১২:৫১ পূর্বাহ্ন

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর , ২০২৬
ads
ads
শিরোনাম
  • হোম
  • সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন মালয়েশিয়া ফেরত মাজেদ
ads
প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন
সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন মালয়েশিয়া ফেরত মাজেদ
প্রাণিসম্পদ

প্রবাসে পরিবার পরিজনহীন নি:সঙ্গ জীবন। তবুও মানুষ বেশি আয়ের আশায় বিদেশে পাড়ি জমায়। জীবনের আশা আকাঙ্ক্ষা নি:শেষ করে শুধু টাকা উপার্জনের যন্ত্রে পরিণত হয়। কিন্তু আত্মবিশ্বাস আর পরিশ্রমে নিজের দেশেই সচ্ছলতার শীর্ষে পৌঁছার দৃষ্টান্ত তৈরি করেছেন বিদেশ ফেরত ঝিনাইদহের মাজেদুল ইসলাম।

ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের মাজেদুল ইসলাম মালয়েশিয়া গিয়েছিলেন ভাগ্য ফেরাতে। প্রবাসে ভালো বেতনের চাকরিও করতেন। প্রবাসের নি:সঙ্গ সময়গুলোতেই তিনি দেশে ফিরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। দুই বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে বিভিন্ন উদ্যোক্তা ও খামারিদের পরামর্শ নেন এবং হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করেন। অন্যের জমি লিজ নিয়ে তিনি হাঁসের খামার গড়ে তোলেন।

বাসস প্রতিনিধির সাথে আলাপকালে তরুণ উদ্যোক্তা মাজেদুল সাবলীল ভাষায় বলেন, ‘গত বছরের শুরুর দিকে কালুহাটি গ্রামের মাঠে খালের পাড়সংলগ্ন ১০ কাঠা জমি লিজ নেই। সেই জমিতেই বাঁশ ও কাঠ দিয়ে ঘর তৈরি করি। শুরু হয় হাঁস পালন। ক্যাম্বেল জাতের ৬০০টি হাঁসের বাচ্চা দিয়ে যাত্রা শুরু’।

এক বছরে খামারে বেড়েছে হাঁসের সংখ্যা। বেড়েছে প্রাকৃতিক উপায়ে ডিমের উৎপাদন। এসব ডিমের চাহিদাও ব্যাপক। অনেকেই মাজেদুলের খামারে এসে ডিম কিনে নিয়ে যান। এ ছাড়া শহরের বাজারেও ডিম বিক্রি করা হয়। বর্তমানে ডিম বিক্রি করে সপ্তাহে গড়ে আয় হয় ২০ হাজার টাকা।

সরেজমিনে দেখা যায়, মাজেদুলের খামারে ডিম দেয়া হাঁস আছে প্রায় ৪০০। এর মধ্যে গড়ে ৩৫০ থেকে ৩৮০টি হাঁস নিয়মিত ডিম দিচ্ছে। এ ছাড়াও তিনি খামারে নতুন করে প্রায় ১২০০ ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা পালন শুরু করেছেন। হাঁসের ডিম থেকে এসব বাচ্চা ফুটেছে। হাঁস ও হাঁসের বাচ্চাদের টিকাদান, খাওয়া ও সার্বিক কাজ মাজেদুল নিজ হাতেই করেন। এসব কাজে সহায়তার জন্য মাজেদুল ফার্মে একজন কর্মচারী নিয়োগ করেছেন। কর্মচারী শিলন হোসেন ও মাজেদুল ইসলামের দিনের বেশির ভাগ সময় কাটে  হাঁসের পরিচর্যায়।

মাজেদুল ইসলাম বলেন, ‘বিদেশ থেকে ফেরার পরে অনেকেই আমাকে বলেছিল পাকা বাড়িঘর নির্মাণ করতে। আমি কারো পরামর্শ শুনিনি। ফাঁকা মাঠে খালের পাড়ে হাঁস পালন করা দেখে অনেকেই ঠাট্টা তামাশা করেছে। আমি কারও কথায় কান দেইনি। আমি আমার লক্ষ্য পূরণে কাজ করেছি।’

তিনি বলেন, এখন আমার খামারে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৭শ’ হাঁস আছে। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ টি ডিম পাচ্ছি। ডিম পাড়া হাঁসের জন্য বিশেষ খাবার দেয়া হলেও হাঁসগুলো বেশির ভাগ সময় খালের পানিতে খাবার খায়। এতে প্রাকৃতিক উপায়ে ডিম উৎপাদন করতে পারছি। এ ছাড়া হাঁস বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে। মাসে আমার খামারের সব খরচ-খরচা বাদ দিয়ে ৫০ থেকে ৫৫ হাজার টাকা আয় হয়। প্রবাস জীবনে রোজগারের চেয়ে দেশে নিজ উদ্যোগে কিছু করতে পারার যে প্রশান্তি আমি তা উপভোগ করছি।

মাজেদুল বলেন, হাঁস পালন করতে গিয়ে অনেক কিছু শিখতে হয়েছে। ভ্যাকসিনেশন, খাদ্য নির্বাচন, পরিচর্যা, হাঁসের থাকার পরিবেশ সংরক্ষণসহ নানা বিষয়ে শেখা প্রয়োজন। সরকার থেকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলে অনেক তরুণ হাঁস পালন বা অন্যান্য ছোট ছোট খামার গড়ে তুলতে পারবেন।

মাজেদুলের এই সাফল্য এখন এলাকার তরুণদের অনুপ্রেরণা। তারা নিজেদের খামার গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ নিতে আসেন। অনেকেই মাজেদুলের খামারে এসে প্রাকৃতিক উপায়ে পালিত হাঁস ও উৎপাদিত ডিম ন্যায্য দামে কিনে নিয়ে যান ।

স্থানীয় ব্যবসায়ী সাঈদুল ইসলাম সবুজ বাসস’কে বলেন, ‘মাজেদুল ইসলাম দেশে ফিরে হাঁস পালন শুরু করলে অনেকেই তাকে নিয়ে মশকরা করেছে। কিন্তু মাজেদ তার কাজ মন দিয়ে করে গেছেন। আজ সে সফল। খালের পানিতে হাঁস পালন করে মাজেদ এরই মধ্যে বেকার তরুণ-যুবকদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছেন।’

স্থানীয় চাকরিজীবী মাজিদুল হক বাসস’কে বলেন, মাজেদুল আমাদের এলাকার গর্ব। তিনি কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করছেন। তার খামারের নাম এলাকায় ছড়িয়ে পড়েছে। একজন মানুষ বিদেশের ভালো চাকরি ছেড়ে দেশে ফিরে হাঁস পালন করে এত দ্রুত সফলতা অর্জন করতে পারে, তা মাজেদুলকে না দেখলে বিশ্বাস করতাম না।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল বাসস’কে বলেন, তরুণ উদ্যোক্তা মাজেদুল ইসলাম যে খামার গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সরকার কর্মসংস্থান বৃদ্ধিতে দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানাভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ করে, প্রাণিসম্পদ বা গবাদিপশু পালন করে আমাদের তরুণরা সহজেই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। হাঁস পালন করে মাজেদুল ইসলাম নিজে স্বাবলম্বী হয়েছেন, অন্যেরও কাজের সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, জেলা প্রাণিসম্পদ অফিস থেকে তরুণ উদ্যোক্তাদের যাবতীয় সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে। মাজেদুল ইসলামের সাথেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop