৯:১৬ অপরাহ্ন

রবিবার, ২১ জুন , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : জুন ২৭, ২০২২ ১২:০২ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় অজ্ঞাত রোগে হাঁস-মুরগির মৃত্যু
প্রাণিসম্পদ

চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞাত রোগে হাঁস-মুরগির মৃত্যু বেড়েছে। এক সপ্তাহে উপজেলার বাঁকা ও সীমান্ত ইউনিয়নের কয়েকটি গ্রামে শতাধিক হাঁস-মুরগি মারা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় সুস্থ হাঁস-মুরগি ঘরে তোলার পর সকালে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। তাই অনেকে আবার হাঁস-মুরগি অসুস্থ বুঝলেই জবাই করছে।

বাঁকা গ্রামের বাসিন্দা শাহানারা বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুস্থ অবস্থায় মুরগি ঘরে তুলেছিলাম। সকালে দেখি দুটি মুরগি মারা গেছে। এ ছাড়া কয়েক দিনে বেশ কয়েকটি হাঁস মারা গেছে। এরপর গত কয়েক দিন সব সময় হাঁস-মুরগির খেয়াল রাখা শুরু করি। অসুস্থ অবস্থায় চারটি মুরগি জবাই করেছি।’

একই এলাকার বাসিন্দা কুলসুম বেগম বলেন, ‘হঠাৎ অসুস্থ হওয়ায় ৫টি হাঁস ও একটি মুরগি জবাই করেছি। এ ছাড়া গত কয়েক দিনে দুটি মুরগি মারা গেছে। হাঁসগুলোর কয়েক দিন ধরে খাবার খেতে পারছিল না। ডানা বাঁকা হয়ে যাচ্ছিল। সঙ্গে দ্রুত ওজন কমে যাচ্ছিল।’

শাখারিয়া গ্রামের নিহা বলেন, ‘আমার ছোট চাচির তিনটি মুরগি অসুস্থ হয়েছে মারা গেছে। আমরা এখন সব সময় হাঁস-মুরগির খেয়াল রাখার চেষ্টা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সঠিক সময় হাঁস-মুরগির টিকা না দিলে এসব রোগ দেখা দেয়। এ জন্য আমরা সবাইকে টিকা দেওয়ার জন্য বলি। আমরা ইতিমধ্যে মৃত একটি মুরগি সংগ্রহ করেছি।

এটা পরীক্ষার পর বলতে পারবে কী কারণে মুরগির মৃত্যু হচ্ছে।’ তিনি আরও বলেন, ধারণা করছি হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়েছিল। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৭, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ন
খুলনায় খামারগুলোতে কোরবানির গরু বেচা-কেনা শুরু
প্রাণিসম্পদ

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত গরুর পরিচর্যায়। এদিকে এবার খুলনায় আগেই কোরবানির গরু কেনাবেচা শুরু হয়ে গেছে। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খামারিরা বিভিন্ন সাইজের পশু সংগ্রহ করে এনেছেন। তবে গতবারের তুলনায় এবার গরুর দাম চড়া।

কারণ হিসেবে খামারিরা বলছেন, পরিবহন ও গোখাদ্যের দাম বাড়তি হওয়ায় মূলত পশুর দাম চড়া। নগরীর নিরালা সবুজবাগ এলাকায় রয়েছে কয়েকটি গরুর খামার। ঐ সব খামারে বর্তমানে গড়ে উঠেছে ছোটখাটো হাট। খামার মালিকরা জেলার গ্রামাঞ্চল ঘুরে সংগ্রহ করছেন বিভিন্ন প্রকারের পশু। ইতিমধ্যে সংগ্রহকৃত অনেক গরু বিক্রিও হয়ে গেছে।

ঢাকা এবং চট্টগ্রাম থেকে ক্রেতারা এসে খামার থেকে আগেভাহেই গরু কিনে নিয়ে যাচ্ছেন। নিরালা সবুজবাগের জমজম অ্যাগ্রোর ম্যানেজার মো. ইকরাম হোসেন বলেন, ‘এবার কোরবানিযোগ্য ২২টি গরুর মধ্যে ২০টি গরু বিক্রি হয়ে গেছে। ঢাকা ও চট্টগামের ক্রেতারা গরুগুলো কিনে নিয়ে গেছেন।’ নগরীর নিরালা সবুজবাগের একটি ফার্মে সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা শামসুল আলমের সঙ্গে কথা হয়।

তিনি বলেন, ‘হাটে ঘোরাঘুরির চেয়ে খামার থেকে গরু কেনা ভালো। তবে খামারিরা গতবারের চেয়ে এবার চড়া দাম চাইছেন। খামারগুলো ঘুরে দেখে পছন্দমতো গরু দেখেই কিনব।’

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৬, ২০২২ ৫:৩০ অপরাহ্ন
প্রাণিসম্পদ খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি আন্তরিকভাবে গ্রহণ করবে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,
প্রাণিসম্পদ খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ও অন্যান্য প্রক্রিয়া সরকার আন্তরিকভাবে গ্রহণ করবে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদে প্রযুক্তির সাথে সাধারণ জনগণকে অভ্যস্ত করতে ও সচেতনতা সৃষ্টিতে বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের জনসাধারণ প্রাণিসম্পদ খাতে যেকোন প্রযুক্তিগত উন্নয়নকে সাদরে গ্রহণ করবে এবং সে প্রযুক্তি তারা ব্যবহার করবে।

রবিবার (২৬ জুন) রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্লিন অ্যান্ড এনার্জি ইফিসিয়েন্ট কুলিং ফর লাইভস্টক সাপ্লাই চেইন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি খাতে আমূল পরিবর্তন ঘটছে। বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বৈপ্লবিক পরিবর্তন সারাবিশ্বের বিশেষ নজরে এসেছে। প্রতিবেশী দেশসহ বিশ্বের অনেক দেশের সাথে তুলনামূলক বিচারে এ খাতে আমাদের অর্জন অসাধারণ। এ কারণে বিশ্বব্যাংকসহ অনেক আন্তর্জাতিক সংস্থা এ খাতে সহযোগিতা সম্প্রসারণ করছে। দেশীয় বিশেষজ্ঞদের আন্তরিক প্রচেষ্টায় ও সাধারণ মানুষের অবদানে ইতোমধ্যে এ খাতের বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছে। এখন বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলা হয় উন্নয়নের জাদুকর। এখন‌ শুধু উন্নয়ন নয় বরং টেকসই উন্নয়ন প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের ব্যাপক ক্ষয়-ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নই। আমাদের দিক থেকে কোন ত্রুটি না থাকলেও আমরা জলবায়ু পরিবর্তনের ভোগান্তির শিকার।

এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত দেশসমূহের পুনর্বাসন ও সহায়তার সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছেন।

মন্ত্রী আরও যোগ করেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বর্তমান সরকার এবং দেশের কারিগরি বিশেষজ্ঞগণের নিরলস প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতায় পোল্ট্রি ও ডেইরি উন্নয়ন বোর্ড গঠনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ গঠন ও এ সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়টি প্রক্রিয়াধীন। এ খাতের সত্যিকার উন্নয়নে প্রয়োজনীয় সবধরণের চাহিদা সরকার পূরণ করবে।

বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে উল্লেখ করে মন্ত্রী এ সময় আরও বলেন, বিশ্বের সবার কল্যাণ সমন্বিতভাবে নিশ্চিত করতে হবে। একটি দেশ উন্নত করে অপর একটি দেশকে অনুন্নত রেখে কোনভাবেই ধরিত্রীর সব মানুষের সমৃদ্ধি আনয়ন সম্ভব নয়।

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিজ্ঞানীরা তাদের গবেষণা ও অন্যান্য খাতে অসাধারণ সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। উন্নয়নের প্রক্রিয়া সীমিত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে প্রান্তিক পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে চাই। প্রান্তিক পর্যায়ে প্রযুক্তি ছড়িয়ে দিতে না পারলে সেটা কোন কাজে আসবে না। সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের পরামর্শক সিদ্দিকা ভূঁইয়া মিশু। বাংলাদেশের ডেইরি খাতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রধান কারিগরি সমন্বয়ক ড. মো. গোলাম রব্বানী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বিশ্বব্যাংকের সিনিয়র এগ্রিকালচার ইকোনমিস্ট ক্রিশ্চিয়ান বার্জার, মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৬, ২০২২ ৪:১৫ অপরাহ্ন
গরু পালনে খামারের বর্জ্য ব্যবস্থাপনায় যা করবেন
প্রাণিসম্পদ

আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপকহারে গরু পালন করা হয়ে থাকে। গরু পালনের মাধ্যমে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। একটি খামার মানসম্মত ভাবে, সঠিক উপায়ে, লাভজনক ভাবে এবং সফলতার সঙ্গে পরিচালনা করার নামই খামার ব্যাবস্থাপনা। গরু পালনে লাভবান হওয়ার জন্য যথাযতভাবে খামার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।

খামারের জন্য স্থান নির্বাচনঃ
আমরা পরিবার ভিত্তিক ক্ষুদ্র খামার স্থাপনের জন্য আমাদের বাড়ির অ-ব্যবহারিত স্থান বেছে নিতে পারি। এ স্থানটি সাধারনতঃ বাড়ীর পুর্ব অথ বা পশ্চিম দিকে হলে ভাল হয়। সর্ব মোট ১০ টি গরুর জন্য ৩০০ বর্গ ফুট জায়গার প্রয়োজন। গরুর ঘর থেকে ২০/২৫ ফুট দূরে একটি ছোট ডোবা থাকবে যাতে সেখানে গরুর মল-মূত্র ফেলা যায়। এ ছাড়া মল মুত্র থেকে জৈব সার ও বায়ো গ্যাস উৎপাদনের জন্য বায়ো গ্যাস প্লান্ট স্থাপন করে লাভজনক ভাবে খামারের বর্জ ব্যবস্থাপনা করা যায়।

গরুর শেড নির্মানঃ
একটি পুর্ন বয়স্ক গরুর জন্য সর্ব সাকুল্যে ২৮-৩০ বর্গ ফুট জায়গার প্রয়োজন হয়। এ হিসেবেই প্রয়োজনীয় সংখ্যক গরুর জন্য শেড নির্মান করতে হবে। গরুর শেড পূর্ব – পশ্চিমে লম্বা হলে ভাল হয়। শেডের ফ্লোর, খাবার পাত্র, পানিরপাত্র ইত্যাদি পাকা হওয়া প্রয়োজন। উপরে টিন অথবা ছনের ছাউনি দেওয়া যেতে পারে। শেডের নিকটস্থ গাছ ও ডালপালা কেটে ফেলে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। শেডে পানীয় জলের সরবরাহ ও পয়ঃনিস্কাশনের ব্যাবস্থা থাকতে হবে। খামারের চারপাশে উচু মজবুত বেষ্টনী তৈরী করতে হবে যাতে চোরের হাত থেকে খামারের গরু ও অন্যান্য মূল্যবান জিনিষ-পত্র রক্ষা করা যায়।

খামারের বর্জ্য ব্যবস্থাপনাঃ
গোবর গবাদি পশু থেকে পাওয়া একটি অর্থকরী সম্পদ। গোবর থেকে আমরা বায়ো গ্যাস ও জৈব সার উৎপাদন করতে পারি যা থেকে জ্বালানী ও ফসলি জমির উৎকৃ্ষ্ট সারের চাহিদা পুরন করা সম্ভব। এ ছাড়া , মাছের জলজ খাদ্য উৎপাদনে পুকুরে গোবর ব্যবহার করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৬, ২০২২ ৯:৪৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু
কৃষি বিভাগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গরুর ল্যাম্পি স্কিন রোগ দেখা দেওয়ায় কৃষক ও খামারিদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে; তবে এখন পর্যন্ত কোনো পশু মারা যায়নি।

উপজেলার ছোট চামতারা গ্রামের ইয়ামিন মোল্লার দুটি, পোতাজিয়া গ্রামের ফরহাদ হোসেনের পাঁচটি, গোলাম মোর্শেদ ও মানিক ব্যাপারীর একটি করে গরু আক্রান্ত হওয়ার কথা ভুক্তভোগীরা জানিয়েছেন।

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “গত তিন বছর ধরে গরুর ল্যাম্পি স্কিন রোগটি দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে এটি বেশি হয়। সাত থেকে আট দিনের চিকিৎসায় আক্রান্ত গরু সুস্থ হয়ে উঠে।”

“উপজেলায় দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত গরুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি ছোঁয়াছে রোগ না হওয়ায় দুশ্চিন্তার কিছু নেই। আশা করছি, কোরবানির জন্য প্রস্তুত করা গরুতে এর কোনো প্রভাব পড়বে না।”

পোতাজিয়া গ্রামের পশু চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, “এক সপ্তাহে পোতাজিয়া ও আশপাশের গ্রামের অন্তত দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় অর্ধেক ভালো হয়েছে। বাকিগুলোর চিকিৎসা চলছে। তবে এ রোগে আক্রান্ত হয়ে কোনো গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।” এ রোগে আক্রান্ত গরুর শরীর স্থানে স্থানে ফুলে যায় বলে জানান খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলায় প্রায় সাত হাজার খামারে প্রায় দুই লাখ ৮০ হাজার গরু রয়েছে। এ বছর খামারি ও প্রান্তিক কৃষকেরা কোরবানির জন্য ৭০ হাজারের বেশি গরু, ছাগল ও ভেড়া প্রস্তুত করেছেন। এর মধ্যে গরুর সংখ্যা ৩৬ হাজার ৪৬১টি এবং ছাগল ও ভেড়া রয়েছে ২৪ হাজার ২৮০টি।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৫, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ন
খামারে পালিত গরুর প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের
প্রাণিসম্পদ

কোরবানির গরু হাটের চেয়ে খামারে কিনতে ক্রেতাদের আগ্রহ বেশি। ফলে নীলফামারী জেলার কোন হাটই এখনো জমে উঠেনি। ক্রেতারা ঝক্কি ঝামেলা এড়াতে খামারের গরু কিনতে ঝুঁকছেন। জেলার প্রতিটি খামারে কোরবানির গরু দরদামে ও ওজনে বিক্রি হচ্ছে। ফলে খামারে জমে উঠেছে কেনাবেচা।

শহরের বাঁশবাড়ি এলাকার শাহনওয়াজ জানান, যেহেতু খামারটি বাড়ির পাশে তাই গরু কেনার পর কোরবানি ও বর্জ্য অপসারণ সব কাজই করে দেবেন খামার কর্তৃপক্ষ। এছাড়া গরুর সুস্থতার জন্য প্রাণিসম্পদ বিভাগ সনদপত্রও দিচ্ছেন। জেলার সৈয়দপুরের বাঁশবাড়ি এলাকার শহীদ আব্দুল কুদ্দুস লেনে গড়ে উঠেছে মেসার্স ইউসুফ হৃষ্টপুষ্ট ও ডেইরি ফার্মটি।

এখানে প্রায় ৩০০ গরুকে প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। কৃত্রিম কোনো খাবার দেওয়া হয়নি। ফলে এই খামারের গরু প্রতিবছরই কোরবানি দাতাদের কাছে চাহিদার শীর্ষে থাকে। খামারের গরু দেখাশুনার জন্য ৮ জন শ্রমিক সার্বক্ষণিক কাজ করছেন। শ্রমিকরা জানান, গরুর খাবার হিসেবে চোকর, জাউ ভাত, ঘাস, মসুর ডাল, খেসারি ডাল, বুটের খোসা, আলু সিদ্ধ দেওয়া হয়। ফলে হৃষ্টপুষ্ট থাকছে গরুগুলো।

খামারের মালিক জামিল আশরাফ মিন্টু জানান, মূলত সাড়ে ৬০০ টাকা কেজি হিসাবে দাম ধরে গরুর ওজনে মূল্য ধরা হয়। এছাড়া বিয়ে, উৎসবের জন্য খামার থেকে সরবরাহ করা হয়।

তিনি জানান, খামারে ৪০ হাজার থেকে ৩ লাখ টাকা দামের গরু রয়েছে। ২০১২ সালে খামারটি গড়ে তোলেন তিনি। নীলফামারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনাক্কা আলী বলেন, মেসার্স ইউসুফ হৃষ্টপুষ্ট ও ডেইরি ফার্মটি পরিবেশ বান্ধব। এটি নীলফামারী জেলার সবচেয়ে বড় খামার ও ডেইরি ফার্ম। প্রাকৃতিক পরিবেশে গরু লালন-পালনের বিষয়টি অনেকের কাছে অনুকরণীয় হতে পারে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন মেসার্স ইউসুফ হৃষ্টপুষ্ট খামার ও ডেইরি ফার্মের প্রশংসা করে বলেন, চাকরি নামে সোনার হরিণের পেছনে না ছুটে শিক্ষিত বেকারদের এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। তিনি খামারটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এছাড়া জেলার বেশকিছু খামার পুরো গরু ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। যাদের হাটবাজার অভ্যাস নেই কিংবা প্রায় ঠকে থাকেন তারা মূলত ওজন দরে গরু কিনে খামারেই রাখছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৫, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ন
১টি গরু দিয়ে শুরু করে ১৭ বছরে কোটিপতি হলেন আজিজ
প্রাণিসম্পদ

আজিজ ২০০২ সালে শংকর জাতের মাত্র ১টি গরু দিয়ে যাত্রা শুরু করেন। ১৭ বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছেন নীলফামারী জেলার মোহাম্মদ শাহিদ আজিজ। বর্তমানে তার খামারে ৪০টি গাভি, ১৫টি বকনা, ৫টি ষাঁড় ও ১৫টি বাছুর রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

জানা যায়, বর্তমানে তার খামারে ১৫টি দুধের গাভি রয়েছে। এসব গাভি থেকে প্রতিদিন ১৫০-২০০ লিটার পর্যন্ত দুধ পেয়ে থাকেন। স্থানীয় বাজারে নিজস্ব একটি মিষ্টির দোকান রয়েছে। সেখানকার চাহিদা মিটিয়ে প্রতিদিন বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানিকে দুধ সরবরাহ করে থাকেন।

আজিজের ডেইরি খামারের পাশাপাশি রয়েছে ছোট একটি ছাগলের খামার। যেখানে দেশি ও উন্নত জাতের প্রায় ১৭টি ছাগল রয়েছে। টেলিভিশনে দেখে উৎসাহিত হয়ে স্থাপন করেছেন তিনটি বায়োগ্যাস প্লান্ট। বায়োগ্যাস প্লান্ট স্থাপন করার আগে গরুর গোবর তেমন কাজে আসত না। বর্তমানে গোবর থেকেও আয় হচ্ছে তার। একটি নিজে ব্যবহার করছেন আর দুটি ভাড়া দিচ্ছেন।

একটি চুলা থেকে ভাড়া বাবদ আয় হচ্ছে ৩ হাজার টাকা। অর্থাৎ মাসে ৬ হাজার টাকা অতিরিক্ত লাভ করছেন। নিজের কর্মসংস্থান করার পাশাপাশি এখানে কাজ করছেন ৪ জন শ্রমিক। তাদের ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বেতন দিচ্ছেন। শ্রমিকরা জানান, এখানে কাজ করতে পেরে তারা অনেক খুশি।

মোহাম্মদ শাহিদ আজিজ জানান, প্রত্যেক মাসে খরচ বাদ দিয়ে ৫০-৬০ হাজার টাকা আয় হয়ে থাকে। গরুর খাদ্যের দাম ও দুধের বাজার ওঠা-নামার সাথে আয়ও ওঠা-নামা করে থাকে। তিনি আরও জানান, তার খামারের সফলতার পেছনে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার সহযোগিতা রয়েছে।

খামার করার পর থেকে আজ পর্যন্ত বড় ধরনের তেমন কোন সমস্যা হয়নি। তিনি মনে করেন, বাংলাদেশে বেকারত্ব দূর করতে হাতিয়ার হতে পারে গরুর খামার। সরকারের সহযোগিতা আরও বাড়লে এ খাতে ২০ শতাংশ বেকারত্ব দূর করা সম্ভব।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৪, ২০২২ ৫:০৬ অপরাহ্ন
লক্ষাধিক গরু ছাগল নিয়ে পানিবন্দী,দিশেহারা খামারিরা!
প্রাণিসম্পদ

দুই বছর আগে কাশিরপাড়া চর যমুনার ভাঙনে বিলীন হলে নদীতীর থেকে এক কিলোমিটার দূরে টিনের বেড়ার ঘর তুলে বসবাস শুরু করেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের দুর্গম কাশিরপাড়া চরে বসবাস কৃষক মোনাহার ব্যাপারীর (৬০)।

চরে চাষাবাদের পাশাপাশি বসতবাড়িতে আছে গরুর ছোট খামার। খামারে সব মিলিয়ে গরুর সংখ্যা ৯টি।

গত শনিবার যমুনা নদীর ঢলে প্লাবিত হয় মোনাহার ব্যাপারীর বসতঘর। ঘরের উঠানে থই থই পানির স্রোত। চাল-ডাল, কাঁথা-বালিশ সঙ্গে করে স্ত্রী-সন্তান নিয়ে ঠাঁই নিয়েছেন নৌকায়। গোয়ালে বুকসমান পানি। বাঁশের উঁচু মাচা তৈরি করে খোলা আকাশের নিচে কয়েক দিন গরু বেঁধে রেখে নির্ঘুম রাত কাটান তিনি।

যমুনার ঢলের সঙ্গে লড়াই করে কুলাতে না পেরে গতকাল বুধবার সহায়–সম্বল নিয়ে ওঠেন পাকুল্যা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।

মোনাহার জানান, ‘চার দিন থ্যাকে যমুনার জলে ভাসিচ্চিম লৌকাত রাত কাটাচ্চি। বসতঘর-গোয়ালঘরত বুকসমান পানি। গরু বান্ধিবার অ্যাকনা জায়গা নাই। দুই বিঘা জমিনত ঘাস আবাদ করচিনু, বানত শ্যাষ। খড় নাই, ভুসি নাই। লিজেরাই খাবার পাচ্চি না, গরুক খাওয়ামু কী? কয়ডা দিন পর কোরবানির হাট বসলে এই গরু ব্যাচমো।’

শুধু মোনাহার ব্যাপারী নয়, যমুনা নদীর ঢলে দুর্গম চরে বসতঘরের সঙ্গে কৃষকের গোয়ালও প্লাবিত হওয়ায় গরু-ছাগল নিয়ে দিশাহারা অবস্থা হাজারো খামারির।

সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্গত এলাকায় ৫০ হাজার গরু ও ৬০ হাজার ছাগল নিয়ে বিপাকে আছেন খামারি ও চাষিরা। যমুনার ঢলের পানিতে ১১৫ একর ঘাস তলিয়ে গেছে।

খাটিয়ামারি চরের খামারি দলিলুর রহমান গত মঙ্গলবার ৯টি গরু নৌকায় তুলে আশ্রয়ের খোঁজে যাচ্ছিলেন যমুনা নদীর চাড়ালকান্দি ঘাটে।

আগেই সহায়–সম্বলসহ পরিবারের সদস্যরা বাঁধে আশ্রয় নিয়েছেন। দলিলুর রহমান বলেন, চার দিন ধরে বসতঘরে কোমরপানি। গোয়াল ভাসছে যমুনার ঢলে। বানের ঢলে ভেসে গেছে খড়, ডুবে গেছে ঘাসের জমি। উঁচু মাচায় তিন দিন ধরে বেঁধে রাখলেও অনাহারে ছটফট করছে গোয়ালের গরু। বাধ্য হয়ে নৌকায় গরু তুলে আশ্রয়ের খোঁজে যাচ্ছেন।

উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, যমুনার ঢল ও নদীভাঙনে তাঁর ইউনিয়নে ২৫০টি আশ্রয়হারা পরিবারের ৩ হাজার মানুষ এখন খুব কষ্টে আছে। ঘরহারা মানুষের নিজেদেরই মাথা গোঁজার ঠাঁই নেই। গোয়ালের গরু-ছাগল নিয়ে দিশাহারা অবস্থা তাঁদের।

 

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৪, ২০২২ ৫:২৪ পূর্বাহ্ন
গরু সুস্থ রাখার উপায়
প্রাণিসম্পদ

গরু পালন লাভজনক হওয়ায় অনেকেই এখন গরুর খামার গড়ে তুলছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপকহারে গরু পালন করা হচ্ছে। তবে গরুর খামার করে অনেকেই লোকসানে পড়ছেন। এর প্রধান কারণ হল গরুর নানা জটিল রোগে আক্রান্ত হওয়া। খামারের গরুকে সুস্থ রাখতে যেসব কাজ করতে হবে সেগুলো খামারিদের অবশ্যই জেনে খামার পরিচালনা করতে হবে।

খামারের গরুকে সুস্থ রাখতে যেসব কাজ করতে হবে: খামারের গরুগুলোকে প্রতিদিন নির্দিষ্ট হারে সুষম খাদ্য প্রদান করতে হবে। নিয়মিত গরুগুলোকে সুষম খাদ্য প্রদান করলে গরুগুলো দ্রুত বৃদ্ধি পাবে ও রোগের দ্বারা কম আক্রান্ত হবে। খামারের প্রত্যেকটি গরুর জন্য আলাদাভাবে খাদ্য প্রদানের ব্যবস্থা রাখতে হবে এবং একটি নির্দিষ্ট সময় পর পর খাদ্য প্রদান করতে হবে। খামারের গরুগুলোকে সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য খামারের চারপাশের খোলামেলা পরিবেশের ব্যবস্থা রাখতে হবে। বাইরের বাতাস ও আলো যাতে ভালোভাবে চলাচল করতে পারে সেদিকেও বিশেষ নজর দিতে হবে। আলো ও বাতাসের ব্যবস্থা রাখলে গরু সুস্থ থাকবে ও রোগের দ্বারা কম আক্রান্ত হবে।

গরুগুলোকে নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা করাতে হবে। কোন গরু অসুস্থ হয়ে গেলে রোগের ধরণ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।পালন করা গরুগুলোকে একটি নির্দিষ্ট সময় পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। গরুকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়ালে গরুর শরীর সুস্থ থাকে ও গরু স্বাস্থ্যবান হয়।

খামারের গরুগুলোকে বাইরে বের করে খামার ভালোকরে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে জীবাণুনাশক ছিটিয়ে দিয়ে জীবাণু ধ্বংস করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোন ভাবেই খামার পরিষ্কার করার পানি যাতে জমে না থাকে।

খামারের গরুগুলোকে নিয়মিত গোসল করানোর ব্যবস্থা করতে হবে। নিয়মিত গরুগুলোকে গোসল করালে গরুর শরীর পরিষ্কার থাকে ও রোগ-জীবাণুর আক্রমণ কম হয়। এছাড়াও নিয়মিত গোসল করালে গরুর ত্বক মসৃণ ও চকচকে থাকে।খামারে কোনভাবেই যাতে বাইরের কোন ব্যক্তি না প্রাণী অবাধে প্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যদি প্রবেশ করাতেই হয় তাহলে প্রবেশের আগে জীবাণুমুক্ত করাতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৩, ২০২২ ৪:৫১ অপরাহ্ন
কোরবানি উদযাপনে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে পূর্ণ প্রস্তুতি : প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

কোরবানি উদযাপনে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভায় মন্ত্রী এ কথা জানান।

এসময় তিনি বলেন, অন্যান্য বছরের মত এবারও কোরবানির পশুর চাহিদা নিরুপন করা হয়েছে। কোরবানির চাহিদার চেয়ে অতিরিক্ত পশু প্রস্তুত আছে। এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ৩৮৯টি। ফলে কোরবানির জন্য কোনরকম সংশয়, সংকট বা আশঙ্কার কারণ নেই।

কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। রোগগ্রস্ত পশু হাটে বিক্রি করতে দেওয়া হবে না। ক্রেতা-বিক্রেতা কেউ হয়রানির শিকার হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োগ করা হবে। আমরা সুন্দরভাবে আসন্ন ঈদ-উল-আযহা উদযাপন করতে চাই।

মন্ত্রী আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদ-উল-আযহা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে এবং পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে উদযাপন করা যায় সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য দপ্তর-সংস্থা কাজ করছে।

কোরবানির পশুর জন্য অতীতে পরমুখাপেক্ষী হয়ে থাকতে হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমাদের প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা সম্মিলিতভাবে কাজ করায় প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ খাতে আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখন মাংসে আমাদের স্বয়ংসম্পূর্ণতা এসেছে।

মন্ত্রী আরও বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও কোন খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোন খামারি তার পশু দূরবর্তী হাটে নিতে চাইলে, রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, স্থানীয় সরকারের ইউনিট তথা পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এ বিষয়টি নিশ্চিত করবে। হাটে আনার পথে কেউ প্রাণী বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবে না। এটা আমরা নিশ্চিত করতে চাই। নগদ টাকা বহণ না করে বিকল্প উপায়ে স্মার্ট পদ্ধতিতে খামারিরা যাতে আর্থিক লেনদেন করতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, গতবছর অনলাইন প্লাটফর্মে প্রচুর গবাদিপশু বিক্রি হয়েছিল। এ বছরও এই পদ্ধতি অব্যাহত থাকবে, যা ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুখকর অবস্থা তৈরি করবে। অনলাইনে ক্রয়কৃত গরু পছন্দ না হলে টাকা ফেরত নেয়ার ব্যবস্থাও এবছর সংযোজন করা হচ্ছে। যাতে ক্রেতারা কোনভাবেই প্রতারিত না হয়।

তিনি আরও বলেন, লাভের আশায় কোরবানির অনুপযুক্ত পশু বা রোগগ্রস্ত পশু যাতে কেউ বিক্রির চেষ্টা না করে। এ বিষয়টি সকলকে তাগিদ দিতে হবে। প্রতিটি নির্ধারিত কোরবানির পশুর হাটে ভেটেরিনারি সার্জন থাকবে। গবাদিপশু কোরবানির উপযোগী কিনা বা তাদের শরীরে দূষিত পদার্থ প্রবেশ করানো হয়েছে কিনা তারা সেটা পরীক্ষা-নিরীক্ষা করবে।

মন্ত্রী আরও যোগ করেন, মহাসড়কে বা যেখানে হাট বসালে যান চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু যাতে না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। সড়কে বা সেতুতে কোরবানির পশু পরিবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া হবে, যাতে রাস্তায় পশু আটকে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়। এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। অধিদপ্তরের হটলাইন ১৬৩৫৮ চালু থাকবে। পশু পরিবহনে খামারিদের সমস্যা সমাধানে এ নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে। পশু কোরবানির ক্ষেত্রে কোন রকম সমস্যা যাতে না হয়, সেজন্য সবধরনের পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও বলেন, সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে গবাদিপশু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে গবাদিপশুর খাবার সরবরাহ করা হচ্ছে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার বিষয়টিও চিন্তা-ভাবনা করা হচ্ছে। কোরবানির সময় যাতে ঐই অঞ্চলে দেশের অন্য অঞ্চল থেকে পশু যেতে পারে সে ব্যবস্থা নেয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলম, বিভাগীয় কমিশনারগণ, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক মো. শেফাউল করিম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop