বেশি পালন করছে এখানকার খামারিরা। ওইসব জাতের কবুতর ১ হাজার থেকে ৩০ হাজার টাকা জোড়ায় বিক্রি হয়ে থাকে। যে কারণে ওই জাতের কবুতর বেশি পালন করা হচ্ছে বলে জানান খামারিরা।

খামারি শহিদুর জানান, ২০১৪ সাল থেকে শখের বসে কবুতর পালন শুরু করেন তিনি। বর্তমানে তার খামারে প্রায় ২০০ কবুতর রয়েছে। প্রতি মাসে সেখান থেকে প্রায় ৫০ থেকে ৬০ জোড়া কবুতরের বাচ্চা পান সে। প্রতি জোড়া কবুতর ২ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন শহিদুর।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বেকার যুবকদের কবুতর পালনে উৎসাহিত করা হচ্ছে। এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এছাড়া কবুতর পালনে শ্রম ও খরচ কম। এসব খামারিদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop