৬:১৫ পূর্বাহ্ন

শুক্রবার, ২৪ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন
পটুয়াখালীতে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ
কৃষি বিভাগ

পটুয়াখালী, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফলে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে দেশীয় প্রজাতির মাছের ওপর। ফলে বিলুপ্তির পথে উপকূলীয় অঞ্চলের দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় কৃষকরা জমিতে ফলন বাড়াতে অধিক মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন। বর্ষার সময় এ বিষাক্ত পদার্থগুলো বৃষ্টির পানির সঙ্গে নদী-নালা, খাল ও পুকুরে মিশে যাচ্ছে। এতে পানির প্রাণবৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জমিতে রাসায়নিক সার ব্যবহারের কারণে বিশেষ করে মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং প্রজনন ও জীবনচক্র ব্যাহত হচ্ছে, যার ফলে স্থানীয়ভাবে পরিচিত নানা দেশি মাছ যেমন- পুঁটি, কৈ, শিং, মাগুর, পাবদা, টাকি, চিংরি, বাইম, বেদা, গজার, বেলে মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ এখন প্রায় বিলুপ্তির পথে।

পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফল উপজেলার চারপাশে নদীবেষ্টিত এলাকা। কিন্তু এখন আর আগের মতো দেশি প্রজাতির মাছের দেখা মেলে না। জেলার বিভিন্ন উপজেলার মানুষ নদীবেষ্টিত উপজেলাগুলোর মাছের প্রশংসায় থাকতেন পঞ্চমুখ। অথচ আজ মাছে ভাতে বাঙ্গালি বলা সেই প্রবাদ হারিয়ে যেতে বসেছে। দেখা দিয়েছে মাছের অকাল।

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মৎস্য শিকারী আবদুল করিম (৫০) বলেন, এক সময় খাল বিল নদী নালায় প্রচুর মাছ মিলতো, যখন ফসলি জমিতে হালচাষ দিতো তখন হালের সাথে দেশীয় মাছ পাওয়া যেত। এখন আর সেই মাছ পাওয়া যায় না, প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

বাউফলের কনকদিয়া ইউনিয়নের মাছ শিকারী কেরামত আলী (৫৫) বলেন, আগে জাল মারলে জালে মাছ ভরে উঠতো এখন আর উঠে না তেমন। দেশীয় প্রজাতির মাছ রক্ষণাবেক্ষণ যদি এখন করা না হয়, তাহলে এই মাছ হারিয়ে যাবে। তাই এই মাছ টিকিয়ে রাখার আহ্বান সচেতন মহলের প্রতি।

রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফলে দীর্ঘদিনের ঐতিহ্য দেশি মাছ। এই মাছের সঙ্গে তাদের জীবিকা, খাদ্যাভ্যাস ও সংস্কৃতির সম্পর্ক। তাই পরিবেশ রক্ষা ও দেশীয় মাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই জরুরি পদক্ষেপ দরকার। এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা ও সচেতন মহল।

বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু (৫৩) এ বিষয়ে বলেন, আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দেশীয় প্রজাতির মাছের নাম। তাই এই মাছ রক্ষা করতে সকলের এগিয়ে আসতে হবে। অবিলম্বে সচেতনতা বৃদ্ধি, জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহ এবং জলাশয় রক্ষা করে টেকসই কৃষিনীতি গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে দেশীয় মাছ হারিয়ে যাবে।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ফসলি জমিতে রাসায়নিক ও কীটনাশক মিশ্রিত খাবার খেয়ে দেশীয় প্রজাতির মাছ বর্তমানে বিলুপ্ত হতে চলছে। এমন সময় আসবে এসব মাছ আর চোখে পড়বে না। আমাদের মৎস্য অধিদপ্তর এসব দেশীয় প্রজাতির মাছ ধরে রাখার জন্য বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিচ্ছে। যাতে এসব দেশীয় মাছ ধরে রাখা যায়।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, অধিক উৎপাদনের আশায় রাসায়নিক ব্যবহার হচ্ছে। এতে দেশীয় মাছের ক্ষতি হচ্ছে। তবে আমরা মাঠ পর্যায় কৃষকদের ফসলি জমিতে গাছের ডাল পুতে রাখা, রাতে আলোক ফাঁদ তৈরি করা এবং নীমপাতা, মেহগনি গাছের ফল বেটে (মিহি) করে একসাথে করে ফসলি জমিতে দিতে পরামর্শ দেই, যাতে কীটনাশকের ব্যবহার কমে যায়।

এ বিষয়ে বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, মাটিতে অধিক পরিমান জৈব সার ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সার ব্যবহার কমানো যায়। একইসাথে জমিতে অধিক ফলন ধরে রাখা সম্ভব। পাশাপাশি রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে আমরা রেহাই পাবো। তবে কৃষকদের জৈব পদ্ধতির দিকে ধীরে ধীরে আগানো হচ্ছে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির মাছ কমে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ, জলাশয়ে পানি সংকট, মৎস্য অভয়াশ্রম কম থাকা, মৎস্য আবাস ভূমির চ্যানেল বন্ধ হওয়া, অবৈধ জাল ও কিটনাশক ব্যবহারে নির্বিচারে মাছ ধরায় মাছের সংখ্যা দিন দিন কমছে।

তিনি আরো বলেন, আমরা কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। যারা জলমহাল ইজারা নেন তারা যেন পানি সেচে মাছ না ধরে সেই প্রচারণা চালাচ্ছি। প্রাকৃতিক মাছের উৎপাদন বাড়ানোর জন্য মৎস্য আইন বাস্তবায়নে কাজ করছি। বিলুপ্ত মাছ পুনরুদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ন
রাজশাহীর রেশম ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
কৃষি বিভাগ

রেশম চাষ ও শিল্পের উন্নয়ন এবং মাঠ পর্যায়ে প্রচারমূলক কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম খাতের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। রাজশাহী বহুকাল আগে থেকেই রেশমের জন্য বিখ্যাত। তবে, নানা কারণে গত কয়েক দশক ধরে রাজশাহীর রেশমের ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে পড়েছে। রেশম চাষ ও রেশম শিল্প পরিবার ভিত্তিক নিবিড় শ্রমের মাধ্যমে অর্থকরী খাত এবং গ্রামীণ সাধারণ মানুষের কর্মসংস্থানের একটি উৎকৃষ্ট ব্যবস্থা। স্থানীয়ভাবে রেশম সুতা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক বহু মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ পেয়েছে।

একসময়, রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বেশিরভাগ গ্রামবাসীকে বাড়ির  কাজের পাশাপাশি রেশম পোকার চাষ করতে দেখা যেত।

বিদ্যমান প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশীয় গৌরবময় এই শিল্প পুনরুজ্জীবিত করা সম্ভব। রেশম চাষে সম্পৃক্ত করার মাধ্যমে প্রান্তিক ও ভূমিহীনদের বিশেষ করে নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিরও বড় ধরনের সুযোগ রয়েছে।

রাজশাহীর রেশম ২০১৭ সালে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পায়। রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (বিএসডিবি) দেশের রেশম খাতকে পুনরুজ্জীবিত ও সম্প্রসারিত করতে কাজ করছে।

বিএসডিবি মহাপরিচালক (ডিজি) শফিকুল ইসলাম সম্প্রতি বাসস-এর সঙ্গে আলাপকালে বলেন, আমরা কিছু লোককে রেশম চাষের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি।

রেশম চাষের নার্সারিগুলো আধুনিকায়নের পাশাপাশি ঈশ্বরদী, রংপুর, কুমিল্লা, কোনাবাড়ী ও বগুড়া নার্সারি কেন্দ্রে তুঁত গাছ ও রেশম পোকার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রেশম চাষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কৃষি পদ্ধতিতে ১ হাজার ১০০ বিঘা জমিতে রেশম চাষ সম্প্রসারিত করা হয়েছে এবং দক্ষ জনবল তৈরির জন্য ৩ হাজার ২৭০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রায় ২ হাজার ৩৬৯ জন রেশম চাষিকে রেশম পোকা পালনের জন্য উপকরণ দেওয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ১৫ লাখ তুঁত গাছ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

রেশম পোকা পালনের জন্য কৃষকদের ৮৭৪টি ঘর নির্মাণের পাশাপাশি বর্তমানে ১২০ বিঘা জমিতে তুঁত বাগানের রক্ষণাবেক্ষণে সহায়তা করা হচ্ছে।

রেশম পোকা ও কাঁচা রেশমের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পরিকল্পনা রয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে রেশমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক কৃষি পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে তৃণমূল পর্যায়ে ৪ হাজারের বেশি মানুষ সরাসরি রেশম চাষের সাথে সম্পৃক্ত।

ডিজি শফিকুল ইসলাম বলেন, আমরা ৫৯টি কেন্দ্রের মাধ্যমে তৃণমূল পর্যায়ের কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছি। রেশমের পণ্য বিপণনের পাশাপাশি রেশম সুতা ও তুঁত চাষ এবং রেশম শিল্পের সঙ্গে সম্পৃক্তদের সহায়তা প্রদানের ব্যবস্থাও রয়েছে।

রেশম উৎপাদন বৃদ্ধির চূড়ান্ত লক্ষ্যে কৃষকদের প্রধান ফসল হিসেবে তুঁত চাষের প্রতি উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে, বসতবাড়ি এবং রাস্তার পাশের খালি জায়গায় তুঁত গাছ চাষ করা হয়।

শফিকুল ইসলাম আরো বলেন, প্রান্তিক কৃষক, ভূমিহীন, দরিদ্রদের জন্য বহুমুখী এসব কার্যক্রম কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে বড় ভূমিকা রাখতে পারে।

বিএসডিবি পরিচালক (উৎপাদন ও বিপণন) নাসিমা খাতুন বলেন, পুরো অঞ্চলে রেশম মথ উৎপাদনের পাশাপাশি একই জমি থেকে অতিরিক্ত আয় বৃদ্ধির জন্য আন্তঃফসল চাষের উজ্জ্বল সম্ভবনা রয়েছে।

রেশম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে তুঁত গাছের সঙ্গে অন্যান্য সবজি ও মশলা চাষের ব্যাপারে প্রচারণা চালানো  হচ্ছে।

তুঁত চাষ বর্তমানে অনেকটাই  পতিত জমি ও রাস্তার পাশের জায়গার ওপর নির্ভরশীল।

নাসিমা বলেন, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট দীর্ঘ গবেষণার পর ২০টি রেশম পোকা ও ১৫টি তুঁত গাছের জাত উদ্ভাবন করেছে যা রেশম খাতের গৌরবময় ইতিহাস ফিরিয়ে আনার আশা জাগিয়েছে।

সাম্প্রতিক সময়ে  রেশমের  নানা ধরনের উদ্ভাবনের ফলে রেশম সুতার আমদানির ওপর নির্ভরতা হ্রাসের পাশাপাশি রেশম উৎপাদন প্রায় ১২ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই উদ্ভাবনের ফলে কৃষকরাও ব্যাপকভাবে উপকৃত হবেন।

বিএসডিবির প্রধান পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান তালুকদার বলেন, ২০১৮ সালে রাজশাহী রেশম কারখানা পুনরায় চালু করা হয়েছে এবং এখানে ১৯টি পাওয়ার লুমে কাপড় বোনা হয়।

তারপর থেকে গত এপ্রিল পর্যন্ত ৫৩ হাজার মিটার কাপড় তৈরি করা হয়েছে। কারখানার শো-রুমের মাধ্যমে দিনে প্রায় আড়াই লাখ টাকার রেশমি কাপড় বিক্রি হচ্ছে।

স্থানীয় কারিগরদের বোনা ও ডিজাইন করা রেশম কাপড়ের এই অঞ্চলে ব্যাপক চাহিদা রয়েছে। বিত্তবানরা প্রায়শই রেশমের শোরুমগুলোতে ভিড় করেন।

সপুরা সিল্ক-এর শোরুম ইনচার্জ সাইদুর রহমান বলেন, ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে মসলিনের কাটোয়ার শাড়ি। এসব শাড়ি ৩ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

তিনি আরো বলেন, শোরুমগুলোতে সিল্কের তৈরি শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস এবং শিশুদের পোশাক পাওয়া যায়।

ঊষা সিল্কের শোরুম ইনচার্জ নূর আলম বুলবুল বলেন, তাদের শাড়িগুলো ১ হাজার ১৫০ টাকা থেকে ৫০ হাজার ৫০০ টাকায় এবং থ্রি-পিস ২ হাজার ৫০০ টাকা থেকে ৭৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সিল্ক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী বলেন, ঐতিহ্যবাহী রেশম খাতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা দরকার। রেশম এখনো সারা দেশে ভাবমূর্তি ও আভিজাত্য ধরে রেখেছে।

তিনি বলেন, রেশম কেবল রাজশাহীর জন্যই নয়, সারা দেশের জন্য গর্ব এবং ঐতিহ্যের। এই খাতকে লাভজনক করে তোলার পাশাপাশি এর সোনালী অতীত ফিরিয়ে আনার  ব্যাপারে সর্বোচ্চ জোর দেওয়া উচিত।

তিনি আরো বলেন, দেশ বেসরকারিভাবে প্রায় ৮০টি ছোট ও মাঝারি রেশম কারখানা রয়েছে, যাদের বছরে ২৫.৫০ মিলিয়ন মিটার কাপড় তৈরির সক্ষমতা রয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৩, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ন
বর্ষাকালীন তরমুজ চাষ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে
কৃষি বিভাগ

বর্ষা পেরিয়ে শরতের আনাগোনা শুরু হলেও জেলায় রসাল তরমুজের আবাদ ও ব্যাপক ফলন কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তরমুজ গ্রীষ্মকালীন ফল হিসেবেই সবার কাছে পরিচিত। কিন্তু কৃষি প্রযুক্তির উন্নয়ন ও নতুন নতুন উদ্ভাবনের ফলে কৃষির সকল ক্ষেত্রেই অভাবনীয় পরিবর্তন হয়েছে। শীতের সবজি যেমন পাওয়া যাচ্ছে বছর জুড়ে, তেমনি গ্রীষ্মকালীন ফসল আবাদ হচ্ছে বর্ষা কিংবা শরতেও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনার বটিয়াঘাটা, রূপসা, দিঘলিয়া, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে গ্রীষ্মের ফল তরমুজের চাষ হচ্ছে। নীচু জমিতে পানি জমলেও মাচায় তরমুজের চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অফসিজনের এ তরমুজ সুস্বাদু ও মিষ্টি হওয়ায় দামও ভালো পাচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, গ্রীষ্মের ফল হলেও মাঠের পর মাঠ জুড়ে মাচায় চাষ করা হচ্ছে তরমুজ। এই অফসিজনের তরমুজের ফলনও ভালো। এতে খুলনার উপকূলীয় এলাকায় অফসিজনের তরমুজ চাষ ক্রমেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (২০২৫-২৬) জেলায় ৯৬৬ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। এ থেকে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ফল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তরমুজে রয়েছে ভিটামিন এ, সি, বি-৫, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান। শরীর ঠাণ্ডা রাখা, হজমে সহায়তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও এটি কার্যকর। সাধারণত এই ফল গ্রীষ্ম মৌসুমেই বাজারে পাওয়া যায়। এখন বৃষ্টির মৌসুমেও চাষ হওয়ায় কৃষকেরা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।
কৃষি কর্মকর্তারা বলেন, খুলনার মাটির প্রকৃতি ও আবহাওয়া অফসিজনে তরমুজ চাষের জন্য উপযোগী। বিশেষ করে বটিয়াঘাটা, রূপসা, ডুমুরিয়া, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় চলতি মৌসুমে তরমুজের চাষ হচ্ছে সবচেয়ে বেশি। এক বিঘা জমিতে গড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচে ১ লাখ টাকারও বেশি তরমুজ বিক্রি করা সম্ভব হচ্ছে। ফলে কৃষকেরা এখন লাভজনক বিকল্প ফসল হিসেবে তরমুজের দিকে ঝুঁকছেন।

বটিয়াঘাটার কৃষক আব্দুল্লাহ গাজী বাসসকে বলেন, আগে শুধু গ্রীষ্মকালে তরমুজ চাষ হতো। এখন সরকারি সহায়তায় অফসিজনে তরমুজ চাষ শুরু করেছি। পাইকাররা ক্ষেত থেকেই ৪০-৫০ টাকা কেজি দরে তরমুজ কিনে নিচ্ছে। এতে খরচ বাদ দিয়েও ভালো লাভ হচ্ছে।

কৃষক মনিরুল ইসলাম বলেন, ঘেরের পাড়ে আগে শুধু শাকসবজি চাষ করতাম। এখন তরমুজও হচ্ছে। এতে আয় বাড়ছে। পাশাপাশি পরিবারের চাহিদাও মেটানো যাচ্ছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মৌসুমি তরমুজের চেয়ে দাম বেশি পাওয়ায় তারা লাভবান হচ্ছেন। এর ফলে সারাবছর তরমুজ খাওয়ার সুযোগ পাচ্ছে মানুষ। অফসিজনে তরমুজ চাষে জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহায়তা দিচ্ছে। কৃষকদের বীজ সরবরাহ ছাড়াও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, কৃষকদের আমরা শুধু বীজই দিচ্ছি না, কীভাবে তরমুজ চাষ করলে ফলন ভালো হবে সেই বিষয়ে নিয়মিত মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অফসিজনে তরমুজ চাষে সাফল্য পাওয়ায় এ আবাদ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, শুধু খুলনা নয়, উপকূলীয় অন্যান্য জেলাতেও অসময়ে তরমুজ চাষ বাড়ছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, সঠিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে এ খাত ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও অব্যাহত সরকারি সহায়তা।

বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের পরিচালক ড. মো. লোকমান হোসেন মজুমদার বাসসকে বলেন, এ প্রকল্পের আওতায় খুলনা ছাড়াও বাগেরহাট ও সাতক্ষীরায় বর্ষাকালীন তরমুজের চাষ হচ্ছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন। ভবিষ্যতে এ অঞ্চলে তরমুজ আবাদকে আরও বড় আকারের কর্মসূচি হিসেবে নেওয়া যেতে পারে ।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
কৃষি বিভাগ

সোনালি আঁশ পাট তার হারানো ঐতিহ্য ফিরে পেতে শুরু করেছে। ঝিনাইদহ জেলার অন্যতম অর্থকরী ফসল না হলেও এ বছর জেলায় পাটের ব্যাপক ফলন হয়েছে। বিশেষ করে তোষা জাতের হাইব্রিড পাট চাষ করে এ বছর প্রচুর লাভ হবে বলে আশা করছেন কৃষকেরা। গ্রামে গ্রামে চলছে পাট শুকানোর কাজ। নদী-নালা, খালবিলের পানিতে পাট পঁচানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের কৃষক।

জেলা কৃষি অফিস জানায়, এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় পাটের পচন প্রক্রিয়া (জাগ) ও পাট ধোয়ার পানি সংকট ছিল না। যে কারণে এবার পাটের রং চমৎকার হয়েছে। ফলে কৃষক এবার পাট বিক্রি করে ভালো লাভ করতে পারবে।

সরেজমিনে দেখা যায়, জেলার সদর, শৈলকূপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ, মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে রাস্তার দুই ধারে চলছে পাট শুকানোর কাজ। বাঁশের আড় বা আড়া তৈরি করে পাট শুকাতে ব্যস্ত গ্রামের নারী-পুরুষ। রাস্তার পাশের খাল, নালা, বিল, নদ-নদীতে পাট ধোয়ার ধুম পড়েছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায়  নদ-নদী ও খাল বিলে প্রচুর পানি রয়েছে। পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দিতে ও ধুতে কোনো সমস্যা হয়নি। আবার পর্যাপ্ত পানির কারণে পাটের প্রকৃত সোনালি রং ফিরেছে।

শৈলকূপার ফুলহরি গ্রামের কৃষক আব্দুস সাত্তার বাসসকে বলেন, গত বছরগুলোতে বৃষ্টির পানি কম ছিল। পাট জাগ (পচন প্রক্রিয়া) দেওয়ার জায়গা পাওয়া যেতো না। পুকুরেও পাট জাগ দিয়েছি। বদ্ধ পানিতে পাট জাগ দিলে পাটের রং ভালো হয় না। এ বছর বৃষ্টি বেশি। খাল-বিল, নদী নালায় অনেক পানি। পাট জাগ দিতে এবার কোনো সমস্যা হয়নি। যে কারণে পাটের রংও এবার ভালো হয়েছে।

হরিণাকুণ্ডু উপজেলার সিংগা গ্রামের পাট চাষি আব্দুল বারেক বলেন, এবার পাটের ফলন ভালো হয়েছে। তবে বীজের কারণে অনেকের পাট খুব বেশি লম্বা হয়নি। তবে এবার পাটের রং দারুণ হচ্ছে। ভালো করে শুকিয়ে বাজারে নিতে পারলে এবার পাটের ভালো দাম পাওয়া যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২১ হাজার ৪৪৬ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২শ’ হেক্টর কম জমিতে পাট চাষ হয়েছে। কৃষি অফিসের হিসেবে জেলার ৬টি উপজেলায় ২০ হাজার ২২৯ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এ বছর ফলন ভালো হওয়ায় জেলায় প্রায় ৫২ হাজার ১১৬ মেট্রিক টন পাট উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, চলতি (২০২৫-২৬) মৌসুমে সদর উপজেলায় ৪ হাজার ৮১০ হেক্টর, কালীগঞ্জে ৬৬৫ হেক্টর, কোটচাঁদপুরে ৩৫৪ হেক্টর, মহেশপুর উপজেলায় ৩ হাজার ৮৯০ হেক্টর, শৈলকূপায় ৭ হাজার ৭৯৮ হেক্টর এবং হরিণাকুণ্ডু উপজেলায় ২ হাজার ৭১২ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। জেআরও ৫২৪, বিজেআর আই এবং তোষা পাট-৮ (রবি) জাতের পাট চাষ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা।

সরেজমিনে দেখা যায়, শৈলকূপা উপজেলার ভাটই বাজারে পাটের হাটে প্রায় প্রতিদিনই চলছে পাটের বিকিকিনি। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ভাটই বাজার, শৈলকূপা উপজেলা বাজার, কালীগঞ্জসহ বিভিন্ন বাজারে গড়ে ৩৫০০ টাকা থেকে ৩৬০০ টাকায় প্রতি মণ পাট বিক্রি হচ্ছে। তবে পাটের মান ভেদে দাম ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমবেশি হচ্ছে বলেও জানান ব্যবসায়ী ও কৃষকরা।

পাট ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, এ বছর পাটের মান খুবই ভালো। পাটের প্রকৃত সোনালি রং এবার দেখা যাচ্ছে। কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। পাটের গুণগত মান ভালো হওয়ায় আমরাও ভালো দাম দিয়েই কিনছি। পাটের বাজার জমে উঠেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বাসসকে বলেন, এ বছর বৃষ্টিপাত বেশি হয়েছে। যে কারণে পাটের পচন প্রক্রিয়ায় কোনো পানির ঘাটতি ছিল না। এ ছাড়া জেলার সকল উপজেলা ও মাঠ পর্যায়ে আমাদের কর্মীরা কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। এ কারণে কৃষক তাদের কাঙ্ক্ষিত ফলন পেয়েছে। বাজারে এবার পাটের দামও ভালো পাওয়া যাচ্ছে বলে জানতে পেরেছি।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৪, ২০২৫ ৪:৪২ অপরাহ্ন
সিরামিক কারখানার ধোঁয়া ও পানিতে বিপন্ন পরিবেশ, ক্ষতিগ্রস্ত কৃষক
কৃষি বিভাগ

ঝিনাইদহের মহেশপুরে খালিশপুর-জীবননগর সড়কের পাশে আবাদি জমির পাশেই গড়ে উঠেছে সিরামিক কারখানা। সেখানে তৈরি করা হয় টাইলস। কারখানা থেকে নির্গত ধোঁয়া ও কাদাপানির প্রভাবে বিপন্ন হচ্ছে পরিবেশ। রাস্তার পাশের খাল ভরে গেছে সাদা কাদাপানিতে। বর্জ্য ব্যবস্থাপনায় জোড়াতালি দিয়ে কারখানা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কারখানা থেকে নির্গত ধোঁয়ার প্রভাবে ধান, পাট, কলাসহ ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ফসল।

সরেজমিনে দেখা যায়, খালিশপুর-জীবন নগর সড়কের সাড়াতলা এলাকায় ফসলি জমিতে তুষার সিরামিক কারখানা গড়ে উঠেছে। ভরা ফসলের মাঠে ভারি কারখানা গড়ে তোলা হয়েছে। কারখানা থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। কাঁচামালের পরিত্যক্ত কাদাপানি কারখানার দেয়াল ঘেঁষে ড্রেন তৈরি করে কৌশলে বের করে দেয়া হচ্ছে বাইরের খালে।

ফলে খাল ভরাট হয়ে গেছে বিষাক্ত রাসায়নিক ও সাদা ঘোলা কাদাপানিতে।

সিরামিক কারখানা থেকে নির্গত বিষাক্ত পদার্থের প্রভাবে খালিশপুর-জীবন নগর সড়কের পার্শ্ববর্তী প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খাল এখন যেন ময়লা পানির ড্রেন।

স্থানীয়দের দাবি, কারখানার কাদাপানির প্রভাবে খালপাড়ের অসংখ্য গাছ মারা গেছে। কিছু কিছু গাছ কারখানা কর্তৃপক্ষ রাতারাতি সরিয়ে ফেলেছে। এছাড়া কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের মাঠের ধান, কলা ও পাটের ব্যাপক ক্ষতি করেছে। ফসলের পাতা ও ডগা বিবর্ণ হয়ে গেছে বলেও অভিযোগ স্থানীয় কৃষকদের।

সাড়াতলা গ্রামের কৃষক শফিকুল ইসলাম বাসসকে বলেন, জমিতে ফলানো ফসল বিক্রি করে সংসার চলে। কারখানার ধোঁয়া ও বিষাক্ত পানির প্রভাবে আমার ফসল নষ্ট হয়ে গেছে। গত তিন বছর ধরে ফসলহানির কবলে পড়েছি। আমি ছাড়াও গ্রামের অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বাসসের সাথে আলাপকালে বলেন, উৎকট দুর্গন্ধে সড়কে চলাচল করা যায় না। খালে জমে থাকা রাসায়নিক মিশ্রিত পানির প্রভাবে মারা গেছে খালপাড়ের বহু গাছ। পরিবেশ প্রকৃতি ধ্বংস হলেও দেখার কেউ নেই। ফসলের মাঠে কারখানা প্রতিষ্ঠার অনুমতি প্রসঙ্গে তিনি পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

জানা যায়, ২০২০ সালে তুষার সিরামিক কারখানা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়। তারপর মহেশপুরের ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামে ফসলি জমিতে টাইলস কারখানা গড়ে তোলে। প্রথম দিকে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হলেও কারখানায় বর্তমানে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে এলপিজি। ধান আবাদের জমিতে ভারি কারখানা তৈরির অনুমতি কীভাবে পেয়েছে তুষার সিরামিক কর্তৃপক্ষ, তা নিয়ে আছে নানা গুঞ্জন।

তুষার সিরামিক কারখানার পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, নিয়ম কানুন মেনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই কারখানা পরিচালনা করা হচ্ছে। যাবতীয় আইন মেনে আমরা কাজ করে যাচ্ছি। কৃষকের যদি কারখানার কারণে ক্ষতি হয়ে থাকে, তাহলে আমরা সেটি বিবেচনা করব।

গাছপালা মারা যাওয়া ও ফসলহানির প্রসঙ্গে তিনি বলেন, গাছ কেন মারা যাচ্ছে তা আমরা বলতে পারিনা। অনেক গাছই তো মড়ক লেগে মারা যাচ্ছে। ফসল নষ্ট হওয়ার বিষয়ে কৃষকরা জানিয়েছেন। আমরাও যাচাই বাছাই করছি। কৃষকদের এ বিষয়ে কোনো দাবি থাকলে তা পূরণ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায় বাসসকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। মহেশপুর উপজেলা কৃষি অফিস কারখানা সংলগ্ন এলাকা সরাসরি পর্যবেক্ষণ করছে।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বাসসকে বলেন, ‘কারখানার ধোঁয়া ও বিষাক্ত পানির প্রভাবে পরিবেশ ও ফসলের ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা অভিযোগ জানার পরপরই সরেজমিনে পরিদর্শন করেছি। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৮, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ন
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
কৃষি বিভাগ

পটুয়াখালী জেলার কুয়াকাটায় পুরোদমে চলছে রোপা আমন ধান রোপণ। গত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে কৃষকদের মধ্যে আমন আবাদে আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকা ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কৃষকেরা সময়মতো জমি তৈরি করে চারা রোপণ করতে পারছেন। ফলে এ বছর অনেকেই অন্যান্য ফসল বাদ দিয়ে আমন আবাদে ঝুঁকছেন।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৩০ হাজার ৮৩০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হবে। এরই মধ্যে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই শতভাগ জমিতে রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ, কোথাও আগাছা পরিষ্কার আবার কোথাও দলবদ্ধভাবে চলছে চারা রোপণের কাজ। কৃষকদের যেন ব্যস্ততা থামছেই না। তবে স্থানীয় কৃষকেরা দেশি ধানের পরিবর্তে বেশি চাষ করছেন ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২ এবং দেশি সাদা মোটা, জিরা বাদামসহ বিভিন্ন হাইব্রিড জাত।

লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমরা রোপা আমন ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছি। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় সবাই রোপা আমন আবাদে ঝুঁকছে। এ বছর বৃষ্টিও ভালো হয়েছে, তাই সেচের ঝামেলা করতে হয়নি।”

উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে জমি প্রস্তুত করে কৃষকেরা ধানের চারা রোপণ করছেন। পানি সেচ ছাড়াই বৃষ্টির পানিতে জন্মানো চারা ভালোভাবে বেড়ে উঠছে, ফলে কৃষকদের অতিরিক্ত কষ্ট করতে হচ্ছে না।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, বর্ষা মৌসুমে উপজেলার উঁচু এলাকার জমি অলস পড়ে থাকে। তাই কৃষকদের রোপা আমন চাষে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, এ বছর ধানের দাম বেশি থাকায় কৃষকেরা আগ্রহী হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কলাপাড়ায় আমনের বাম্পার ফলন হবে।

তিনি আরও জানান, মৌসুম শুরুর আগে কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ দেওয়া হয়েছে। প্রতিদিন মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধানের আবাদ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১১, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
রাজশাহী অঞ্চলের কৃষি-অর্থনীতির চিত্র বদলে দিতে পারে আম রপ্তানি
কৃষি বিভাগ

নওগাঁর সোহেল রানা চলতি বছরের ২৫ জুন থেকে ১ জুলাই কাতারের সুক ওয়াকিফে আয়োজিত সপ্তাহব্যাপী ‘বাংলাদেশি ম্যাংগো ফেস্টিভাল ২০২৫’-এ অংশ নেন। তিনি সেখানে ৪ হাজার ৫০০ কেজি আম নিয়ে গিয়েছিলেন, পরিবহন খরচসহ যার কেজি প্রতি ব্যয় হয়েছিল প্রায় ২৫০ টাকা।

সৌভাগ্যক্রমে তিনি ওই আম কেজি প্রতি ৫০০ টাকা দরে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। অথচ বাংলাদেশের বাজারে মৌসুমি এই ফলগুলোর বিক্রয় মূল্য সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকা।

নওগাঁর সাপাহার উপজেলায় এ বছর আম্রপালি আম গড়ে কেজি প্রতি ৭৫ টাকায় বিক্রি হলেও মধ্যপ্রাচ্যের বাজারে তা বিক্রি হয়েছে কেজি প্রতি ৫০০ টাকায়।

ফলে বিদেশে আম রপ্তানি হলে অসংখ্য কৃষকের ভাগ্য পরিবর্তনের বিপুল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতেও আসতে পারে বড় পরিবর্তন।

সম্প্রতি কাতারের এই ম্যাংগো মেলা থেকে ফিরে সাপাহারের বরেন্দ্র অ্যাগ্রো পার্কের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা এ সম্ভাবনার কথা জানান।

তিনি প্রায় ২০০ বিঘা জমিতে আম চাষ করেন এবং ২০২১ সাল থেকে সীমিত পরিসরে ইউরোপের বাজারে আম রপ্তানি করছেন।

রাজশাহী অঞ্চলের আম রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল। আমের আবাদ ও উৎপাদন ক্রমেই বাড়ছে, আর মুনাফার কারণে ক্রমশ বেশি সংখ্যক কৃষক আম চাষে ঝুঁকছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান জানান, এ অঞ্চলে আম উৎপাদন বেড়েছে এবং রপ্তানি বাড়াতে আম প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

গত এক দশকে আমের বাগান ও উৎপাদন দ্বিগুণ হয়েছে, যা এ অঞ্চলের কৃষি খাতের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কৃষকরা ক্রমেই তিন ফসলি ধানখেত আমের বাগানে রূপান্তর করছেন, যা আম চাষের লাভজনক দিকটি স্পষ্ট করছে।

রাজশাহী অঞ্চল থেকে প্রায় ২০০ কোটি টাকার আম রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানান ড. আজিজুর রহমান।

তিনি বলেন, সরকার কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের ওপর গুরুত্ব দিচ্ছে এবং আমের রপ্তানি মূল্য বাড়াতে সংযোজন মূল্য বৃদ্ধিতে জোর দিচ্ছে।

রপ্তানিযোগ্য উচ্চমানের আম নিশ্চিত করতে উৎপাদন, সংগ্রহ ও সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রক্রিয়াজাত কৃষিপণ্য, তাজা শাকসবজি ও ফলের সরাসরি রপ্তানি সহজ করতে রাজশাহী বিমানবন্দর উন্নত করার দাবিও উঠেছে।

স্বাদ ও রপ্তানিযোগ্যতার জন্য গোবিন্দভোগ, ল্যাংড়া, হিমসাগর, রানীপছন্দ, ফজলি ও আশ্বিনা আম বিশেষভাবে পরিচিত।

রাজশাহী জেলার পবা, চারঘাট ও বাঘা, নওগাঁ জেলার সাপাহার ও পোরশা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, কানসাট, রোহনপুর ও সদর উপজেলা উচ্চমানের আম উৎপাদনের জন্য প্রসিদ্ধ।

নওগাঁ জেলার আম রপ্তানির সম্ভাবনাও উজ্জ্বল। বাড়ছে আম চাষ, আর রপ্তানিযোগ্য মান বজায় রাখতে ফল মোড়ানোর (ফ্রুট ব্যাগিং) পদ্ধতির ব্যবহার বাড়ছে, যা রপ্তানি সম্ভাবনা আরও বাড়াচ্ছে।

শনিবার বাসস’কে দেওয়া সাক্ষাৎকারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মনজুরুল হুদা বলেন, লাভজনক দিক বিবেচনায় নওগাঁয় ধানসহ অন্যান্য ফসলের পরিবর্তে আম চাষ বাড়ছে।

ফল মোড়ানোর মতো আধুনিক কৌশল ব্যবহার করে কৃষকরা রপ্তানিযোগ্য মানের আম উৎপাদন করতে পারছেন, যা কীটনাশকের প্রয়োজন কমাচ্ছে এবং ফলমাছি সংক্রমণও হ্রাস করছে।

নওগাঁর আম এখন ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে পৌঁছাচ্ছে। চীনেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এতে রপ্তানি গন্তব্য বৈচিত্র্যময় হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ছে।

চলতি মৌসুমে নওগাঁয় আম উৎপাদন এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ হবে বলে আশা করা হচ্ছে, যার বড় একটি অংশ রপ্তানির জন্য নির্ধারিত।

সরকার রপ্তানিকারকদের প্রণোদনাও দিচ্ছে, যা অঞ্চলটির আম রপ্তানি আরও উৎসাহিত করছে। তবে ইতিবাচক চিত্র সত্ত্বেও বাড়তি বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রক্রিয়াজাতকরণ সুবিধার প্রয়োজন রয়েছে। আম প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠলে এ অঞ্চলের অর্থনীতিতে সংযোজন মূল্য যোগ হয়ে তা আরও শক্তিশালী হবে।

রাজশাহী অ্যাগ্রো ফুড প্রোডিউসার সোসাইটির সভাপতি আনোয়ারুল হক জানান, সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহীর আম ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে, যা বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ খুলে দিয়েছে। ফল মোড়ানোর পদ্ধতির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে কীটনাশকমুক্ত আম উৎপাদন সম্ভব হয়েছে, যা ফলমাছির আক্রমণও কমিয়েছে।

তিনি বলেন, কৃষি চর্চা বিষয়ে ভালো মানের প্রশিক্ষণের ফলে অনেক কৃষক ও মূল্য শৃঙ্খলের অংশীদাররা উচ্চমূল্যের রপ্তানি বাজারে প্রবেশ করতে পারছেন।

যদিও রপ্তানির লাভ স্থানীয় বিক্রির প্রায় দ্বিগুণ, তবে এতে বেশি বিনিয়োগ, যত্ন এবং আধুনিক প্রযুক্তি প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, এ অঞ্চলে ধান ও আলুর পর আম এখন তৃতীয় গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হিসেবে ওঠে এসেছে। তবে তিনি রপ্তানি বাজার সম্প্রসারণের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, এ অঞ্চলে প্রতিবছর বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও রপ্তানি হয় সামান্য পরিমাণ। আমাদের আরও বিদেশি বাজার খুঁজতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৭, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন
পটুয়াখালীর উপকূলীয় পরিত্যক্ত জমিতে সাম্মাম চাষ, কৃষকদের স্বপ্ন পূরণ
কৃষি বিভাগ

পটুয়াখালী জেলার উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীতে মরুর ফল মধ্যপ্রাচ্যের রসালো ফল সাম্মাম চাষে নতুন করে স্বপ্ন বুনছেন কৃষকরা। তারা সাম্মামের ফলনে ব্যাপক আনন্দ প্রকাশ করছেন। সাম্মাম চাষিদের আশা,  ফলন ভালো হয়েছে এবার দামটাও ভালো পাবেন তারা।

সরেজমিনে দেখা যায়, রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মোল্লার চর গ্রামে পরীক্ষামূলকভাবে ২০২১ সালে শুরু হওয়া সাম্মাম (মরুর ফল, যা দেখতে তরমুজের মতো) চাষে মিলছে অভাবনীয় সাফল্য। একসময় যে জমি পানির নিচে থাকত, হতো না কোনো ফসল, আজ সেখানে এই নতুন ফসল নিয়ে এখন কৃষকেরা স্বপ্ন বুনছেন।
সাম্মাম চাষী স্থানীয় কৃষক মো.আলী আক্কাস মোল্লা (৫০) জানান, আমি এই প্রথম ৩৫ শতাংশ জমিতে সাম্মাম চাষ করেছি। আমার এই চাষের সবটুকু জমি আগে পরিত্যক্ত ছিল। কোনো ফসল হতো না। এখন আল্লাহর রহমতে সাম্মাম চাষ করে বেশ ভালো ফলন হয়েছে। আশা করি, আবহাওয়া ভালো থাকলে আমি অনেক লাভবান হব।

একই এলাকার আরেক কৃষক মো. তোফায়েল মৃধা (৪৮) বলেন, গত বছরের তুলনায় এবার সাম্মামের ফলন অনেক ভালো। দামও মোটামুটি ভালো। আমরা পাকা সাম্মাম ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে এবং গোলা সাম্মাম ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি করছি। এতে আমি পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিনযাপন করছি।

তিনি আরো জানান, এই সাম্মাম মরু এলাকার ফল। তাই আমাদের এলাকায় আগে এই ফলের নাম কেউ জানত না। এখন অনেকে সাম্মাম চাষে আগ্রহী হয়ে উঠেছে। ফলন ও দামে লাভজনক হওয়ায় আমরা এই ফল চাষে আরও আগ্রহী। এটা প্রতি বছর আমরা চাষাবাদ করবো। ইনশাল্লাহ।

অন্যদিকে উপজেলার সাম্মাম চাষিরা এই প্রতিবেদককে তাদের আক্ষেপের কথাও জানান। তারা বলেন,  সরকারিভাবে তারা এখনো কোনো সহযোগিতা পাননি। প্রশিক্ষণ, বীজ, সার, কীটনাশক কিংবা বাজারজাতকরণ বিষয়ে তাদের দেওয়া হয়নি কোনো দিকনির্দেশনা। উপজেলা কিংবা জেলা কৃষি অফিসও তাদের এ বিষয়ে সহায়তা করছেন না।
কৃষকদের চাওয়া,  যদি সাম্মাম চাষে সরকারিভাবে সহায়তা, প্রযুক্তি ও পরামর্শ দেওয়া হয়, তাহলে উপকূলীয় এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে। শুধু তাই নয়- রাঙ্গাবালীর চর এলাকায় সাম্মাম চাষ হতে পারে অর্থনৈতিক মুক্তির একটি বড় দিক। তাই সরকারের কাছে এই চরবাসী কৃষকদের আবেদন যেন বিবেচনায় নেয়া হয়।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় ২০২১-সালে প্রথমবারের মত উপজেলায় অফ-সিজন সাম্মাম চাষাবাদ হয়। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন  ইউনিয়নে প্রায় ১২ হেক্টর জমিতে সাম্মাম আবাদ আছে। পরবর্তী বছরে উপজেলার ছোটবাইশদিয়া ও বড়বাইশদিয়া ইউনিয়নে অফ-সিজন সাম্মাম চাষ শুরু করে।

তিনি আরো বলেন, প্রকল্পের অর্থয়নে যতটুকু সহযোগিতা করার তা আমরা করে যাচ্ছি। এছাড়াও প্রশিক্ষণ ও উচ্চমূল্য ফসল চাষবিষয়ক কৃষকদের ধারণা দেওয়া হয়।

এছাড়া রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় ও ভাল দাম পাওয়ায় কৃষকরা অফসিজন সাম্মাম চাষে আগ্রহী হচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২৯, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন
কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা
কৃষি বিভাগ

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): তরুণ বিসিএস কৃষি কর্মকর্তাদের উদ্যোগে ‘এগ্রি ফ্রন্টিয়ার্স ২০২৫: ভবিষ্যৎ কৃষির জন্য তারুণ্য ও প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কৃষি খাতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে।

প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ততা ও চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা নিয়ে রাজধানীর তুলা উন্নয়নের বোর্ডের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার ফোরাম (ইয়াকফ) আয়োজিত সেমিনারে ৩৮ থেকে ৪৩ তম ব্যাচের কৃষি ক্যডারের প্রায় ৩ শতাধিক কৃষি কর্মকর্তা অংশ নেন।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের কৃষিকে আরও উৎপাদনশীল, আধুনিক ও টেকসই করে গড়ে তুলতে হবে।

সাইফুল আলম বলেন, কৃষি উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করতে দেশের প্রতিটি কোনে কৃষি কর্মকর্তারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কৃষি কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সেমিনারে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ আলী চৌধুরী ইকবাল, উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক মো. আব্দুর রহিম, হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দিন, ক্রপস্ উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. হজরত আলী, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন, প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উপ-পরিচালক (বালাইনাশক প্রশাসন) মো. নূরে আলম সিদ্দিকী, প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান, লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেসের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দু’ট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক কে এম বদরুল হক ও উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক (আমদানি) বনি আমিন খান।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২২, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ন
অতিবৃষ্টিতে লক্ষ্মীপুরে সবজি ও মৎস্য খাতে ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা
কৃষি বিভাগ

আষাঢ়ের শেষে টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ ফসলসহ সবজি ক্ষেত ভেসে গেছে। এতে জেলার সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে আমনের বীজতলারও। ফলে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ অবস্থায় বৃষ্টির পানি না সরলে এবং নতুন করে সবজি চাষ সম্ভব না হলে বাজারে সবজির দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ ক্রেতারা।

জেলা কৃষি বিভাগ জানায়, সবজি ও মৎস্য খাতের প্রায় ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে বলেও জানান কৃষি কর্মকর্তা।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা,ভবানীগঞ্জ,পিয়ারপুর,মিয়ার বেড়ির কয়েক শত  একর সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। আর কৃষকরা বাধ্য হয়ে বৃষ্টির পানি সেচে ফেলার চেষ্টা করছেন। এসব এলাকা সবজি উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। জমির প্রায় দুই-তৃতীয়াংশ জুড়েই এখানে সবজি চাষ হয়। বর্তমানে মাঠের পর মাঠ জুড়ে চাষ করা হয়েছে শসা, পটল, বরবটি, পুঁইশাক, ঢেঁড়স, বেগুন, আগাম বাঁধাকপিসহ বিভিন্ন ধরনের বর্ষাকালীন সবজি।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কৃষকরা আগাম সবজি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আষাঢ় শেষের টানা বৃষ্টিতে সেই স্বপ্নে ধস নেমেছে। পানির নিচে তলিয়ে রয়েছে মাঠের পর মাঠ সবজির ক্ষেত। এবার লক্ষ্মীপুরে সবজির চাষ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে। কিন্তু বৃষ্টিতে বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। পাশাপাশি ১১০০ হেক্টর আমনের বীজতলার মধ্যে ৫০০ হেক্টর বীজ তলা পানির নিচে তলিয়ে  গেছে। প্রায় ৫০০ পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে কৃষি ও মৎস্য খাতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কৃষকরা বলেন, অনেক স্বপ্ন নিয়ে লাভের আশায় নানা ধরনের সবজি চাষ করেছি। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে করে শসা, পটল, বরবটি, পুঁইশাক, ঢেঁড়স, বেগুন, আগাম বাঁধাকপি সব নষ্ট হয়ে গেছে। কয়েদিনের মধ্যে বাজারে এসব সবজি বিক্রি করা কথা। এখনও পানির নিচে তলিয়ে রয়েছে বেশিরভাগ সবজির ক্ষেত। সব শেষ হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকার যদি প্রণোদনার ব্যবস্থা করে,তাহলে হয়ত ঘুরে দাঁড়াতো পারবো। প্রণোদনা না পেলে না খেয়ে থাকতে হবে।

মৎস্য চাষীদের সাথে কথা বলে জানা যায়, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ৫০০’র বেশি পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়। এতে  করে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বছরের বন্যার  ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি। এবার টানা বৃষ্টিতে পুকুরের সব মাছ ভেসে গেছে। অনেকে ধারদেনা করে মাছ চাষ করেছেন। কীভাবে মানুষের ধারদেনা শোধ করবেন তাই নিয়ে চিন্তায় আছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, বৃষ্টিতে সবজি ও আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকার পর তাদের পুনর্বাসন ও প্রণোদনা দেয়া হবে। জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, এবারের টানা বৃষ্টিতে ৫শ পুকুর বা ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop