৩:৩৩ পূর্বাহ্ন

সোমবার, ২৭ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : জুন ৮, ২০২২ ৫:৫০ অপরাহ্ন
দেশি জাতের গরু চিনবেন যেভাবে
ডেইরী

দেশে দিন দিন দেশি জাতের গরুর জনপ্রিয়তা বাড়ছে। ফলে দেশি জাত কিভাবে চেনা যায়, সে প্রশ্ন অনেকের।

সাধারণত দেশি জাতের গরুর শরীরে বিদেশি জাত বা শংকর জাতের চেয়ে চর্বি কম থাকে। দেশি গরু আকারও কিছুটা ছোট হয়। মাংসে স্বাদ বেশি হয়, কিন্তু দুধের পরিমাণ বিদেশি গরুর তুলনায় কম হয়।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল নিউট্রিশন, জেনেটিক্স ও ব্রিডিং বিভাগের অধ্যাপক লামইয়া আসাদ গণমাধ্যমকে বলেছেন, দেশি গরু চেনার উপায় হচ্ছে দেশি জাতের গরুর চামড়া শক্ত থাকে। এছাড়া এর কুঁজ থাকে এবং গলার নিচে চামড়ার ভাঁজ কম থাকে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক ডা. ভবতোষ কান্তি সরকার গণমাধ্যমকে বলেছেন, দেশি জাতের যেসব গরু বাজারে জনপ্রিয়, তার মধ্যে মুন্সিগঞ্জের মীরকাদিম, চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকার আরসিসি, পাবনা ক্যাটল, সিরাজগঞ্জের ব্রিড নামে পরিচিত গরুগুলো উল্লেখযোগ্য।

পাবনা ক্যাটল

এটি পাবনা ব্রিড নামেও পরিচিত। এই জাতের গরুর বড় অংশটির রং সাদা বা সাদা মেশানো ছাই রং। এছাড়া লাল, ধূসর বা মিশ্র বর্ণেরও হয় এসব গরু। দেশীয় আবহাওয়া সহনশীল এসব গরু পালনে খাবার কম লাগে।

দেশের জাতীয় তথ্য বাতায়নে পাবনা ক্যাটল সম্পর্কে বলা হয়েছে, পাবনার চলনবিল সংলগ্ন এলাকায় এই গরুর বাস। এটি খর্বকায় মানে বেশি বড় আকৃতির নয়। এদের স্বাস্থ্য সুঠাম, রোগব্যাধি কম হয়। এটি ঘাস খায়, এর বাইরে অন্য ধরনের খাবার কমই দিতে হয়। দেশে দুধের উৎপাদন বাড়াতে ফ্রিজিয়ান গরুর সাথে এর কৃত্রিম প্রজনন করা হচ্ছে গত কয়েক বছর ধরে।

সিরাজগঞ্জ ব্রিড

এই জাতের গরু মূলত পদ্মাপারের কয়েকটি জেলায় হয়ে থাকে। এই জাতের গরুর সঙ্গে পাবনা ক্যাটলের সাদৃশ্য রয়েছে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, এটি পাবনা ক্যাটলের চেয়ে আকারে কিছুটা বড় হয়। এর কুঁজ উঁচু ও বলিষ্ঠ হয়।

এসব জাত ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে মাংসের চাহিদা মাথায় রেখে শাহীওয়াল এবং ব্রাহমা জাতের গরুর সাথে সংকরায়ন করে আরো কিছু জাতের প্রজনন ঘটানো হয়েছে, যেগুলো কোরবানির পশুর হাটে ক্রেতাদের মন জয় করেছে।

মীরকাদিমের ধবল গাই

এটি আকারে সাধারণ গরুর চেয়ে বড়। এটি সাধারণত সাদা রংয়ের হয়। কখনো এর সঙ্গে তার গায়ে অল্প ছাই রং বা কালোর ছোপ থাকতে পারে। মীরকাদিমের গরুর মাংসে আঁশ কম থাকে, এর হাড় চিকন হয়। ফলে মাংস হয় নরম ও তেলতেলে।

এটি পালন সহজ, মানে খাবারের খরচ কম। খৈল, গম, মসুর ডালের ভুসি এবং ভুট্টা গুঁড়ার মত খাবার দিয়ে পালন করা যায়।

আরসিসি বা রেড চিটাগাং ক্যাটল

এই গরুর গায়ের রং লাল। এর ক্ষুরা মানে পায়ের রংও লাল। এটি আকারে বেশি বড় হয় না। এর কুঁজ ছোট আকারের হবে। এই গরু পালনে খাবার কম লাগে। দেশি আবহাওয়া সহনশীল বলে খামারিদের কাছে বেশ জনপ্রিয় এই গরু। মূলত এই জাত চট্টগ্রাম এবং এর আশেপাশের জেলায় বেশি উৎপাদন হয়।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৭, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ন
গোখাদ্যেরে দাম বৃদ্ধি, সিলেটের ছোট ও মাঝারি খামার বন্ধের পথে!
পাঁচমিশালি

গত এক বছরের মধ্যে দ্রুততম সময়ে অস্বাভাবিক হারে গোখাদ্যের দাম বেড়েছে। গত বছর ৩৫ কেজি ওজনের প্রতি বস্তা গমের ভুসি বিক্রি হতো ১ হাজার ৪৩০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকায়। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে বস্তাপ্রতি প্রায় ৬২০ টাকা। গেল বছর ৫০ কেজি ওজনের প্রতি বস্তা লবণ বিক্রি হতো ৬০০ টাকায়। এবার বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়। এক বছরে প্রতি বস্তায় দাম বেড়েছে ৪৫০ টাকা। সিলেটের গোখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোয় দেখা মিলে এমন চিত্রের। যার ফলে বন্ধ হয়ে যাচ্ছে সিলেটের ছোট ও মাঝারি খামারগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, গেল বছর ৭৭৫ টাকায় এক বস্তা ফিড পাওয়া গেলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ২০ টাকায়। এক বছরের ব্যবধানে প্রতি বস্তা ফিডের দাম বেড়েছে ২৪৫ টাকা। গেল বছর প্রতি বস্তা ভুট্টা বিক্রি হতো ১ হাজার ৩০০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়। দাম বেড়েছে বস্তাপ্রতি ৬০০ টাকা। ৫০ কেজি ওজনের ১ হাজার ৭০০ টাকা দরের মিক্সার বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। দাম বেড়েছে ৩০০ টাকা। ৪০ কেজি ওজনের রাইস পলিশ বা আটা কুঁড়া ৪০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০০ টাকায়। এক বছরে দাম বেড়েছে ৩০০ টাকা। গোখাদ্যের এমন অস্বাভাবিক মূলবৃদ্ধির ফলে খামারিরা নিরুৎসাহিত হয়ে পড়ছেন।

সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও একজন খামারি। শহরতলির ভাটা এলাকায় তিনি গড়ে তুলেছেন বিশাল একটি খামার। তাতে রয়েছে কয়েক শ’ গরু। দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে তার খামারের রয়েছে ব্যাপক সুনাম। গোখাদ্যের বর্তমান মূল্যবৃদ্ধির ফলে উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে সিটি মেয়রের বাসভবনে সভা করেন সিলেটের খামারিরা। সভা থেকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে খামারিরা পাইকারি দুধের দাম বাড়িয়ে দিয়েছেন। পাইকারি দামে প্রতি লিটার দুধ ৭০ টাকা ও খুচরা ৯০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

সিলেট জেলায় ছোট-বড় প্রায় এক হাজার খামার রয়েছে। এ অঞ্চলে কাঁচা ঘাসের উৎপাদন কম। যে কারণে বাজার থেকে কেনা দানাদার জাতীয় গোখাদ্য ছাড়া বিকল্প খাবার তেমন থাকে না। এজন্য বাজার থেকে দানাদার খাবারের বিকল্প বের করার তাগাদা দিচ্ছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

এ বিষয়ে সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তুম আলী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক কারণে দানাদার খাদ্যের দাম বাড়ছে। এ অবস্থায় পতিত জমিতে ঘাস চাষের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে। পাশাপাশি বর্ষায় পানি শুকানোর পর এ অঞ্চলের জমিতে মাষকলাইর চাষ করা যেতে পারে। দানাদার খাদ্যের ওপর নির্ভরশীলতা না কমালে খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৭, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন
সাপের খামার যেন এখন এক দুঃস্বপ্ন তার
পাঁচমিশালি

পরিকল্পনা ছিলো সরকারি অনুমোদন পেলে সাপের বিষ সংগ্রহ করে তা বিক্রি করে দেশসেরা উদ্যোক্তা হবেন। কিন্তু রাজ্জাকের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ২০০০ সালে নিজ বসত বাড়ির পাশে তৈরি করেন বিষধর সাপের খামার পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দিপাড়া এলাকার বাসিন্দা রাজ্জাক বিশ্বাস।

সম্প্রতি সাপের কামড়ে তার খামারের এক কর্মচারীর মৃত্যুর পর খামারটি বন্ধ করতে উদ্যোগ নেয় বন বিভাগ। তবে রাজ্জাকের দাবি, সরকারি সব নিয়ম মেনেই খামার পরিচালনা এবং খামারের অনুমোদনের জন্য তিনি অবেদন করেছেন। যে প্রক্রিয়া এখনও চলমান। সেক্ষেত্রে খামারটি বন্ধ করলে তার প্রতি অন্যায় করা হবে। এদিকে সম্ভাবনাময় এই শিল্পটি অংকুরেই বিনষ্ট না করে এটি কীভাবে অনুমোদন এবং নিয়মের মধ্যে নিয়ে আশা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের।

রাজ্জাক বিশ্বাস জানান, ২০০০ সালে একটি কিং কোবরা সাপ এবং ২৪টি ডিম দিয়ে তার এই খামারের যাত্রা শুরু। ২০০৮ সালে প্রাণিসম্পদ অধিদপ্তর বেসরকারি পর্যায়ে সাপ এবং কুমিরের খামার স্থাপনের জন্য প্রজ্ঞাপন জারি করলে এর আলোকে আবেদন করেন তিনি। তবে সেই আবেদনের আর কোনো অগ্রগতি হয়নি।

কোনো পথ না পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন রাজ্জাক বিশ্বাস। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. মো. সহিদুল্যাহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি দেন। যাতে রাজ্জাক বিশ্বাসের মালিকানাধীন ‘বাংলাদেশ স্নেইক ভেনম’ একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে বিধি মোতাবেক খামার অনুমোদনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

প্রথমদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় খামারের অনুমোদনের প্রক্রিয়া শুরু করলেও বন বিভাগ এক্ষেত্রে আপত্তি জানায়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি অবহিত করা হয়। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আইনগত মতামত দেওয়ার জন্য বন বিভাগের কাছে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সাপের খামারের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখে বন বিভাগ একটি খসড়া আইন তৈরি করে।

রাজ্জাক বিশ্বাস জানান, ২০১৭ সালের ৩১ অক্টোবর পটুয়াখালী সোনালী ব্যাংকের নিউ টাউন শাখায় সরকারি চালানের মাধ্যমে খামার নিবন্ধনের জন্য ২৫ হাজার টাকা জমা দেন। সর্বশেষ ২০১৯ সালে তৎকালীন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী সাপের খামার সংশ্লিষ্ট কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। এর পেরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাপের খামার পরিদর্শন করেন। তবে নীতিমালায় সাপের খামারে এন্টি ভেনাম সংরক্ষণ করা এবং সাপের বিষ সংরক্ষণের ব্যবস্থা থাকার কথা বলা হয়। কিন্তু লাইসেন্স না থাকায় রাজ্জাক বিশ্বাস এন্টি ভেনম সংগ্রহ করতে পারেননি। ফলে অনুমোদন প্রক্রিয়া আবারও আটকে যায়।

সর্বশেষ চলতি বছরের ১১ এপ্রিল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক রাজ্জাক বিশ্বাসের সাপের খামার বন্ধ করে সাপ বনে ছেড়ে দেওয়ার জন্য একটি নোটিশ দেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্জাক বিশ্বাস প্রধান বন সংরক্ষক বরাবর গত ১৭ এপ্রিল একটি আবেদন করে খামার বন্ধ করা ও সাপ ছেড়ে দেওয়ার নোটিশটি প্রত্যাহারের আবেদন করেন।

এ বিষয়ে উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. অব্দুল্লাহ আল মামুন বলে জানান, রাজ্জাক বিশ্বাস সাপের খামার তৈরি করে ঝাড় ফুকের মাধ্যমে ওঝা বৃত্তি করছেন, পাশাপাশি তিনি ইউটিউবে এসব আপলোড করছেন।

এছাড়া তিনি সমাজে এসব কুসংস্কার ছড়িয়ে দিচ্ছেন। যেহেতু তিনি নিয়ম মেনে সাপের খামার করছেন না, সে কারণে খামারটি বন্ধ করে সাপগুলো অবমুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে টেকনিকেল সাপোর্টের জন্য অধিদপ্তরকে জানানো হয়েছে।

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, আমি খামারটি পরিদর্শন করেছি। নিয়ম অনুযায়ী তার খামারে যে এন্টি ভেনমসহ বিষ সংগ্রহ এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকার কথা তা নেই। সে কারণে অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।

রাজ্জাক বিশ্বাস বলেন, বাংলাদেশে আমি প্রথম সাপের খামার শুরু করলেও একে একে সারাদেশে ৫৮টি খামার গড়ে ওঠে। কিন্তু অনুমোদন জটিলতায় বর্তমানে চারটি খামার চালু আছে। আমার সাপের খামার নিয়ে দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৬, ২০২২ ৭:৩৭ অপরাহ্ন
সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশে চলছে কড়াকড়ি
পাঁচমিশালি

সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশে চলছে কড়াকড়ি। সরকারের কঠোর অবস্থানের কারণে অবৈধভাবেও গরু আনার সামান্য সুযোগ পাচ্ছে না ব্যবসায়ীরা।

তবে কোরবানির ঈদকে সামনে রেখে সাগর পাড়ি দিয়ে আরেক প্রতিবেশি দেশ মিয়ানমার থেকে বিপুলসংখ্যক গরু-মহিষ আসছে।

কোরবানির ঈদকে কেন্দ্র করে জুলাই মাসেই এসেছে ১০ হাজার ৯৫ টি  গাবাদিপশু। এর মধ্যে ৬ হাজার ৭৪৬ টি গরু, তিন হাজার ৩৫১ ট মহিষ। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৫০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

চলতি মাসের প্রথম দুদিনেই বৈধ পথে ২ হাজার ৬২৬ টি গরু ও মহিষ এসেছে। যার মধ্যে শুধু গরু এসেছে ২ হাজার ১২, মহিষ এসেছে ৬১৪ টি। এই গবাদিপশুগুলো শাহপরীর দ্বীপ করিডর দিয়ে প্রবেশ করেছে।

মাঝের ২ দিন বন্ধ থাকার পর সোমবার (৫ আগস্ট) থেকে আবার গরু মহিষ আসা শুরু হবে বলে বলছেন টেকনাফের গরু মহিষ আমদানি ব্যবসায়ীদের সভাপতি আব্দুল্লাহ মনির।

তিনি জানান , বৈধপথে আমদানিতে প্রতিটি গরু-মহিষের জন্য ৫০০ টাকা এবং ছাগলের জন্য ২৫০ টাকা করে রাজস্ব দেওয়া হচ্ছে। এই দুইদিনে ১৩ লাখ ১৩ হাজার টাকা সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আমদানির পর চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার ব্যাপারিরা এসব গরু-মহিষ কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি দামে।

টেকনাফ শাহপরীর দ্বীপ শুল্ক্ক স্টেশনের তথ্যমতে, বৈরী আবহাওয়া ও মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ঘাটতির কারণে বেশ কিছু দিন পশু আমদানি বন্ধ ছিল। তবে কোরবানি ঘিরে সাগরপথে গরু ও মহিষ আসছে।

গত বছরের এই সময়ে মিয়ানমার থেকে মাত্র ৫ হাজার গরু-মহিষ এসেছিল। এবার ইতিমধ্যেই আমদানি হয়েছে দ্বিগুণেরও বেশি। এ ছাড়া চলতি বছরের সাত মাসে এসব পশু থেকে রাজস্ব এসেছে ২ কোটি ২১ লাখ ৩৫ হাজার টাকা।

টেকনাফ শুল্ক্ক কর্মকর্তা মো. ময়েজ উদ্দীন জানান, বৈধ পথে যারা গরু মহিষ আনছে তাদের আমরা উৎসাহ যোগাচ্ছি। আমাদের দিক থেকে তাদের সহযোগিতা করছি।

জানা গেছে, ঈদের আগে আরো গরু-মহিষ আমদানির চিন্তাভাবনা রয়েছে ব্যবসায়ীদের। এখানকার গবাদিপশু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাসহ সারা দেশে সরবরাহ করছে তারা।

তবে রাজধানীর গরুর হাট ঘুরে জানা যায়, মিয়ানমারের গরু প্রবেশ করায়, দেশের ব্যবসায়ীরা ভাল দাম পাবেন না- এমন হতাশার কথাই শোনা যাচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৫, ২০২২ ১০:১১ অপরাহ্ন
পঞ্চগড়ে অসুস্থ গরুর মাংস বিক্রি করতে ব্যবসায়ী!
পাঁচমিশালি

পঞ্চগড়ের দেবীগঞ্জে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে হাসিবুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৫ জুন) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম ফেরদৌস উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

এর আগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জবাইকৃত গরুর মাংস ও ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাংস ব্যবসায়ী হাসিবুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বিজয়নগড় এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারাবন তহুরা, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ও দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোরে নিজের বাড়িতে অসুস্থ গরুটি জবাই করে দুপুরে চিলাহটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে বিক্রি করছিলেন হাসিবুল। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাংসসহ হসিবুলকে চিলাহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ। খবর পেয়ে ইউএনও সেখানে পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারাবন তহুরা বলেন, গরুটি অসুস্থ ছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এ গরুর মাংস খেলে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৫, ২০২২ ১০:০৫ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কল সেন্টারে পাওয়া যাবে তাৎক্ষণিক সেবা
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মানুষের দ্বারপ্রান্তে তাৎক্ষণিক সেবা পৌঁছে দিতে চালু হলো কল সেন্টার। মৎস্য অধিদপ্তরের কল সেন্টারের নম্বর ১৬১২৬ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কল সেন্টারের নম্বর ১৬৩৫৮। এর মাধ্যমে খুব সহজেই এই দুই খাতের মানুষ সেবা নিতে পারবেন।

জানা গেছে, আপাতত সপ্তাহে ৫দিন (রবিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য খাতের ও প্রাণিসম্পদ খাতের খামারি ও উদ্যেক্তারা কলসেন্টার থেকে সরাসরি সেবা পাবেন। মৎস্যচাষী ও খামারিগণ মৎস্য চাষ, মাছের রোগবালাই ইত্যাদি সম্পর্কে টেলিফোন কল সেন্টার থেকে তথ্য ও সেবা পাবেন। একইভাবে প্রাণিসম্পদ খাতের খামারি ও উদ্যোক্তাগণ প্রাণিসম্পদ অধিদপ্তরের কল সেন্টার থেকে গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরামর্শ ও সেবা পাবেন।

আজ রোববার মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ’ প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ সেবা কল সেন্টারের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মো. তৌফিকুল আরিফ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক পুলকেশ মণ্ডলসহ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। কল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর সংযুক্ত হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে যেকোনো ব্যক্তি তার প্রয়োজনে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে এই ই-সেবা শুরু করা হয়েছে। গতানুগতিক পদ্ধতির বাইরে দ্রুততম সময়ে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় এজন্য কল সেন্টার চালু করা হয়েছে।’

শেয়ার করুন

প্রকাশ : জুন ৫, ২০২২ ৬:৫৮ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে তাৎক্ষণিক সেবা পৌঁছাতে কল সেন্টার চালু করা হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মানুষের দ্বারপ্রান্তে তাৎক্ষণিক সেবা পৌঁছে দিতে কল সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রবিবার (৫ জুন) রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ’ প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ সেবা কল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মো. তৌফিকুল আরিফ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক পুলকেশ মন্ডলসহ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। কল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর সংযুক্ত হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে যে কোন ব্যক্তি তার প্রয়োজনে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে এই ই-সেবা শুরু করা হয়েছে। গতানুগতিক পদ্ধতির বাইরে দ্রুততম সময়ে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় সেজন্য কল সেন্টার চালু করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে যে সমৃদ্ধি এসেছে তা ধরে রেখে এ খাতকে আমরা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করতে চাই। শুধু সমৃদ্ধিই নয় গুণগত পরিবর্তনও এক্ষেত্রে আমাদের লক্ষ্য। কোন খামারি প্রতিকূল অবস্থার মুখোমুখি হলে বা কোন সমস্যায় পড়লে তাদের কাছে তাৎক্ষণিক সুবিধা উন্মুক্ত করার জন্য এ কল সেন্টার কাজ করবে। দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে বিশ্বে বিস্ময়কর ও আধুনিক স্থানে নিয়ে যাওয়ার জন্য কল সেন্টার হবে বড় ধরনের সহায়ক।

মন্ত্রী বলেন, কল সেন্টার একটি জরুরী সেবা। এখানে সেবার মনোভাবের পরিবর্তে দায়সারা কোন কার্যক্রম যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। কল সেন্টারে যিনি কল করছেন তিনি এদেশের নাগরিক। সে নাগরিকের সেবা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। সেবা প্রত্যাশীদের প্রতিটি কল গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। নাগরিকদের সেবা দেয়া আমাদের লক্ষ্য। তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। এভাবে ডিজিটালাইজেশনের ধারা অব্যাহত রেখে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আমূল পরিবর্তন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে রাজধানীতে মৎস্য অধিদপ্তরের সদর দপ্তরে ১টি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সদর দপ্তরে অপর ১টিসহ মোট ২টি কল সেন্টার স্থাপন করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের কল সেন্টারের নম্বর ১৬১২৬ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কল সেন্টারের নম্বর ১৬৩৫৮। আপাতত সপ্তাহে ৫দিন (রবিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মৎস্য খাতের ও প্রাণিসম্পদ খাতের খামারি ও উদ্যেক্তারা কলসেন্টার থেকে সরাসরি সেবা পাবেন। মৎস্যচাষী ও খামারিগণ মৎস্য চাষ, মাছের রোগবালাই ইত্যাদি সম্পর্কে টেলিফোন কল সেন্টার থেকে তথ্য ও সেবা পাবেন। একইভাবে প্রাণিসম্পদ খাতের খামারি ও উদ্যোক্তাগণ প্রাণিসম্পদ অধিদপ্তরের কল সেন্টার থেকে গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরামর্শ ও সেবা পাবেন।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৫, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ন
তরুণ উদ্যোক্তাদের প্রেরণা জোগাচ্ছে টি. ইসলামের খামার
প্রাণিসম্পদ

তরিকুল ইসলাম – চাঁপাইনবাবগঞ্জের সফল এ ব্যবসায়ী টি. ইসলাম নামেও পরিচিত। যার স্বনির্ভরতার আলোতে আলোকিত চারপাশ। যার গরু ও ছাগলের খামার এখন মডেল। এক সময় শখের বসে গাভী পালন করলেও সেটিকে বর্তমানে ব্যবসায় রূপান্তরিত করেছেন চাঁপাই নবাবগঞ্জের এ ব্যবসায়ী। তার মালিকানাধীন খামারে কর্মসংস্থান হয়েছে ১৫ জন স্থানীয় সহায়-সম্বলহীন মানুষের। গরু, ছাগল ও মাছ চাষে বর্তমানে তিনি একজন সফল খামারি।

চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার মীরপাড়ায় চোখে পড়বে মিনার অটো রাইস মিল। সেই অটো রাইস মিলের মধ্যেই রয়েছে মিজান ডেইরি অ্যান্ড গট ফার্ম। বিশাল আকারের খামারে গরু ও ছাগলের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। যেখানে তিনজন লোক এসব গরুর দেখাশোনায় ব্যস্ত। দিনের বেলায় খোলা আকাশের নিচে গরু-ছাগল রাখার জন্য আলাদা জায়গাও রয়েছে। বর্তমানে উন্নত জাতের গাভীসহ ৬০টি গরু রয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এ ছাড়াও ২৭৫টি উন্নত জাতের ছাগল ও ৪০টি গাড়ল রয়েছে। খামারে বড় হচ্ছে তোতাপুরি, শিহইল, হরিয়ান, রাম ছাগলসহ উন্নত জাতের ছাগল। তিনি বিভিন্ন পশুর হাটে ঘুরে ঘুরে উন্নত জাতের এসব ছাগল সংগ্রহ করেন। এসব প্রাণীর বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এ খামার  দেখে উৎসাহিত হচ্ছেন অনেকে। অটো রাইস মিলের পেছনের জমিতে খামারের গরু-ছাগলকে খাওয়ানোর জন্য বোনা হয়েছে বিভিন্ন প্রজাতের ঘাস। এই খামারে শতাধিক মানুষের কর্মসংস্থান গড়তে ধীরে ধীরে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা করছেন।

গরু-ছাগলের খামার ও মাছ চাষের ব্যবস্থাপনায় আছেন তরিকুল ইসলামের বড় ছেলে মিজানুর রহমান।  জানা গেছে, চাঁপাই নবাবগঞ্জের মীরপাড়ায় মিনার অটো রাইস মিল সংলগ্ন এলাকায় ২০০৫ সালে প্রথমে গরুর খামার গড়ে তোলেন। এরপর নাচোল উপজেলার লক্ষ্মীপুরে নির্মাণাধীন টি ইসলাম এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের পাশেই গড়ে তোলেন আরও একটি পশুর খামার। পাশেই রয়েছে দৃষ্টিনন্দন পুকুর। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তিনি। এ ছাড়াও আশেপাশে ১৬টি পুকুর রয়েছে তার।

টি. ইসলাম জানান, প্রতি বছরই খামারে গরু-ছাগলের সংখ্যার বাড়ানো হয়েছে। গরু-ছাগলের জন্য আলাদাভাবে বিশাল একটি খামার নির্মাণ করা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে খামারের আয়তন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তার দাবি, সব ধরনের উদ্যোক্তার জন্যই ব্যাংকিং সহায়তা প্রয়োজন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ খামার গড়ে তুলেছি। ব্যাংকিং সহায়তা পেলে এ খামারের পরিধি আরও বাড়ানো সম্ভব।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৫, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ন
হাঁসপালনে চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতির চাকা
প্রাণিসম্পদ

নড়াইলে বিলে প্রাকৃতিক খাদ্যের ওপর নির্ভর করে উন্মুক্ত পদ্ধতির হাঁস পালন গ্রামীণ অর্থনীতির চাকা চাঙা করছে। কালিয়া উপজেলার পিরোলীর অনেকেরই ভাগ্য বদলে গেছে হাঁস পালনে। সীমিত খরচে অধিক লাভের ফলে এ ধরনের খামারের সংখ্যা বাড়ছে।

বিলে হাঁস পালন নড়াইল জেলার একটি আদিপ্রথা। তবে, হাঁস পালনে অনুকূল পরিবেশ থাকায় এবং ভালো লাভ হওয়ায় গত এক দশকে নিম্নাঞ্চলবর্তী বিল এলাকার ঘরে ঘরে গড়ে উঠেছে খামার।

পিরোলী গ্রামের হুমায়ুন শেখ। একটা সময় ছিল যখন, অভাব পিছু ছাড়তো না তার সংসারে। দিনমজুর খেটে সামান্য উপার্জনে স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটতো তার। বছর দশেক আগে ঋণ নিয়ে খামার করে স্বাবলম্বী হয়েছেন তিনি। শুধু হুমায়ুন নন, এলাকার অনেকেরই ভাগ্যের চাকা বদলেছে হাঁস পালনে। খামার থেকে ডিম সংগ্রহ আর মৌসুম শেষে বাজারে হাঁস বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন খামারিরা।

নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ হাসান বলেন, হাঁস পালনের প্রশিক্ষণসহ নানা সহায়তার কথা। ডাক প্লেগ ও ডাক কলেরা এ দুইটা রোগের বিরুদ্ধে আমরা সরকারিভাবে ভ্যাকসিন দিয়ে থাকি।

নড়াইলের কালিয়া পিরোলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফোরকার শেখ জানান, আমি খামারিদের পাশে থেকে তাদের সুবিধা-অসুবিধা আছে, এসবই আমি দেখাশুনা করি।

প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, জেলায় ৩ শতাধিক খামারে রয়েছে অন্তত দেড় লাখ হাঁস। এসব খামার থেকে প্রতি মাসে ন্যূনতম ২ কোটি ২৫ লাখ টাকা আয় হয়।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৩, ২০২২ ৭:০৩ অপরাহ্ন
পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার (৩ জুন) পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন হলিডে কমপ্লেক্সে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত সীউইড মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু দক্ষিণের জনপদের উন্নয়নে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে। এ সেতুর কারণে মানুষের জীবনমানের পরিবর্তন হবে, তাদের আধুনিক আকাঙ্ক্ষা পূরণ হবে। এ সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে এটি কখনোই সম্ভব হতো না। প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় এ অঞ্চলে উৎপাদিত মাছ, মাংস, দুধ, ডিমসহ অন্যান্য কৃষিসামগ্রী রাজধানী ঢাকায় পৌঁছানো বা রপ্তানির সুযোগ ছিল না। পদ্মা সেতুর সংযোগের ফলে দক্ষিণাঞ্চলে উৎপাদিত মাছসহ অন্যান্য কৃষিসামগ্রী দ্রুততার সাথে ঢাকায় যেতে পারবে। পাশাপাশি এ অঞ্চলে প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠা হবে। প্রক্রিয়াজাত করা সামগ্রী সরাসরি বিদেশে পাঠিয়ে দেওয়া যাবে। এ সেতু দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় আসা-যাওয়াই শুধু সহজ করবে না, এ অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধি করবে।

এর আগে বিএফআরআই এর আয়োজনে কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্স মিলনায়তনে সীউইড মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সীউইড মেলার উদ্বোধন করেন মন্ত্রী।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক। সীউইড নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন বিএফআরআই এর বাংলাদেশ উপকূলে সীউইড চাষ ও সীউইডজাত পণ্য উৎপাদন গবেষণা প্রকল্পের পরিচালক মো. মহিদুল ইসলাম। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুর রহমান ও কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, বিএফআরআই ও মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও মৎস্য খাতের অংশীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সীউইড বা সামুদ্রিক শৈবাল বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন একটি সমুদ্রসম্পদ। এ সম্পদ কাজে লাগাতে হবে। মানুষের পুষ্টি চাহিদা মেটাতে, ‌রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্বাদু খাবারের যোগান দিতে সীউইড অত্যন্ত সহায়ক। বিশ্বের বিভিন্ন দেশে সীউইডের ব্যাপক চাহিদা রয়েছে। সীউইড পণ্যের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা তারা উপলব্ধি করে। সীউইড প্রাপ্তির একটি বড় অঞ্চল কুয়াকাটা। এ অঞ্চলের পর্যটন হোটেলসহ অন্যান্য হোটেল-মোটেল সংশ্লিষ্টদের সীউইডের বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। সীউইডের আহরণ ও বিপণনে যেন কোন বাধার সৃষ্টি না হয় সে বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর আহরণ, চাষ পদ্ধতি ও গুণাবলী সবার কাছে পৌঁছে দিতে হবে।

এ সময় তিনি আরও বলেন, সুনীল অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় সম্পদ সীউইড। খাদ্য, ঔষুধ শিল্প, প্রসাধনী শিল্পসহ নানা ক্ষেত্রে সীউইডের বহুমুখী ব্যবহার রয়েছে। এ সম্পদকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে সুদৃঢ় করতে হবে। বিদেশে সীউইড রফতানির বড় বাজার রয়েছে, সেটা আমরা ধরতে চাই। সীউইড জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সীউইড মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমুদ্রগামী প্রতিটি নৌযানের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সমুদ্রগামী সব মাছ ধরার নৌযানে আধুনিক প্রযুক্তি সংযোজন হচ্ছে। এর মাধ্যমে সমুদ্রে মাছ ধরা নৌযানের অবস্থান জানা  যাবে। ফলে অবৈধ উপায়ে এবং যত্রতত্র মাছধরা ট্রলার যাওয়া বন্ধ হয়ে যাবে। বৈধ উপায়ে মাছ ধরতে গিয়ে জেলেরা দুর্ঘটনায় পড়লে সরকার সব ধরনের সহযোগিতা করবে। গভীর সমুদ্রে অবৈধ উপায়ে মৎস্য আহরণে যাওয়াকে সরকার নিরুৎসাহিত করছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ। সমুদ্র থেকে টুনা জাতীয় মাছ আহরণে মৎস্য অধিদপ্তর প্রকল্প বাস্তবায়ন করছে। বিশ্বের অন্তত ৯০টি দেশে বাংলাদেশের মাছের চাহিদা রয়েছে। পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে মাছ প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাতকরণ শিল্প গড়ে উঠবে। বিশ্বের অনেক দেশে মাছ পাঠানো যাবে। এখান থেকে প্যাকেটজাত করে সরাসরি মাছ রপ্তানি করতে পারলে মৎস্য সংশ্লিষ্ট শিল্পেই দক্ষিণাঞ্চল এগিয়ে যাবে, এ অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধি হবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop