৮:০৭ অপরাহ্ন

শনিবার, ২৭ জুন , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মার্চ ১৬, ২০২২ ৯:১৪ অপরাহ্ন
কোল্ড স্টোরেজ নির্মাণে সহায়তা করবে মার্কিন কৃষি বিভাগ
কৃষি বিভাগ

কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ও ইরাকের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। সমঝোতা স্মারকের জন্য শীঘ্রই একটি খসড়া প্রণয়ন করা হবে। এছাড়া, বাংলাদেশ থেকে আম, সবজি ও আলু নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুসসালাম সাদ্দাম মুহাইসেন (Abdussalam Saddam Mohaisen)।

আজ বুধবার সকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির সাথে বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুসসালাম সাদ্দাম মুহাইসেন এ আগ্রহের কথা জানান। এছাড়া, তিনি বাংলাদেশের কৃষি উন্নয়ন সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এসময় কৃষিসচিব মো: সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সাথে ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও বাড়ান যায়- তা নিয়ে আলোচনা হয়েছে। ইরাক ভারত ও তুরস্ক থেকে কৃষিপণ্য আমদানি করে। ইরাকের অর্থনৈতিক অবস্থা এখন ভাল। তারা কৃষিখাতে সহযোগিতা করার জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশ থেকে সবজি, আম, আলু নিতে চায়। আমরা আলু রপ্তানি করতে পারবো।

পরে কৃষিমন্ত্রীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে মেগান ফ্রান্সিসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (USDA) একটি প্রতিনিধিদল বৈঠক করে। এসময় কোল্ড স্টোরেজ নির্মাণে বাংলাদেশকে মার্কিন কৃষি বিভাগ কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে বলে প্রতিনিধিদল জানায়। এছাড়া, তারা বাংলাদেশে কৃষিপণ্য পরিবহণ ও কোল্ড চেইনের জন্য রেফ্রিজারেটেড ভেহিকল প্রদান করবে বলেও জানান হয়।

এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ও ভ্যালু অ্যাড করতে বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করেছি। পূর্বাচলে দুই একর জমিতে বিশ্বমানের প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একজন কনসালটেন্টকে নিয়োগ করা হয়েছে। এই প্যাকিং হাউজ নির্মাণ ও অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনে মার্কিন কৃষি বিভাগ আমাদেরকে সহযোগিতা করতে পারে।

উল্লেখ্য, মার্কিন কৃষি বিভাগ ২৭ মিলিয়ন ডলারের ‘বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্ট’ বাস্তবায়ন করছে। ২০২১-২৫ মেয়াদে চার বছরব্যাপী এ প্রকল্প মূলত বাংলাদেশের কৃষিপণ্যের গুণগতমান ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৫, ২০২২ ৩:৩৩ অপরাহ্ন
ঝালকাঠি সদরে মৃত্তিকা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কৃষি বিভাগ

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদরে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহি, এসএসও কাজী মো. আমিনুল ইসলাম, বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান এজেডএম মঈন উদ্দিন পলাশ প্রমুখ।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন বলেন, কৃষি হচ্ছে সর্বোত্তম পেশা। তাই কৃষিকে লাভজনক করতে আধুনিক পদ্ধতি অনুসরণ করা দরকার। এর অংশ হিসেবে মাটি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অতি মাত্রায় সার প্রয়োগ করলে রোগ-পোকার তীব্রতা বাড়ে। সে জন্য জমিতে সুষমভাবে সার প্রয়োগ জরুরি। আর তা করার আগে মাটি পরীক্ষা করে নিতে হবে। এর মাধ্যমে মাটির গুণাগুণ বজায় থাকে। তাই ফসলের উৎপাদন আশানুরূপ হয়।

মৃত্তিকা গবেষণাগার ও গবেষণা সুবিধা জোড়দারকরণ প্রকল্পের আওতাধীন ৪৫ জন কৃষক-কৃষি উদ্যোক্তা, সার ব্যবসায়ী ও মাঠ কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৪, ২০২২ ৫:২৫ অপরাহ্ন
ঝালকাঠিতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত
কৃষি বিভাগ

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএইর উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. অলিউল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেন, পটুয়াখালীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ঝালকাঠি সদরের উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালকদার, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, ব্র্যাকের জেলা সমন¦য়ক মো. মোতাহার হোসেন প্রমুখ।

ডিএইর উপপরিচালক মো. মনিরুল ইসলাম জানান, খরিফ মৌসুমে ঝালকাঠিতে এবার ১৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১৩ হাজার ২শ’ হেক্টর। অন্যান্য ফসলের মধ্যে শাকসবজি ৩ হাজার ৬শ’ হেক্টর, মরিচ ১২ হেক্টর, হলুদ ৭০ হেক্টর, পান ১ শ’ ৮০ হেক্টর, কলা ৮ শ’ হেক্টর এবং পাটশাকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ শ’ হেক্টর প্রায়।

সভায় খরিফ মৌসুমে চাষযোগ্য বিভিন্ন ফসলের কর্মপরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে একই স্থানে জেলার মাসিক সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৪, ২০২২ ১:৩০ অপরাহ্ন
আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠায় এফএও’র ডিজিকে প্রধানমন্ত্রীর প্রস্তাব
কৃষি বিভাগ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটি প্রতিষ্ঠা করা হলে শতবর্ষে যে কোনও প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।

এফএও’র মহাপরিচালক (ডিজি) কু ডংইউ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। সে সময় তিনি এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে উদাহরণ হিসাবে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি এফএও’র ডিজিকে একটি ডিজিটালাইজেশন এবং উদ্ভাবনের প্রকল্প গ্রহণের জন্য সমন্বিত তহবিল গঠনের পরামর্শ দিয়ে বলেন, এ বিষয়ে বাংলাদেশ অবদান রাখতে প্রস্তুত রয়েছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী চাষের উপযোগী পর্যাপ্ত জমি না থাকায় সিভিএফ (ক্লাইমেট ভালনারেবল ফোরাম) দেশগুলো, বিশেষ করে এসআইডিএস (ছোট দ্বীপ উন্নয়ন রাজ্য) অর্জনের ক্ষেত্রে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এফএও মহাপরিচালক এ বছর ইতালির রোমে ৩-৭ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশ্ব খাদ্য ফোরামে প্ল্যানারি স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এফএও মহাপরিচালক বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন প্রচেষ্টায় তার সংস্থার অবিরাম সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও শক্তিশালী, উদ্ভাবনী এবং ডিজিটাল পদ্ধতির সাথে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৪, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাটে “নিরাপদ ফসল উৎপাদন” প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ

সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩ নং দিঘির পার পূর্ব ইউনিয়নের খুলুর মাটি গ্রাম মাঠে “নিরাপদ ফসল উৎপাদন” প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৩ মার্চ (রোববার) বিকাল ৩ ঘটিকার সময় ২০২১-২২ অর্থ বছরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুল(এফ এফ এস) মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃআবুল হারিছ এর সঞ্চালনায় এবং প্রবীন সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সুবহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃএমদাদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন  উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃনজরুল ইসলাম, আজাদ মিয়া,কৃষক প্রতিনিধি আলি হোসেন,আবুল কালাম, আব্দুল্লাহ এবং উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে সনদপত্র ও সম্মানি ভাতা বিতরণ করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৩, ২০২২ ১:২৯ অপরাহ্ন
নীলফামারীতে সুপার ফুড চিয়া ও কিনোয়ার চাষ শুরু
কৃষি বিভাগ

উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ ও সারাবিশ্বে সুপার ফুড হিসেবে পরিচিত চিয়া ও কিনোয়ার চাষ শুরু হয়েছে নীলফামারীতে। ওষুধি ও পুষ্টিগুণে ভরপুর এই দানাশস্য পুষ্টিহীনতা রোধে তৈরি করেছে নতুন সম্ভাবনা।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের কৃষক শাহাজান আলী চিয়া সিড ও কিনোয়া চাষ শুরু করেছেন। দানাদার এ ফসল মানবদেহে বিভিন্ন রোগের কার্যকরী মহৌষধ হিসেবে কাজ করে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চিয়া চাষে উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কিনোয়া একটি অত্যন্ত উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার। এক কাপ কিনোয়ায় ৮ থেকে ১০ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। এছাড়াও কিনোয়া হচ্ছে একমাত্র উদ্ভিজ্জ প্রোটিন উৎস, যাতে ৯ ধরনের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকায় নাসার মহাকাশচারীরা এটি খেয়ে থাকেন। গ্লাইসেন ইনডেক্স কম থাকায় ডায়াবেটিসের রোগীদের জন্যও এটি বেশ উপকারী।

কৃষক শাহাজান আলী জানান, পরীক্ষামূলকভাবে ২০ শতাংশ জমিতে চিয়া ও কিনোয়ার চাষ করেছি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এর চাষ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। রোগবালাই না থাকায় ও পরিচর্যা কম লাগায় ২০ শতাংশ জমিতে খরচ হয়েছে তিন হাজার টাকা। জমিতে ফলন হবে ৪০ থেকে ৫০ কেজি। ৬শ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, ফসল দুটি উদ্ভাবনের পর যে চার-পাঁচটি উপজেলায় আবাদ হচ্ছে, তার মধ্যে কিশোরগঞ্জ একটি। চিয়া সাধারণত একটি তিল ও রাই সরিষার শস্যদানার মতো। ফসলটি দেশীয় পদ্ধতিতে সারিবদ্ধ কিংবা বীজ ছিটিয়ে চাষাবাদ করা যায়। অক্টোবর মাসে বীজ রোপণ করতে হয়। গম বা সরিষার মতো মাড়াই করে চালুনি, মশারির কাপড়, কুলা দিয়ে সহজে পরিষ্কার করা যায়।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, পুষ্টিপরিপূরক আর অধিক মানসম্পন্ন হওয়ায় বহির্বিশ্বের সুপার ফুড দুটির চাহিদা অনেক বেশি। চিয়া ও কিনোয়া ফসল দুটি আমরা কৃষকদের কাছে ছড়িয়ে দিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যেহেতু এই চাষাবাদ প্রক্রিয়া অনেক সহজ এবং ৩ মাসেই ঘরে তোলা সম্ভব তাই আমরা সামনে যেন এই চাষের পরিধি বৃদ্ধি পায় সে বিষয়ে কাজ করছি।

 

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১২, ২০২২ ১২:৫২ অপরাহ্ন
ভেজাল সার চেনার উপায়
কৃষি বিভাগ

অধিক ফসল উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের চাষ বৃদ্ধি পেয়েছে। ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরি ও বিক্রি করছেন। কৃষকভাইয়েরা একটু সতর্ক হলেই আসল সার ও ভেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন। এখানে কয়েকটি সহজ পরীক্ষার মাধ্যমে আসল বা ভেজাল সার শনাক্ত করার উপায় সম্পর্কে জানানো হলো:

ইউরিয়া সার চেনার উপায়:
আসল ইউরিয়া সারের দানাগুলো সমান হয়। তাই কেনার সময় প্রথমেই দেখে নিতে হবে যে সারের দানাগুলো সমান কিনা। ইউরিয়া সারে কাঁচের গুড়া অথবা লবণ ভেজাল হিসাবে যোগ করা হয়। চা চামচে অল্প পরিমান ইউরিয়া সার নিয়ে তাপ দিলে এক মিনিটের মধ্যে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ তৈরি হয়ে সারটি গলে যাবে। যদি ঝাঁঝালো গন্ধ সহ গলে না যায়, তবে বুঝতে হবে সারটি ভেজাল।

টিএসপি সার চেনার উপায়:
টিএসপি সার পানিতে মিশালে সাথে সাথে গলবে না। আসল টিএসপি সার ৪ থেকে ৫ ঘন্টা পর পানির সাথে মিশবে। কিন্তু ভেজাল টিএসপি সার পানির সাথে মিশালে অল্প কিছুক্ষণের মধ্যেই গলে যাবে বা পানির সাথে মিশে যাবে।

ডিএপি সার চেনার উপায়:
ডিএপি সার চেনার জন্য চামচে অল্প পরিমান ডিএপি সার নিয়ে একটু গরম করলে এক মিনিটের মধ্যে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ হয়ে তা গলে যাবে। যদি না গলে তবে বুঝতে হবে সারটি সম্পূর্ণরুপে ভেজাল। আর যদি আংশিকভাবে গলে যায় তবে বুঝতে হবে সারটি আংশিক পরিমান ভেজাল আছে। এছাড়াও কিছু পরিমান ডিএপি সার হাতের মুঠোয় নিয়ে চুন যোগ করে ডলা দিলে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বের হবে। যদি অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বের না হয় তাহলে বুঝতে হবে সারটি ভেজাল।

এমওপি বা পটাশ সার চেনার উপায়:
পটাশ সারের সাথে ইটের গুড়া ভেজাল হিসাবে মিশিয়ে দেয়া হয়। গ্লাসে পানি নিয়ে তাতে এমওপি বা পটাশ সার মিশালে সার গলে যাবে। তবে ইট বা অন্য কিছু ভেজাল হিসাবে মিশানো থাকলে তা পানিতে গলে না গিয়ে গ্লাসের তলায় পড়ে থাকবে। তলানি দেখে সহজেই বুঝা যাবে সারটি আসল নাকি ভেজাল।

জিংক সালফেট সার চেনার উপায়:
জিংক সালফেট সারে ভেজাল হিসাবে পটাশিয়াম সালফেট মেশানো হয়। জিংক সালফেট সার চেনার জন্য এক চিলতে জিংক সালফেট হাতের তালুতে নিয়ে তার সাথে সমপরিমান পটাশিয়াম সালফেট নিয়ে ঘষলে ঠান্ডা মনে হবে এবং দইয়ের মতো গলে যাবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১১, ২০২২ ৭:৫৯ অপরাহ্ন
পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে ঢাকায় এফএওর ৩৬ তম আঞ্চলিক সম্মেলন সমাপ্ত
কৃষি বিভাগ

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) চার দিনব্যাপী ৩৬ তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন (এপিআরসি) আজ শেষ হয়েছে।

কৃষি মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনে ডিজিটাল হাব স্থাপন, গবেষণার জন্য বিশেষ ফান্ড গঠন, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ুসহনশীল কৃষি, টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং মানুষ, প্রাণি ও পরিবেশের স্বাস্থ্যকে সমান গুরুত্ব ও আন্তনির্ভরশীল হিসেবে বিবেচনা করে ওয়ান হেলথ অ্যাপ্রোচকে অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছে এপিআরসির সদস্য ৪৬টি দেশ।

আজ শুক্রবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম ও খাদ্যসচিব নাজমানারা খানুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশ পরবর্তী দুই বছরের জন্য এপিআরসির সভাপতি নির্বাচিত হয়েছে। পরবর্তী ৩৭তম এপিআরসি সম্মেলন শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা যেরকমটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি প্রভাব পড়ছে। মানবজীবনের সবকিছুকেই এটি প্রভাবিত করবে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি। আর কোভিডের প্রভাবে এ অঞ্চলের কৃষি, খাদ্য ও অর্থনীতিতে প্রভাব ফেলেছে। সারের উৎপাদন কমে গেছে। এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো এ ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। মালদ্বীপ তাদের অস্থিত্ব বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

মন্ত্রী জানান, এ অবস্থায়, জলবায়ুর বিরূপ প্রভাব ও কোভিড মোকাবেলা করে টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে গবেষণার মাধ্যমে ফসলের নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা সম্প্রসারণে একসাথে কাজ করার কথা রিপোর্টে বলা হয়েছে। এখানে এফএও বিরাট ভূমিকা রয়েছে।

কৃষিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য একটি ‘ বিশেষ ফান্ড’ গঠনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন। এ সম্মেলনে এটিকে চূড়ান্ত রিপোর্টের মধ্যে গ্রহণ করা হয়েছে বলে কৃষিমন্ত্রী জানান।

কৃষিমন্ত্রী বলেন, এ সম্মেলনে ডিজিটালাইজড কৃষি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর জন্য এফএওকে একটি ‘ডিজিটাল হাব’ স্থাপনের প্রস্তাব দিয়েছিল, সকল দেশ এটি গ্রহণ করেছে। ডিজিটাল হাবে ৪৬টি দেশের কৃষিপ্রযুক্তি ও উদ্ভাবনী তথ্যসমৃদ্ধ থাকবে, যাতে সকলদেশ উপকৃত হতে পারে। জাপানের উদাহরণ তুলে মন্ত্রী বলেন, জাপান কৃষিতে ড্রোন, রোবট ব্যবহার বা প্রিসিশন কৃষি করছে।

কৃষিমন্ত্রী জানান, মানুষ, প্রাণি ও পরিবেশের স্বাস্থ্য রক্ষায় ‘ ওয়ান হেলথ অ্যাপ্রোচ’ গ্রহণ করা হয়েছে। ওয়ান হেলথ অ্যাপ্রোচে গড়ে তুলতে অগ্রাধিকার চিহ্নিতকরে রিপোর্ট চূড়ান্ত করা হয়। জুনোটিক বা প্রাণি থেকে মানুষে সংক্রমিত রোগের প্রকোপ দিনদিন বেড়ে চলেছে। চলমান কোভিড এর অন্যতম উদাহরণ। এ অবস্থায় এ অঞ্চলে ওয়ান হেলথ অ্যাপ্রোচ গড়ে তুলতে সম্মত হয়েছে দেশগুলো।

ভালো পরিবেশেই শুধু ভালো জীবনযাপন করা সম্ভব উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, এশিয়া প্যাসিফিকে যে খাদ্য যতটা পাওয়া যাচ্ছে সেটা যেন নিরাপদ এবং পুষ্টিকর হয়-সেটা নিশ্চিত করতে সকল দেশ একমত রয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, অত্যন্ত সফলতার সাথে সম্মেলন আয়োজনের জন্য সদস্যদেশসমূহ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। তারা বাংলাদেশের সক্ষমতা দেখে আশ্চর্যান্বিত হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৯, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ন
বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৪’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৪’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার দক্ষিণ ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে এক ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, প্রদর্শনী চাষি মো. গোলাম কবীর প্রমুখ।

প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আমাদের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ১৪ হাজার কোটি টাকার ভোজ্য তেল বিদেশ থেকে আনতে হয়। অথচ অন্যান্য তেলফসলের পাশাপাশি সরিষার আবাদ বাড়িয়ে আমরা এর আমদানি নির্ভরতা অনেকাংশেই কমাতে পারি। আর এ জন্য প্রয়োজন উন্নত জাত ব্যবহার। সেই হিসেবে বিনাসরিষা-৪ বেশ উপযোগি। এর ফলন ভালো। ঝাঁঝ এবং তেলের পরিমাণ বেশি। কিছুটা দেরিতেও চাষ করা যায়। তাই বরিশাল অঞ্চলের জন্য এই জাতটি যথেষ্ট সম্ভবনাময়।

মাঠদিবসে শতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৮, ২০২২ ৪:৩৭ অপরাহ্ন
ঢাকায় জাতিসংঘের এফএওর ৩৬তম আঞ্চলিক সম্মেলন শুরু
কৃষি বিভাগ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আহ্বানে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৩৬ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর কন্টিনেন্টাল হোটেলে ৪দিন ব্যাপী এই সম্মেলন আজ মঙ্গলবার (৮ই মার্চ) শুরু হয়ে আগামী শুক্রবার(১১ই মার্চ) শেষ হবে। এফএওর সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে।

আজ মঙ্গলবার সকালে সচিব পর্যায়ের ও সিনিয়র কর্মকর্তাদের বৈঠকের উদ্বোধন করা হয়। বৈঠকে মালদ্বীপের প্রস্তাবে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব এম ডি সাইদুল ইসলামকে বৈঠক পরিচালনার জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া নেপালকে সভাদূত করা হয়েছে।

এসময় খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, এফএও’র সহকারী মহাপরিচালক জং-জিন কিম, কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরীসহ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে কৃষিসচিব বলেন, মুজিববর্ষে বাংলাদেশে এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন দেশের কৃষি উন্নয়নের সাফল্যে মাইলফলক হয়ে থাকবে। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর কৃষি জলবায়ু পরিবর্তনের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশের কৃষিতেও এর বিরাট প্রভাব পড়বে। এ অবস্থায়, এ সম্মেলন সদস্য দেশসমূহের মধ্যে জ্ঞান, প্রযুক্তি, অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র প্রসারিত করবে ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

সচিব সাইদুল ইসলাম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের দেশের ৪১ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। আমাদের জাতীয় জিডিপির প্রায় ৩০ শতাংশ কৃষি থেকে আসে। এ ছাড়া করোনা সংক্রমণের মাঝেও বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয় স্থান দখল করেছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এফএও’র সহকারী মহাপরিচালক জং-জিন কিম তাঁর বক্তব্যে সম্মেলনে আঞ্চলিক সহযোগিতার জন্য চারটি বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানান। তিনি বলেন, উন্নত উৎপাদন, উন্নত পুষ্টি, উন্নত পরিবেশ ও উন্নত জীবনের জন্য কৃষিখাদ্য ব্যবস্থাকে টেকসই করা, জীববৈচিত্র্য রক্ষা করে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও জলবায়ুসহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হবে।

মন্ত্রিপর্যায়ের মিটিং বা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ১০ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। শেষ দুই দিন (১০-১১ মার্চ) কৃষিমন্ত্রীদের মিটিংয়ের কথা বলা হয়েছে। বুধবার (৯ মার্চ) রাষ্ট্রপতির সঙ্গে এবং আগামী রোববার (১৩ই মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এফএও’-র মহাপরিচালকের সাক্ষাৎ করার কথা রয়েছে।

ভার্চুয়াল এবং সশরীরে আয়োজিত সম্মেলনে ৪২টি দেশ ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১২ জন মন্ত্রী সশরীর অংশগ্রহণ করবেন। এ ছাড়া, সদস্য রাষ্ট্র, এফএও’র মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৯০০ জন নিবন্ধন করেছেন, যা এপিআরসি সম্মেলনে অংশগ্রহণের সর্বোচ্চ রেকর্ড।

মূল অনুষ্ঠানের পাশাপাশি কান্ট্রি শোকেসিং থাকছে। কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের অংশগ্রহণে ১৭টি প্রদর্শনী স্টল রয়েছে।

উল্লেখ্য, এফএওর ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২০ সালে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ২০২২ সালে অনুষ্ঠেয় ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

প্রসঙ্গত, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। বিশ্বব্যাপী ক্ষুধা নিরসনের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। ১৯৭৩ সালে বাংলাদেশ এফএও’র সদস্যভুক্ত হয়। এফএও’র একটি আনুষ্ঠানিক ফোরাম হিসেবে প্রতি দুই বছর পর পর এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়; যেখানে সদস্য দেশসমূহের কৃষিমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ খাদ্য ও কৃষির চ্যালেঞ্জ এবং সমাধান সম্পর্কে আলোচনা করে থাকেন।

 

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop