সিলেটের ফেঞ্চুগঞ্জে “বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন এবং খামার ব্যবস্থাপনা” শীর্ষক খামারী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
প্রাণিসম্পদ
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় “বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গত ০৪ মে, ২০২৪ খ্রিঃ তারিখ সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর বাস্তবায়নে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ফেঞ্চুগঞ্জ এর সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সুফলভোগী নির্বাচিত ৫০ জন মহিষ খামারীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম জাহাঙ্গীর হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা। আরো উপস্থিত ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব, বিএলআরআই, সাভার, ঢাকা; ডাঃ মোঃ মারুফ হাসান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট বিভাগ, সিলেট এবং মোঃ মিজানুর রহমান মিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিলেট; মোঃ আশাদুল আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপপ্রকল্প পরিচালক, বিএলআরআই, সাভার, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিস্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে খামারে মহিষ পালন; বয়সভিত্তিক বিভিন্ন মহিষের খাদ্য ব্যাবস্থাপনা; কাঁচা ঘাস সংরক্ষণের আধুনিক প্রযুক্তি; গর্ববতী, প্রসূতী, দুগ্ধবতী ও বাছুরের স্বাস্থ্য ব্যাবস্থাপনা; প্রজনন স্বাস্থ্য ব্যাবস্থাপনা; মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করনীয় সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করবেন।
এছাড়াও খামারীদেরকে সুষম দানাদার খাবার মিশ্রণ প্রক্রিয়া, ইউএমএস (ইউরিয়া মোলাসেস স্ট্র) প্রযুক্তি, টিএমআর (টোটাল মিক্সড রেশন) প্রযুক্তি হাতে কলমে শেখানো ও ডেমোনেস্ট্রেশন মাধ্যমে জ্ঞান অর্জন করবেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন বিএলআরআই-এর মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান মজুমদার।












