৫:৪২ পূর্বাহ্ন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ৯:১৭ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
কৃষি বিভাগ

বগুড়ার শেরপুরে বোরো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু উপস্থিত থেকে এক হাজার সাতশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বোরো উফশী ধানের বীজ-সার এবং হাইব্রিড বীজ তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী।
এছাড়া অন্যদের মধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, কৃষি অফিসের কর্মকর্তা ছামিদুল ইসলাম, মাসউদ আলম প্রমূখ বক্তব্য রাখেন।

স্থানীয় কৃষি অফিস জানায়, চলতি ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ও হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে এসব সার-বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি দেওয়া হয়। এছাড়া হাইব্রিড প্রতি বিঘা জমির জন্য দুই কেজি বীজ দেওয়া হয় বলে সূত্রটি জানায়।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ৮:৪৭ অপরাহ্ন
হাওর, পাহাড়ি জমিতে ফসল উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে-কৃষিমন্ত্রী
কৃষি বিভাগ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলের লবণাক্ত, হাওর, পার্বত্য চট্টগ্রামসহ প্রতিকূল পরিবেশে ও জমিতে ফসল উৎপাদনে সরকার এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমান কৃষিবান্ধব সরকারের আমলে দেশে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে। সরকার এখন সব মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছে। কিন্তু ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি, বিপরীতে ক্রমবর্ধমান জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মধ্যে খাদ্য নিরাপত্তা টেকসই বা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ উপলক্ষে এক সেমিনার, শোকেসিং, সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও মৃত্তিকা দিবস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ব মৃত্তিকা দিবসে এবারের প্রতিপাদ্য ‘লবণাক্ততা রোধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি’। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রকাশিত ‘সয়েল অ্যাটলাস অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

আব্দুর রাজ্জাক বলেন, দেশে লবণাক্ততা একটি বড় সমস্যা। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত জমির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায়, খাদ্য উৎপাদন ব্যবস্থা স্থিতিশীল ও টেকসই রাখতে হলে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে চাষযোগ্য জাত এবং উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও ছড়িয়ে দিতে হবে। সেজন্য, আমরা অগ্রাধিকারভিত্তিতে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের কৃষি বিজ্ঞানীরা অনেক ফসলের লবণাক্ততাসহিষ্ণু উন্নত জাত উদ্ভাবনে করতে সক্ষম হয়েছে। এসব জাত ও উৎপাদন প্রযুক্তি চাষিদের মধ্যে দ্রুত সম্প্রসারণের জন্য কাজ চলছে।

তিনি বলেন, জনসংখ্যা যে হারে বাড়ছে, উপকূলের লবণাক্ত জমিকে কাজে লাগাতে না পারলে খাদ্য নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে না। সেটিকে বিবেচনায় নিয়ে কৃষি মন্ত্রণালয় ও সংস্থাগুলো সঠিক পথে নিরলসভাবে কাজ করছে। ফলে, আগে যেখানে বছরে একটি ফসল হতো, এখন সেখানে ২-৩টি ফসল হচ্ছে। এসব কার্যক্রমকে আরও জোরদার ও গতিশীল করতে মন্ত্রণালয় প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রমুখ।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ৫:৩৪ অপরাহ্ন
নাসিরনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কৃষি বিভাগ

কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীলজাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২ হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রোবাবর (৫ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ মোঃ তারেকের পরিচালনায় এ সময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় অপু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দসহ কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীজ বিতরণ অনুষ্ঠানে ১৩টি ইউনিযনের ২০০০ জন কৃষককের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ,২০ কেজি সার প্রদান করা হয়।

এছাড়াও সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের কৃষিযন্ত্র বিতরণ করেন বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

 

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ৪:১৬ অপরাহ্ন
হাওরের বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষক
কৃষি বিভাগ

হাওরে মানেই বর্ষায় থৈ থৈ পানি, আর শীতে অবাধ সবুজের সমারোহ। দিগন্ত জোড়া মাঠের চারদিকে এখন সবুজ ধানের কোলাহল তৈরি হবে। যতদূর চোখ যাবে শুধু চোখে ভাসবে সবুজ ধানের ক্ষেত। 

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা এখন বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিবছর হাওরের চিত্র, আর এবছরের চিত্র কিছুটা ভিন্ন।এবার হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় বোরো চাষিরা অত্যন্ত খুশি। তারা এখন দলবেঁধে বোরা চাষ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বোরো ধানের বীজতলায় হাওরাঞ্চল এখন সবুজে সবুজে একাকার। কিশোরগঞ্জের এক হাজার চারশত সত্তুর বর্গকিলোমিটার হাওরাঞ্চলে চলছে বোরো আবাদের প্রস্তুতি। এ অঞ্চলের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বীজতলার পরিচর্যায়।

জেলার মিঠামইন উপজেলার কৃষক ছফির উদ্দিন জানান, হাওরের পানি আগেভাগে নেমে যাওয়ায় চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরি করতে আমাদের সুবিধা হয়েছে। এখন বীজতলা পরিচর্যার পাশাপাশি জমিও প্রস্তুত করছি। কয়েকদিনের মধ্যে ধানের চারা জমিতে লাগাতে পারবো।

আরেক চাষি মো. লতিফ মিয়া বলেন, সময়টা ভালই আশা করি সব ঠিকঠাক থাকলে ফলনও ভাল হবে। প্রাকৃতিক দুর্যোগতো প্রতি বছরই কমবেশি থাকে। কিন্তু ডিজেলের দাম বেড়ে যাওয়ায় আমরা শঙ্কায় আছি। এতে করে উৎপাদন খরচও বেড়ে যাবে এ বছর। ধানের ফলন ভাল হলেও, ধানের দাম যদি বেশি না পাই তাহলে আমরা ক্ষতির মুখে পড়বো।

জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. ছাইফুল আলম বলেন, হাওরাঞ্চলের চাষিদের বোরো ধানের বীজতলা তৈরির বিভিন্ন পরামর্শ দিয়েছি। এমনকি সরেজমিনেও তাদের জায়গাগুলো দেখেছি। অন্যান্য বছরের তুলনায় এবছর হাওরের পানি দ্রুত চলে যাওয়ায়, হাওরের কৃষকরা বীজতলা প্রস্তুত করার সময় অনেক আগেই পেয়ে গেছেন। এটা কৃষকদের জন্য খুশির খবর। যদি বড় ধরনের প্রাকৃতিক কোন দুর্যোগ না হয়, তাহলে হাওরে এবছর বোরো উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করবে।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর জেলায় ১ লক্ষ ৬৪ হাজার ৪০০শ ৮৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারে ধানের দাম ভাল, তাই এ মৌসুমে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে। তবে, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ধানের ন্যায্য দাম নিয়েও শঙ্কায় রয়েছে কৃষক।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ৩:৪২ অপরাহ্ন
মানিকগঞ্জের মৌচাষিরা মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন
কৃষি বিভাগ

মানিকগঞ্জে এখন সরিষার ভরা মৌসুম। এই সময়ে ব্যস্ত সময় পার করছে মৌ-চাষিরা। মানিকগঞ্জের ৭টি উপজেলাতে চলতি মৌসুমে ৭০ থেকে ৮০ মেঃ টন মধু সরিষা ফুল থেকে সংগ্রহ করার টার্গেট করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে মৌ-চাষিরা। মধু আহরন করতে পারলে এ চলতি মৌসুম এ ২ কোটি টাকা মধু বিক্রয় হবে বলে ধারনা করছে মৌচাষিরা।সদর, ঘিওর, দৌলতপুর, শিবালয়, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুর, এলাকার বিভিন্ন স্থানে ৫ শতাধিক মৌয়ালরা সরিষা ক্ষেতে কাঠের বাস্ক মৌমাছি পালন করে মধু উৎপাদন মাঠে নেমে পরেছে।

মৌচাষিরা সকালে তাদের বাস্ক থেকে মৌমাছি ছেড়ে দেয়। সন্ধ্যার সময় দল বেধেঁ মৌমাছি মধু আহরন করে আবার ফিরে আসে। মধু ভারত, মালেশিয়া,কুয়েতসহ বিভিন্ন দেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এলাকার অনেক যুবক। মানিকগঞ্জে এবার ৩৬ হাজার ১১০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ফরিদপুর, যশোহর, গাজিপুর, পাবনা, নারায়নগঞ্জ, সিরাজগঞ্জ, সাতক্ষিরা ও খুলনা থেকে অনেক মৌচাষিরা মানিকগঞ্জের ৭টি উপজেলার বিভিন্ন স্থানে মধু সংগ্রহের জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়েছে। জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য এর ফুল ও পাতা ঝরে জৈব সার তৈরি হয়। ফলে মানিকগঞ্জের ৭টি উপজেলার অনেক কৃষক ধানের পাশাপাশি সরিষা চাষের দিকে ঝুঁকে পরেছে। চলতি বছরে আবহাওয়া অনুকুলে থাকার দরুন সরিষা আবাদ করে অনেক কৃষক বেশি লাভবান হয়েছে।

খুচরা প্রতি কেজি মধু তারা ২৫০ টাকা থেকে ৩শ’ টাকা পর্যন্ত বিক্রি করেন। কোম্পানীর কাছে তারা ১২০ টাকা থেকে ১৫০ টাকা কেজি মধু বিক্রি করেন।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জানান, চলতি মৌসুমে সরিষা ফুল থেকে প্রায় ৭০থেকে ৮০ টন মধু আহরনের সম্ভবনা রয়েছে। ফসলি জমিতে মধু আহরনে জমির কোন ক্ষতি হবার সম্ভবনা নেই। গত বছরে প্রায় ৬০ মেঃ টন মধু আহরন করা হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় এক কোটি টাকা। তবে চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ৩:০৯ অপরাহ্ন
কৃষি জমি রক্ষায় অঞ্চলভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
কৃষি বিভাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যত্রতত্র শিল্প-কারখানা করা যাবে না। কৃষিজমি রক্ষা করতে, কোভিড পরিস্থিতির পর বিশ্বের অনেক দেশ খাদ্য সংকটে ভুগছে, যদিও সে সমস্যা বাংলাদেশে নেই। তবুও চাষের জমি রক্ষা করতে হবে। খাদ্য চাহিদা কখনও কমবে না বরং বাড়বে।

রবিবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১’ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে খাদ্য উৎপাদন ও শিল্পায়ন দুটোই প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট জায়গায় শিল্পায়ন করতে হবে, যাতে উৎপাদন ব্যহত না হয়। এজন্য সারাদেশে ১০০টি শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। বিসিকের শিল্পাঞ্চল সম্প্রসারিত হচ্ছে। এসবের মধ্যে শিল্পায়ন করতে হবে। তাতে বর্জ্যব্যবস্থাপনাও ঠিক থাকবে। পরিবেশ নষ্ট হবে না।

এসএমই ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি উদ্যোক্তা হয় তবে সে কোথায় কারখানা করবে সেটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা নিন। নিজস্ব জায়গায় করলে, সেখানে কীভাবে বর্জ্যব্যবস্থাপনা করবে সেটা ভালোভাবে দেখতে হবে।

তিনি বলেন, অঞ্চলভিত্তিক শিল্পকে কাজে লাগাতে হবে। যে অঞ্চলে যে পণ্য হচ্ছে সেগুলো কাজে লাগাতে হবে। ওই অঞ্চলে সেই ধরনের শিল্পনগরী করতে হবে। কোন দেশে কোন ধরনের পণ্যের চাহিদা রয়েছে, সেটা দেশের কোথায় থেকে কীভাবে পূরণ করা সম্ভব সেগুলো নিয়ে ভাবতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা কৃষি ও খাদ্যপ্রক্রিয়াজাত শিল্পকে বেশি গুরুত্ব দিচ্ছি। মাছ-সবজি উৎপাদন অনেক বাড়িয়েছি। এজন্য উদ্বৃত্ত সম্পদকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করে বিদেশি বাজার ধরতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ১২:৪০ অপরাহ্ন
মেহেরপুরে বেড়েছে ওলকপি চাষ
কৃষি বিভাগ

মেহেরপুর জেলায় শীত মৌসুমে সবজি চাষে ওলকপি নতুন মাত্রা যোগ করেছে। ভালো দাম পাওয়ায় মেহেরপুর জেলায় জনপ্রিয় হয়ে উঠছে ওলকপির চাষ। বাঁধাকপি, ফুলকপি উৎপাদনে অনেক ঝুঁকি থাকলেও ওলকপি উৎপাদনে অনেকটা ঝুঁকিমুক্ত ও রোগবালাই কম। এসব কারণে শিক্ষিত বেকার যুবকেরাও উদ্যোগী হচ্ছে ওলকপির চাষে। দাম এবং চাহিদা ভালো থাকায় মেহেরপুরের ওলকপি সারাদেশে কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।

কপির মধ্যে অন্যতম সবজি হলো ওলকপি। অন্যান্য কপি চাষের থেকে ওলকপি চাষে খরচ কম। অল্প খরচে বেশি লাভ হওয়ায় মেহেরপুরে বাণিজ্যিক ভাবে ওলকপি চাষ প্রতিবছরই বাড়ছে। এলাকার চাহিদা মিটিয়ে ওলকপি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে কৃষকরা। বিঘাপ্রতি জমিতে ২০-২৫ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকা ঘরে তুলছে চাষি। কৃষি বিভাগের হিসেবে চলতি বছর জেলায় ৭৫ হেক্টর জমিতে ওলকপি চাষ হয়েছে।

আমাদের দেশের কৃষকরা বেশিরভাগ সময়ে চারা রোপণ করে ওলকপির চাষ করে থাকে। তবে চারা রোপণ না করাই ভালো। কারণ এতে কোনো ভাবে রোপণের সময় প্রধান শিকড় ভেঙ্গে যেতে পারে । কৃষি বিভাগের মতে সারিতে বীজ বুনলে সারি থেকে সারির দূরত্ব ৩০ সেন্টিমিটার বা ১ ফুট রাখতে হবে এবং চারা রোপণ করলে চারা থেকে চারা ২০ সেন্টিমিটার বা ৮ ইঞ্চি দূরত্বে রোপণ করতে হবে।

চাষিরা জানায়, বাঁধাকপি ও ফুলকপি চাষে পাতামরা রোগ ও পোকার আক্রমণের ঝুঁকি থাকলেও এ জাতের কপি চাষে ঝুঁকি কম। এছাড়া ৪০ থেকে ৪৫ দিনে এ কপি বাজারজাত করা সম্ভব হচ্ছে।

সব মাটিতেই ওলকপি চাষ হলেও হালকা দো-আঁশ মাটি ওলকপি চাষের জন্য উপযোগী। অধিক বৃষ্টিপাত এ সবজি চাষের জন্য ক্ষতিকর। গাছের দ্রুত বেড়ে ওঠার জন্য আলোর প্রয়োজন। আমাদের দেশে সাধারনত রবি মৌসুমে ওলকপির চাষ হয়।

সদর উপজেলার উজুলপুর গ্রামের জুয়েল আহমেদ বাবু জানান, তিনি চার বছর ধরে শীতকালীন সবজি হিসেবে ওলকপি চাষ করেন। এ পর্যন্ত কোনবছর লোকসান হয়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ জানান- ওলকপি চাষ করে চাষিরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় ওলকপি চাষ বৃদ্ধিতে চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। মূলত এটি একটি শীতকালীন সবজি। এ সবজির পুষ্টিগুণ প্রচুর ।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ১২:১৬ অপরাহ্ন
জয়পুরহাটে আগাম জাতের আলু চাষে লাভবান কৃষকরা
কৃষি বিভাগ

আলু চাষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ জেলা জয়পুরহাটে আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। ভালো দাম পেয়ে খুশি বলে আলুচাষিরা জানান।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, কৃষকরা এখন মাঠে আগাম জাতের আলু তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগাম জাতের ক্যারেজ আলু চাষ করে বিঘা প্রতি ২৫/৩০ মণ ফলন পাওয়া যাচ্ছে বলে জানান পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের চাষি সম্ভু চন্দ্র। আগাম জাতের আলুতে ভালো লাভ পাওয়া যায় এ জন্য প্রতি বছরের ন্যায় এবারও দুই বিঘা জমিতে আগাম জাতের ক্যারেজ আলু চাষ করেছেন বলে জানান। বর্তমান বাজারে দুই হাজার টাকা থেকে ২ হাজার ৪শ টাকা পর্যন্ত প্রতি মণ আলু পাইকারি বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি বলে জানান আলুচাষি সম্ভু চন্দ্র ।

কালাই উপজেলার কাজীপড়িা এলাকার কৃষক মোসলেম উদ্দিন এবার ৪ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন বলে জানান। আগাম জাতের আলু চাষ করে ভালো দাম পাওয়া যায় এ জন্য আগ্রহ নিয়ে আগাম জাতের এ ক্যারেজ জাতের আলু চাষ করে থাকেন বলেও জানান তিনি। খুচরা বাজারে বর্তমানে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন আলু।

আগাম জাতের আলু ওঠার পরবর্তী সময়ে ২য় দফায় অন্যান্য আলু চাষ করার সময় বিঘা প্রতি ৫০/৫৫ মণ আলু উৎপাদন হয়ে থাকে। এ সময় কিছুটা আলুর বাজার দর কম থাকলেও অতিরিক্ত ফলনের কারণে তাতে কৃষকদের লোকসান হয়না।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, জেলায় এবার ৫ হাজার ৮ শ ৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে।

 

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ন
মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন
কৃষি বিভাগ

আবহাওয়া অনুকল থাকায় এবার মাদারীপুরে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলায়। বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে। 

মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার সবগুলোতেই রোপা আমন ধানের আবাদ হয়ে থাকে। কৃষকরা জমির পাট কাটার পর সেখানে রোপা আমন বুনেন। প্রায় চার মাস আবাদের পর এখন তাদের ব্যস্ততা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে। এরই মধ্যে ৭০ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।

উচ্চ ফলনশীল জাতের এই ধান চাষে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ও কোনো রোগবালাই না হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষকরা জানায়, এ বছর কাঙ্খিত ফলন ঘরে তুলতে পারবেন তারা। বাজারে ভালো দাম থাকায় লাভও হবে বেশ ভালো।

কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, রোপা আমন ধান চাষে কৃষকদের সহযোগিতা করতে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে।

জেলা কৃষি কর্মকর্তা জানালেন, আবহাওয়া অনুকূল থাকায় এবং প্রণোদনা কার্যক্রম চালু রাখায় এবারে লক্ষ্যমাত্রার চাইতেও বেশি রোপা আমন ধানের আবাদ হয়েছে।

কৃষি অফিসের তথ্য অনুযায়ি, এবছর জেলায় ১৩ হাজার ৩১ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে আবাদ হয়েছে তার চাইতেও বেশি জমিতে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৪, ২০২১ ১০:৩৫ অপরাহ্ন
কলাপাড়ায় কৃষকের ধান কাটার হিড়িক
কৃষি বিভাগ

ঘুর্নিঝড় জাওয়াদ আতঙ্কে কলাপাড়র উপকূলজুড়ে কৃষকের ধান কাটার হিড়িক লেগেছে। কৃষকরা পাকা ধান তো দুরের কথা, কাঁচাপাকা ধানও কেটে বাড়িতে তুলছেন।

বছরের একটি মাত্র আমন ফসল ঘরে তোলার শঙ্কা নিয়েই কৃষকরা যে যেভাবে পারছেন ধান কেটে ঘরে তুলছেন। হাইলা-কামলা, কৃষাণদের অতিরিক্ত মজুরি দিয়ে কৃষকরা এখন মাঠে ধান কাটার কাজে নেমেছেন কোমর বেধে। আবার বহু কৃষক কম্বাইন্ড হারভেস্টর মেশিনেও ধান কাটছেন। সারা বছরের খোরাকি চাল সংরক্ষণের অবলম্বন আমন ধান।

শুক্রবার রাত থেকে কলাপাড়ার পায়রা বন্দরসহ গোটা উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আকাশ মেঘলা রয়েছে। ফলে কৃষকরা চরম শঙ্কায় পড়েছেন।

টিয়াখালী গ্রামের কৃষক মোহাম্মদ রিয়াজ জানান, দেড় কানি (১২ বিঘা) জমির ধান মেশিনে কেটেছেন। আরও বাকি ১৫ কানি। কিছু ধান কাঁচা থাকলেও বৃষ্টিসহ ঝড়োহাওয়ায় কেটে ফেলেছেন। শনিবার দুপুর পর্যন্ত ঘুরে দেখা গেছে কৃষকের ধান কেটে ঘরে তোলার মহাব্যস্ততার দৃশ্য।

কুমিরমারা গ্রামের ধান ও সবজি চাষী সুলতান গাজী জানালেন, কৃষকরা যে যেভাবে পারছেন ধান কেটে ঘরে তুলছেন। এই মুহুর্তে বৃষ্টি হলে পাকা ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, ৮০ ভাগ ধান পাকলেই ধান কাটতে হয়। তিনি জানালেন ইতোমধ্যে ৪০ ভাগ জমির ধান কাটা শেষ করেছেন কৃষকরা। এখনও মাঠে অন্তত ৩০টি কম্বাইন্ড হারভেস্টর মেশিন ধান কাটার কাজে নিয়োজিত রয়েছে।

এছাড়া শ্রমিক তো আছেই। কারণ এই মুহুর্তে বেশি বৃষ্টি হলে আমন ধাণের বেশি ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। তবে হারভেস্টর দিয়ে ঘন্টায় এক একরের বেশি জমির ধান কাটা সম্ভব। কৃষকরা চরম উৎকন্ঠা নিয়ে আমন ধান ঘরে তোলার কাজে ব্যস্ত রয়েছেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop